হোম > জীবনধারা > সাজসজ্জা

রোজার আগেই গুছিয়ে ফেলুন রান্নাঘর

ফারিয়া রহমান খান 

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসে ইবাদত ও সাংসারিক কাজের মধ্যে ভারসাম্য রাখা অনেকের জন্যই বেশ চ্যালেঞ্জিং হয়ে পড়ে। দেখা যায়, সঠিক পরিকল্পনার অভাবে দিনের অনেকটা সময়ই রান্নাঘরে পার হয়ে যায়। অন্যদিকে যাঁরা চাকরি বা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁরা ঘর-বাহির সামলে ইফতার ও সেহরির প্রস্তুতি নিতে খানিকটা হিমশিম খান। তাই রমজানে সময় বাঁচাতে আগে থেকে যদি রান্নাঘরের কাজ খানিকটা এগিয়ে নেওয়া যায় তাহলে সময় বাঁচে অনেকটাই। ব্যস্ততম দিন আসছে আর কিছুদিন পরই। টিপসগুলো কাজে লাগাতে পারেন।

রান্নার পূর্বপ্রস্তুতি

রমজান শুরুর আগেই পুরো মাসের আদা-রসুন বেটে নিন। এরপর সেগুলো ছোট ছোট বাটি বা পাত্রে ভরে ডিপ ফ্রিজে রাখুন। প্রয়োজনমতো বের করে রান্নায় ব্যবহার করুন। মাছ-মাংস সুন্দর করে ধুয়ে একেবারে গুছিয়ে সংরক্ষণ করলেও সময় অনেকটাই বেঁচে যায়। চাইলে মাছে মসলা মাখিয়ে ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রাখতে পারেন। এতে চটজলদি রান্না করে ফেলা সহজ হবে।

ছবি: সংগৃহীত

বাজারের তালিকা ও পরিমাণমতো কেনা

পুরো মাসের বাজারের একটি তালিকা তৈরি করে একেবারেই কেনাকাটা সেরে নিন। এতে বারবার বাজারে যেতে হবে না, ফলে সময় বাঁচবে। চাল, ডাল, তেল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় মসলা পর্যাপ্ত পরিমাণে মজুত রাখুন। তবে ফল ও সবজি সতেজ পেতে অল্প করেই কিনুন।

খাবারের তালিকা

প্রতিদিন সেহরি ও ইফতারে কী তৈরি করবেন, তা আগেই ঠিক করে রাখুন। ইফতারে পদের সংখ্যা না বাড়িয়ে বরং পুষ্টিকর ও সাধারণ খাবার খাওয়ার চেষ্টা করুন। তাতে শরীর ভালো থাকবে আবার সময়ও বাঁচবে। পুরো মাসের একটা তালিকা বানিয়ে রান্নাঘরে সেঁটে দিলেও সুবিধা হবে।

রান্নাঘর পরিষ্কার

রোজা শুরুর আগেই রান্নাঘর পারলে একবার ডিপ ক্লিন করে নিন। এরপর সব কৌটা খুলে দেখুন কী কী জমে আছে। খাওয়া হচ্ছে না কিন্তু পড়ে আছে, তেমন প্যাকেটজাত খাবার থাকলে মেয়াদ আছে কি না তা দেখে সেগুলো খেয়ে ফেলুন। সব শুকনো খাবার ধোয়া কৌটায় ভরে রাখুন। চুলা, এক্সজস্ট ফ্যান, কিচেন হুড ও ওভেন আগে থেকে পরিষ্কার করে রাখলে অনেকটাই চাপমুক্ত থাকা যাবে।

কাজের অগ্রাধিকার

রোজায় প্রতিদিনের কাজের একটি রুটিন তৈরি করুন। সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলো আগে শেষ করুন যাতে ইবাদতের জন্যও পর্যাপ্ত সময় পাওয়া যায়।

চেকলিস্ট বানান

প্রতিদিনের রান্নার পাশাপাশি অন্যান্য কাজের একটি তালিকা তৈরি করুন। কাজ শেষ হলে টিক চিহ্ন দিন, এতে কোনো কিছু ভুলে যাওয়ার আশঙ্কা কম থাকে।

ছবি: সংগৃহীত

অতিথি আপ্যায়ন

ইফতারে বাড়িতে প্রায়ই অতিথি ডাকা হয়। এমন হলে আগেই কিছু পদ তৈরি করে বা হাফ ডান করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। তাহলে অফিস থেকে বাড়ি ফিরে আর তাড়াহুড়া করতে হবে না। রোজা শুরুর আগে অন্তত এক সপ্তাহের ইফতারের কিছু আইটেম এভাবে হাফ ডান করে ফ্রিজে রাখতে পারেন। তাহলে কাজ অনেকটাই এগিয়ে থাকবে।

রান্নাঘরের টাইলস পরিষ্কারের জন্য পরিষ্কারক তৈরি করে রাখুন

সমপরিমাণ লবণ ও বেকিং সোডা মিশিয়ে একটি কাচের বয়ামে ভরে রাখুন। রোজায় রান্নার পর্বটা বেশি দীর্ঘ হয় বলে রান্নাঘর দ্রুত তেল চিটচিটে হয়ে পড়ে। এই মিশ্রণ রান্নাঘরের টাইলসের মেঝে ও দেয়াল পরিষ্কারে সহায়তা করে। এই মিশ্রণ স্ক্রাবারে নিয়ে দেয়াল ও মেঝে ঘষতে হবে। লবণ মেঝে থেকে ময়লা তুলে ফেলবে। বেকিং সোডা তেলচিটে ভাব দূর করবে। সবশেষে ভেজা কাপড় দিয়ে মুছে নিন। প্রতি সপ্তাহে একবার এভাবে যত্ন নিন। রোজার মাসেও রান্নাঘর একেবারে তরতাজা থাকবে।

শেষ মুহূর্তের কেনাকাটা

শেষ মুহূর্তের কেনাকাটা হিসেবে ছোলা, খেসারির ডাল, খেজুর, আলু ইত্যাদি রাখার কৌটা ও ঝুড়ি, যা লাগে কিনে ফেলুন। কিচেন ন্যাপকিন, লুসনি, তোয়ালে, পাপোশ, হাঁড়ি, প্রেশার কুকার লাগলে নতুন কিনে ফেলুন। নতুন কোনো মসলা লাগলে সেটাও আগে খুঁজে কিনে নিন। পুরো রোজার মাস আরামে কাটবে।

সূত্র: গুড হাউস কিপিং ও অ্যাবাউট ইসলাম

উৎসবে শিশুর বাসন্তী পোশাক

নখের ক্যানভাসে স্বপ্নের কারিগর: বেকি হলিস

বর্ষবরণে যেসব শুভ রঙে নিজেকে সাজাতে পারেন

ছোট ঘর সাজান মাল্টিফাংশনাল আসবাবে

২০২৫ সালের বিয়ের সাজে যা কিছু এল এবং গেল

উৎসবে ঘরের আবহ বদলে দেবে আলোর ব্যবহার

আপনার প্রিয় সাজের সামগ্রী কত দিন নিরাপদ

ফুরিয়ে আসা লিপস্টিকে নতুন প্রসাধনী

ফিরে ফিরে আসে ষাটের দশকের মেকআপ

রাশি মেনে লিপস্টিক পরছেন তো?