বর্তমানে একটি চাকরির জন্য অনেক মানুষ আবেদন করেন, আবার অনেক প্রতিষ্ঠান এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে আবেদন বাছাই করে। ফলে চাকরিপ্রার্থীদের শুধু যোগ্য হলেই হয় না, নিজেকে ব্যতিক্রমভাবে তুলে ধরতেও হয়। বিশেষজ্ঞদের মতে, সাক্ষাৎকারের প্রথম ১ মিনিটই গুরুত্বপূর্ণ। তাই আগে থেকে ভালো প্রস্তুতি নেওয়া দরকার। চাকরির সাক্ষাৎকারে ভালো করার জন্য সহজ ১০টি পরামর্শ তুলে ধরা হলো—
শুরুতে নিজের পরিচয় দিতে বলা হয়। তখন খুব বেশি কথা না বলে সংক্ষেপে নিজের পরিচয় দিন। আপনি কে, আপনার দক্ষতা কী এবং আপনি কেন উপযুক্ত। আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিন।
শুধু চাকরির বিজ্ঞপ্তি পড়ে গেলেই হবে না, প্রতিষ্ঠানটি কী কাজ করে, তাদের লক্ষ্য কী, সম্প্রতি কী ধরনের কাজ করেছে—এসব জেনে গেলে সাক্ষাৎকারে ভালো প্রভাব ফেলা যায়। তাই নিজেকে সহযোগী হিসেবে উপস্থাপন করুন।
আগের কোনো কাজের কথা বলার সময় শুধু দায়িত্বের তালিকা না দিয়ে অভিজ্ঞতার গল্প বলুন। । এর মাধ্যমে প্রার্থীর দক্ষতা তুলে ধরা যায়। আগের কাজে কী সমস্যা ছিল, কীভাবে সামলেছেন এবং কী ফল পেয়েছেন—এসব তুলে ধরুন।
কোনো প্রশ্ন অস্পষ্ট মনে হলে আন্দাজে উত্তর দেবেন না। ভদ্রভাবে জানতে পারেন, প্রশ্নটির কোন দিক সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। এতে আপনার সচেতনতা ও আত্মবিশ্বাস প্রকাশ পায়।
মক ইন্টারভিউ বা জীবনবৃত্তান্ত তৈরিতে এআই সাহায্য করতে পারে। তবে পুরো উত্তর এআই থেকে মুখস্থ করে বলবেন না। নিজের অভিজ্ঞতা ও চিন্তাভাবনার প্রতিফলন থাকা জরুরি।
কোনো চাকরিতে আবেদন করার আগে ভাবুন, সেটি আপনার দক্ষতা ও ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে মানানসই কি না। ক্যারিয়ারের ক্ষেত্রে সাময়িক সুবিধার চেয়ে দীর্ঘমেয়াদি লক্ষ্যকে অগ্রাধিকার দেওয়া জরুরি।
বর্তমান কর্মক্ষেত্রে পরিবর্তন দ্রুত ঘটে। তাই নিয়োগকর্তারা এমন মানুষ পছন্দ করেন, যাঁরা নতুন কিছু শিখতে এবং পরিবর্তনের সঙ্গে নিজেদেরও খাপ খাইয়ে নিতে পারবেন। তাই নতুন কিছু শেখার আগ্রহ দেখান।
নিয়োগদাতারা নিখুঁতভাবে মুখস্থ করা উত্তর দেওয়ার চেয়ে সৎ, পেশাদার এবং বিচক্ষণ প্রার্থীদের বেশি গুরুত্ব দেন। তাই সাক্ষাৎকারে প্রস্তুতি নিয়ে উপস্থিত হোন, মনোযোগ দিয়ে শোনা, কোনো বিষয়ে না জানলে তা স্বীকার করুন এবং ভেবে চিন্তে উত্তর দিন।
সাক্ষাৎকারের শেষে জিজ্ঞেস করতে পারেন, ‘আমার অভিজ্ঞতা বা যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন বা উদ্বেগ থাকলে আমি কি এখন সেটি পরিষ্কার করতে পারি?’ এতে আপনার আত্মবিশ্বাস ও পেশাদার মনোভাব প্রকাশ পায়।
সূত্র: ফোর্বস