বিশ্বের যেকোনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তির জন্য আবেদন করতে গিয়ে অধিকাংশ শিক্ষার্থী যে বিষয়টি নিয়ে সমস্যায় পড়েন, তা হলো মোটিভেশন লেটার বা অনুপ্রেরণাপত্র লেখা। অথচ বৃত্তির আবেদনে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। একটি ভালো মোটিভেশন লেটার লিখতে হলে প্রয়োজন পর্যাপ্ত প্রস্তুতি, সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা এবং নিজের যোগ্যতা যথাযথভাবে উপস্থাপনের দক্ষতা।
কার্যকর মোটিভেশন লেটার লেখার ক্ষেত্রে কয়েকটি কৌশল অনুসরণ করলে কাজটি অনেক সহজ হয়ে ওঠে। জেনে নেওয়া যাক সেসব কৌশল।
মোটিভেশন লেটার লেখার শুরুতে পর্যাপ্ত সময় নিন। বিষয়বস্তু নিয়ে গভীরভাবে চিন্তা করুন। প্রথমবার লেখার পর কয়েক ঘণ্টা বা কয়েক দিন বিরতি দিয়ে আবার পড়ুন। দেখবেন, কোথাও পরিবর্তন, সংযোজন কিংবা বিয়োজনের প্রয়োজনীয়তা চোখে পড়ছে। এতে আরও উপযুক্ত শব্দ ও বাক্যের মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ তৈরি হবে। আপনি যেহেতু স্নাতক, স্নাতকোত্তর কিংবা পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী, তাই মানসম্মত লেখার সক্ষমতা আপনার রয়েছে। প্রয়োজন শুধু সেই সক্ষমতার যথাযথ প্রয়োগ।
মোটিভেশন লেটারে জীবনবৃত্তান্ত বা সিভির তথ্য হুবহু পুনরাবৃত্তি করবেন না। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অর্জনের তালিকা সিভিতেই থাকে। মোটিভেশন লেটারে সেসব অভিজ্ঞতার তাৎপর্য তুলে ধরুন। বিশেষ করে কোনো অধ্যাপকের অধীনে পড়াশোনা বা গবেষণার সুযোগ চাইলে নিজের গবেষণার দক্ষতা, চিন্তার গভীরতা এবং একাডেমিক লেখার সক্ষমতা প্রকাশ করুন। শুধু কী অর্জন করেছেন, তা নয়; কেন এবং কীভাবে অর্জন করেছেন, সেটিও ব্যাখ্যা করুন।
মোটিভেশন লেটার লেখার আগে কয়েকটি প্রশ্নের উত্তর প্রস্তুত করুন। যেমন—
১. সংশ্লিষ্ট অধ্যাপকের গবেষণার আগ্রহ ও কাজ সম্পর্কে কতটা জানেন।
২. নিজের অভিজ্ঞতার সঙ্গে তাঁর গবেষণার ক্ষেত্রের কোনো যোগসূত্র রয়েছে কি।
৩. নির্দিষ্ট দেশ, বিশ্ববিদ্যালয় ও বিভাগ বেছে নেওয়ার কারণ কী।
৪. হাজারো আবেদনকারীর মধ্যে আপনাকেই কেন নির্বাচন করা উচিত।
৫. নতুন পরিবেশে পড়াশোনা বা গবেষণার জন্য আপনি কতটা প্রস্তুত।
৬. আপনাকে নির্বাচন করলে অধ্যাপক, বিভাগ কিংবা প্রতিষ্ঠান কীভাবে উপকৃত হবে।
৭. নির্বাচিত হলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী।
এসব প্রশ্নের সুস্পষ্ট উত্তর খুঁজে পেলে মোটিভেশন লেটারের একটি শক্ত ভিত্তি তৈরি হবে।
মোটিভেশন লেটারে ব্যাকরণ, পদান্বয়, প্রিপজিশন ও বানানের সঠিক ব্যবহারে সতর্ক থাকতে হবে। ছোটখাটো ভুলও আবেদনের মান কমিয়ে দিতে পারে। তাই লেখার পর একাধিকবার পড়ে সংশোধন করুন। সম্ভব হলে শিক্ষক, বন্ধু কিংবা অভিজ্ঞ কাউকে দিয়ে লেখাটি পর্যালোচনা করিয়ে নিন।
কঠিন ও অপ্রচলিত শব্দ ব্যবহারের প্রয়োজন নেই; বরং সহজ, সাবলীল ও স্বাভাবিক ইংরেজিতে নিজের ভাবনা প্রকাশ করুন। যে শব্দের অর্থ ও প্রয়োগ সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে, সেগুলোই ব্যবহার করুন।
লেখার শুরু থেকে শেষ পর্যন্ত বক্তব্যের ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। প্রতিটি অনুচ্ছেদের সঙ্গে পরবর্তী অনুচ্ছেদের যৌক্তিক সংযোগ থাকতে হবে। এ ক্ষেত্রে Moreover, Therefore, Hence ও However-এর মতো সংযোগসূচক শব্দ ব্যবহার করা যেতে পারে। এতে লেখার বক্তব্য সুসংগঠিত ও সাবলীল হয়।
সবশেষে, জমা দেওয়ার আগে পুরো লেখাটি ভালোভাবে প্রুফরিড করুন। প্রয়োজনে অভিজ্ঞ শিক্ষক, সিনিয়র কিংবা সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ ব্যক্তির পরামর্শ নিন। মনে রাখবেন, মোটিভেশন লেটার শুধু শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণ নয়; এটি আপনার লক্ষ্য, আগ্রহ, দক্ষতা, গবেষণার পরিকল্পনা এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা কর্মসূচির সঙ্গে আপনার সামঞ্জস্য তুলে ধরার মাধ্যম। তাই যথাযথ প্রস্তুতি, সুনির্দিষ্ট পরিকল্পনা এবং যত্নশীল লেখনীর মাধ্যমে একটি কার্যকর মোটিভেশন লেটার তৈরি করা সম্ভব।