হোম > জীবনধারা > জেনে নিন

ঈদে অতিথিকে বাড়িতে অভ্যর্থনা জানাবেন যেভাবে

ফিচার ডেস্ক, ঢাকা 

আতিথেয়তা মানে কেবল টেবিলে সাজানো বাহারি সব খাবার নয়। ছবি: পেক্সেলস

ঈদ মানেই আনন্দ ভাগ করে নেওয়া। আর সেই আনন্দের একটি বড় অংশজুড়ে থাকে প্রিয়জনদের আপ্যায়ন করা। তবে আতিথেয়তা মানে কি কেবলই টেবিলে সাজানো বাহারি সব খাবার? আধুনিক জীবনধারায় অতিথি আপ্যায়নের সংজ্ঞা এখন বদলে গেছে। এখনকার অতিথিরা কেবল খাবারের স্বাদ নয়; বরং আপনার বাড়িতে এসে কতটা গুরুত্ব পেলেন বা কতটা স্বাচ্ছন্দ্য বোধ করলেন, সেটিকে বেশি প্রাধান্য দেন। বর্তমানে নিখুঁত আয়োজনের চেয়ে উষ্ণ অভ্যর্থনাই আতিথেয়তার আসল চাবিকাঠি। তাই এবারের ঈদে অতিথিকে মনে রাখার মতো আতিথেয়তা দিতে নজর রাখতে পারেন কিছু বিষয়ের ওপর।

আন্তরিক অভ্যর্থনা

অতিথি দরজায় আসামাত্রই হাসিমুখে স্বাগত জানানো আতিথেয়তার প্রথম ধাপ। অতিথি আসার আগে সব প্রস্তুতি শেষ করে রাখুন। এতে তিনি আসার পর আপনাকে রান্নাঘরে ব্যস্ত থাকতে হবে না; বরং পুরো সময়টা তাঁকে দেওয়া সম্ভব হবে। বাড়িতে ঢোকার মুখেই হালকা কোনো সুগন্ধি বা ফ্রেশ ফুলের সাজ রাখলে তা অতিথির মনে প্রশান্তি এনে দেবে।

আতিথেয়তার অন্যতম শর্ত হলো অতিথিকে পূর্ণ মনোযোগ দেওয়া। ছবি: পেক্সেলস

আন্তরিক আড্ডা ও সহজ পরিবেশ

ঈদের আড্ডায় মেহমান যেন নিজেকে অনাকাঙ্ক্ষিত মনে না করেন। বাড়ির ড্রয়িংরুমের বসার জায়গাটি এমনভাবে সাজান, যাতে সবাই একে অপরের মুখোমুখি হয়ে কথা বলতে পারেন। আতিথেয়তা মানে মেহমানকে নির্দিষ্ট দূরত্বে বসিয়ে রাখা নয়। প্রয়োজনে গল্প করতে করতে তাঁকে রান্নাঘরে নিয়ে যান বা সালাদ ড্রেসিংয়ের মতো ছোট কাজে অংশীদার করুন। এতে সম্পর্কের জড়তা কাটে এবং পরিবেশ সহজ হয়।

অন্দরসজ্জা

পরিচ্ছন্ন ঘর আতিথেয়তার এক নীরব ভাষা। ঈদের আগেই ঘরদোর ছিমছাম রাখুন। কেবল দামি আসবাব নয়, বরং ঘরের কোণে একটি সুন্দর গাছ বা সঠিক আলো আপনার ঘরকে আরও কোজি করে তুলবে। অতিথির জন্য আলাদা করে একটি ছোট ফটো কর্নার রাখতে পারেন। এখন ঈদের স্মৃতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি বড় ট্রেন্ড।

স্পর্শকাতর বিষয় এড়িয়ে চলুন

অতিথি আপ্যায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আলাপচারিতা। আড্ডায় এমন কোনো প্রসঙ্গ তুলবেন না, যাতে মেহমান অস্বস্তিতে পড়েন। বেতন, ব্যক্তিগত জীবন বা কোনো সংবেদনশীল ইস্যু নিয়ে প্রশ্ন করা থেকে বিরত থাকুন। পরিবর্তে তাঁদের ভালো লাগার বিষয় নিয়ে কথা বলুন। মনে রাখবেন, মানুষ আপনার খাবারের স্বাদ ভুলে গেলেও আপনার ব্যবহারের উষ্ণতা কখনো ভুলবে না।

ব্যক্তিগত পছন্দ ও ছোট চমক

আধুনিক আতিথেয়তায় অতিথির ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা খাদ্যাভ্যাস (যেমন: ডায়েট বা অ্যালার্জি) আগে থেকে জেনে রাখা বুদ্ধিমানের কাজ। অতিথির জন্য ছোট কোনো চমক রাখা সম্পর্কের গভীরতা বাড়ায়। প্রিয় মেহমানের পছন্দের কোনো পানীয় মেনুতে রাখা, খাবার টেবিলে হাতে লেখা ওয়েলকাম কার্ড বা বিদায়বেলায় ছোট কোনো উপহার তাঁদের মনে স্থায়ী ছাপ ফেলে। এই সামান্য চেষ্টাই প্রমাণ করে, তাঁদের উপস্থিতি আপনার কাছে কতটা বিশেষ।

ডিজিটাল ডিটকস ও বিনোদন

আতিথেয়তার অন্যতম শর্ত হলো অতিথিকে পূর্ণ মনোযোগ দেওয়া। আড্ডার সময় বারবার মোবাইল ফোন ব্যবহার না করে সবার সঙ্গে প্রাণবন্ত আলোচনায় অংশ নিন। মেহমানদের বিনোদনের জন্য হালকা শব্দে ঈদের গান বা ইনডোর গেমসের ব্যবস্থা রাখতে পারেন। এটি পরিবেশকে আনন্দময় করে তোলে।

আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা

ঘরের তাপমাত্রা এবং বসার জায়গা যেন আরামদায়ক হয়, সেদিকে খেয়াল রাখুন। মেহমান বেশি হলে বাড়তি কুশন বা মোড়ার ব্যবস্থা রাখুন। ওয়াশরুমে পরিষ্কার তোয়ালে, হ্যান্ডওয়াশ এবং টিস্যু পর্যাপ্ত আছে কি না, আগেভাগেই তা দেখে নিন। ছোট এই সচেতনতাগুলোই অতিথির মনে আপনার সম্পর্কে উচ্চ ধারণা সৃষ্টি করবে।

আতিথেয়তার লক্ষ্যই হলো আন্তরিকতা ও ভালোবাসা ভাগ করে নেওয়া। ঈদ মানেই যেহেতু সম্পর্কের পুনর্মিলন, তাই দামি উপহার বা বিশাল আয়োজনের চেয়েও আপনার দেওয়া সময় এবং আন্তরিক হাসিই হতে পারে অতিথির জন্য সেরা উপহার।

সূত্র: পিপল ডটকম, বেটার হোমস অ্যান্ড গার্ডেনস

খেজুর সম্পর্কে এই তথ্যগুলো জেনে নিন

বিশ্বের সবচেয়ে দামি ১০ খেজুর

শিশুদের ডিপ্রেশন বাড়াচ্ছে সেলফোনের ব্যবহার

কাবলি ছোলা দিয়ে সালাদ

আজকের রাশিফল: অপরিচিতকে ঘরের চাবি বা মনের চাবি—কোনোটাই দেবেন না

ঈদের আগে ঝকঝকে ত্বক পেতে

ইটিং ডিজঅর্ডারে ভুগছেন না তো? জেনে নিন সতর্কসংকেত

কেনাকাটা যখন আসক্তি, জেনে নিন পরিত্রাণ পাওয়ার উপায়

রমজানে থাকুন কর্মচঞ্চল ও মানসিক চাপমুক্ত

উড়িয়ে নয়, কার্যকরভাবে ব্যয় করার উপায় জেনে নিন