অনুষ্ঠান পার্বণে তো বটেই, কেউ কেউ এমনি শখের বশে খোঁপায় জড়িয়ে নেন ফুল। আর কনের খোঁপা বাঁধার কথায় ফুলের বিকল্প কে ভেবেছে আজ পর্যন্ত! যেকোনো রঙের ফুলই মানিয়ে যায় খোঁপায়। গুছিয়ে বাঁধা একটি খোঁপা, তার চারপাশে ফুটে থাকা কয়েকটি ফুল এই হালকা সাজেই কখনো তৈরি হয় স্নিগ্ধতা, কখনো রাজকীয়তা, আবার কখনো মিশে থাকে নারীত্বের কোমলতা। সময়ের সঙ্গে বিয়ের সাজে পরিবর্তন এলেও ফুলে সাজানো খোঁপার আবেদন একই রয়ে গেছে। তবে এখন সেই চেনা গাজরার পাশাপাশি কনেরা বেছে নিচ্ছেন গোলাপ, কার্নেশন, বেবি’স ব্রেথসহ নানা রং ও ধরনের ফুল। ফলে ঐতিহ্যবাহী খোঁপাও পাচ্ছে আধুনিকতার নতুন রূপ।
পরিপাটি করে বাঁধা স্লিক খোঁপার চারপাশে সাদা ফুলের মালা চেনা অথচ কখনো পুরোনো না হওয়া একটি সাজ। সাদা ফুলের সরলতা খোঁপাকে করে তোলে পরিচ্ছন্ন ও অভিজাত। বিশেষ করে জমকালো পোশাক এবং ভারী গয়নার সঙ্গে এ ধরনের খোঁপা সাজে ভারসাম্য আনে। ছবিতেও সাদা ফুলের এই সাজ নান্দনিক দেখায়।
খোঁপা খুব শক্ত করে না বেঁধে সামান্য আলগা রাখা যায়। তার মধ্যে ছোট ও কোমল ফুল জড়িয়ে নিলে তৈরি হয় স্বাভাবিক, মায়াময় এক আবহ। যাঁরা অতিরিক্ত পরিপাটি বা জাঁকজমকপূর্ণ সাজের বদলে একটু হালকা সাজ পছন্দ করেন, তাঁদের জন্য এমন খোঁপা মানানসই হবে। মনে হবে, ফুলগুলো যেন চুলের সঙ্গে আপনাআপনিই জড়িয়ে আছে।
লাল গোলাপের নিজস্ব একধরনের আভিজাত্য আছে। সেই গোলাপ যখন পাকানো বা টুইস্ট করা খোঁপার সঙ্গে যুক্ত হয়, তখন সাজে আসে আরও গভীরতা। গাঢ় লাল ফুল খোঁপায় এনে দেয় উৎসবের উষ্ণতা ও নজরকাড়া সৌন্দর্য। লাল বা গাঢ় রঙের বিয়ের পোশাকের সঙ্গে এমন খোঁপা হতে পারে বেশ দারুণ পছন্দ।
পোশাকের রঙের সঙ্গে হুবহু মিলিয়ে ফুল বেছে নেওয়ার বদলে সামান্য বৈপরীত্য তৈরি করতে পারেন। যেমন হালকা গোলাপি গোলাপ গাঢ় বা উজ্জ্বল রঙের পোশাকের সঙ্গে এনে দিতে পারে কোমল এক বিপরীত সৌন্দর্য। ফুলের হালকা রং পুরো সাজকে করে তুলতে পারে আরও প্রাণবন্ত।
খোঁপায় অনেক ফুল না দিয়েও সৌন্দর্য তৈরি করা যায়। অল্প কয়েকটি ফুল নির্দিষ্ট জায়গায় সাজিয়ে তৈরি করা যায় এমন একটি লুক, যা একদিকে সহজ, অন্যদিকে বেশ আকর্ষণীয়। ছোট কোনো আয়োজনে এই ধরনের খোঁপা বিশেষভাবে মানিয়ে যেতে পারে। কম আয়োজনের মধ্যেও এতে থাকে পরিপাটির ছাপ।
চিরচেনা গাজরা দিয়ে সাজানো খোঁপায় একটু রাজকীয়তা আনতে যোগ করা যেতে পারে মন্দিরের আদলের চুলের অলংকার। সাদা ফুলের সারির মাঝে বা খোঁপার কেন্দ্রে সোনালি নকশার হেয়ার অ্যাকসেসরিজ বসালে সাজে ফুটে ওঠে ঐতিহ্যের ছাপ। সাদা ফুলের কোমলতা আর সোনালি অলংকারের উজ্জ্বলতা একসঙ্গে খোঁপাকে করে তোলে আকর্ষণীয়। বিশেষ করে ঐতিহ্যবাহী বিয়ের সাজে এই ধরনের খোঁপা হতে পারে পরিপাটি ও আভিজাত্যপূর্ণ পছন্দ।
একই রঙের ফুলের বদলে দুই ধরনের রং ও গড়নের ফুল ব্যবহার করলে খোঁপায় তৈরি হয় ভিন্নমাত্রা। কার্নেশন ও বেবি’স ব্রেথের মতো ফুল একসঙ্গে সাজিয়ে তৈরি করা যায় হালকা সাজের আধুনিক লুক। ফুলের আকার ও রঙে সামান্য বৈচিত্র্য থাকলে পুরো সাজ যেন ভারী না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি।
ফুলেল খোঁপার সৌন্দর্য আসলে এখানেই—একটি খোঁপা প্রতিবারই নতুন হয়ে উঠতে পারে শুধু ফুলের বদলে। কখনো সাদা ফুলে শান্ত, কখনো লাল গোলাপে উজ্জ্বল, আবার কখনো হালকা রঙের ছোট ফুলে কোমল।
সূত্র: ওয়েড মি গুড