ঈদে অনেকে একটু আগেভাগে বাড়ি চলে যান। যেসব মা শিশুদের নিয়ে একা ভ্রমণ করবেন, তাঁরা একটু বেশি দুশ্চিন্তাগ্রস্ত থাকেন। সঠিক পরিকল্পনা আর কিছু ছোটখাটো কৌশলী পদক্ষেপ আপনার ভ্রমণকে করতে পারে অনেকটা ঝামেলামুক্ত।
দীর্ঘ যাত্রায় শিশুরা দ্রুত একঘেয়েমি অনুভব করে। তাদের ব্যস্ত রাখতে কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে।
প্রিয় কার্টুন, শিক্ষামূলক ভিডিও বা গেমস অফলাইনে ডাউনলোড করে রাখুন। এতে ইন্টারনেট না থাকলেও দেখতে কোনো সমস্যা হবে না। সঙ্গে হেডফোন নিতে ভুলবেন না।
কালারিং বুক, পেনসিল, ছোট গল্পের বই বা তাদের প্রিয় কোনো খেলনা সঙ্গে রাখুন।
ব্যাগে এমন কিছু নতুন খেলনা বা স্টিকার রাখুন, যা তারা আগে দেখেনি। ভ্রমণে বোর হওয়ার মুহূর্তে সেগুলো বের করলে তারা দীর্ঘ সময় ব্যস্ত থাকবে।
প্রয়োজনীয় জিনিস প্যাক করুন
শিশুর ব্যাগ গোছানোর সময়
যেসব জিনিস সঙ্গে রাখবেন—
» চিপস, বিস্কুট, ড্রাই ফ্রুটস বা ইনস্ট্যান্ট সিরিয়াল; যা আপনার শিশু পছন্দ করে।
» চিকিৎসকের পরামর্শে নেওয়া জ্বর, পেট খারাপ, অ্যালার্জি, বমি এবং কাশির সাধারণ ওষুধগুলো অনুযায়ী একটি ছোট বক্সে রাখুন। থার্মোমিটার এবং ব্যান্ডেজ সঙ্গে রাখা বুদ্ধিমানের কাজ।
» পর্যাপ্ত ডায়াপার, ওয়েট টিস্যু, হ্যান্ড স্যানিটাইজার এবং ২ থেকে ৩ সেট অতিরিক্ত পোশাক হাতের কাছের ব্যাগে রাখুন।
নিরাপত্তার জন্য
ভিড়ের মধ্যে কিংবা অচেনা জায়গায় শিশুর নিরাপত্তা জরুরি। তার পোশাকের কোনো একটা জায়গায় বা পকেটে কিংবা ব্যাগে আপনার নাম, ফোন নম্বর ও ঠিকানা লেখা কার্ড সেঁটে রাখুন।
সূত্র: বোন ট্রাভেলার