বিয়ের নিবন্ধিত কাবিননামা একটি আইনগত দলিল। একবার যথাযথভাবে সম্পাদিত ও নিবন্ধিত হওয়ার পর দলিলে লিপিবদ্ধ তথ্য প্রশাসনিক আদেশের মাধ্যমে সংশোধনের কোনো আইনগত সুযোগ নেই।
তবে ‘দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, ১৮৭৭’-এর ৩১ ধারায় প্রতারণা বা পক্ষগুলোর পারস্পরিক ভুলের কারণে কোনো লিখিত দলিল প্রকৃত অভিপ্রায় যথাযথভাবে প্রকাশ না করলে সংশ্লিষ্ট পক্ষের আবেদনের ভিত্তিতে উপযুক্ত দেওয়ানি আদালতের মাধ্যমে তা সংশোধনের বিধান রয়েছে।
নিবন্ধিত কাবিননামার তথ্য সংশোধন কেবল দেওয়ানি আদালতের এখতিয়ারভুক্ত বিষয় এবং তা প্রশাসনিক আদেশের মাধ্যমে সংশোধনের আইনগত সুযোগ নেই।
প্রথাগতভাবে বিয়ের সময় দেনমোহর বেশি অগ্রাধিকার পায়। ধর্মীয়ভাবে দেনমোহর কনের নিরাপত্তা হিসেবে দেওয়া হয়। পারিবারিক অনুশীলন, বরের আয় ও পরিবারের সিদ্ধান্ত বিবেচনা করে দেনমোহরের পরিমাণ নির্ধারণ করার পরামর্শ দেওয়া হয়। সমাজে দেনমোহরের ভূমিকা যেভাবে দেখা হয়, এর বাইরেও এটি অনেকভাবে মূল্যায়িত হতে পারে।
বিয়ের কাবিননামায় দেনমোহরের পরিমাণের পাশাপাশি কখন এবং কীভাবে দেনমোহর দেওয়া যেতে পারে, সে বিষয়ে শর্ত নির্ধারণ করা হয়। সবার আগে দেনমোহর কোনো সম্পত্তি বা গয়না হিসেবে দেওয়া হচ্ছে কি না, কতটা বকেয়া আছে এবং বকেয়ার পরিমাণ কিস্তিতে নাকি এককালীন পরিশোধ করা হবে, ইত্যাদি বিষয় কাবিননামায় উল্লেখ করতে হয়।
কাবিননামার একটি ধারায় স্ত্রীর তালাক দেওয়ার অধিকার থাকতে পারে। একজন স্ত্রী মুসলিম আইন অধ্যাদেশ, ১৯৬১ অনুযায়ী বিয়ে ভেঙে দেওয়ার অধিকার প্রয়োগ করতে পারেন। তবে এটি শর্তসাপেক্ষ হতে পারে।
মুসলিম বিয়েতে তালাক দেওয়ার চূড়ান্ত অধিকার স্বামীর। তবে কিছু নিয়মনীতির মাধ্যমে স্বামীর এই অধিকার সীমিত করা যেতে পারে। বিয়ের নিরাপত্তা বৃদ্ধি করে চুক্তিতে শর্ত উল্লেখ করা যেতে পারে।
কাবিননামা চুক্তি সইয়ের সময় উভয় পক্ষ থেকে কমপক্ষে ২ জন সাক্ষী উপস্থিত থাকতে হবে এবং কাবিননামায় সাক্ষীদের সঙ্গে যোগাযোগের বিবরণ উল্লেখ করতে হবে। কারণ, বিবাদের ক্ষেত্রে সাক্ষীরা যেন ঘটনা যাচাইয়ের জন্য নিরপেক্ষ পক্ষ হিসেবে কাজ করতে পারেন।
বাংলাদেশে কাবিননামা বাংলায় লেখা হয়। দম্পতি প্রয়োজনে অর্থ দিয়ে ও আবেদনসাপেক্ষে পরে এটি যেকোনো ভাষায় অনুবাদ করিয়ে নিতে পারবেন।
কনে আগে কোনো বিয়ে করে থাকলে তার বিবরণ কাবিননামায় উল্লেখ করতে হবে। তাঁর বিয়ে ভাঙার কারণ, যেমন তালাক, মৃত্যু বা অন্যান্য কারণ উল্লেখ করতে হবে।
মুসলিম ব্যক্তিগত আইন অনুযায়ী একজন পুরুষ সর্বোচ্চ ৪ নারীকে বিয়ে করতে পারেন। এ ক্ষেত্রে বরকে সালিসি পরিষদ থেকে লিখিত অনুমতি নিতে হবে। কাবিননামায় সালিসি পরিষদের কাছ থেকে পাওয়া অনুমতির বিবরণ থাকতে হবে। এ অনুমতি ছাড়া বিয়ে করা শাস্তিযোগ্য অপরাধ।
লেখক: সাংবাদিক ও আইনজীবী
ই-মেইল: sultanmssbd@gmail.com