হোম > চাকরি > ক্যারিয়ার পরামর্শ

কী এই ‘ভাইব কোডিং’

ফারহান ইবতেশাম জয়

ছবি: সংগৃহীত

কয়েক বছর আগেও কোডিং মানে ছিল কি–বোর্ডে বসে লাইন ধরে কোড লেখা। একটি ফাংশন লিখতে গিয়ে ডকুমেন্টেশন দেখা, বাগ খুঁজে বের করা, আবার নতুন করে লেখা। একই সঙ্গে কোডে কোথাও ভুল হলে সেটাকে সংশোধন করার জন্য ঘণ্টার পর ঘণ্টা সময়ের অপচয় করা। কিন্তু প্রযুক্তির জগতে এখন নতুন একটি শব্দ ঘুরে বেড়াচ্ছে। নাম তার ভাইব কোডিং। শুনতে একটু অদ্ভুত লাগলেও এর পেছনের ধারণাটা খুবই সহজ।

ভাইব কোডিং মূলত এমন এক পদ্ধতি, যেখানে ডেভেলপার বা ব্যবহারকারী সরাসরি কোড না লিখে নিজের আইডিয়াটা ভাষায় বোঝায় যেকোনো কৃত্রিম বুদ্ধিমত্তাসংবলিত এজেন্টকে। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা সেই বর্ণনা থেকে কোড তৈরি করে দেয়। অনেক সময় কয়েকটি নির্দেশনা থেকেই পুরো একটি অ্যাপের কাঠামোও মুহূর্তেই তৈরি হয়ে যায়। সহজভাবে বললে, এখানে কোড লেখার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় আপনি কী বানাতে চান, তা পরিষ্কারভাবে বোঝানো এবং তার কার্যপদ্ধতি ঠিক করা।

উদাহরণ যখন বাস্তবতা

ধরুন, আপনি একটি ‘টু-ডু’ অ্যাপ বানাতে চান। প্রচলিত পদ্ধতিতে আপনাকে ফ্রন্টএন্ড থেকে শুরু করে ব্যাকএন্ড আর ডেটাবেইস সব আলাদা করে কোড করতে হতো। কিন্তু ভাইব কোডিংয়ের যুগে আপনি শুধু এআইকে নির্দেশনা দেবেন: ‘একটি টু-ডু অ্যাপ বানাও যেখানে লগইন সিস্টেম, ডার্ক মোড এবং তারিখ অনুযায়ী কাজ সাজানোর সুবিধা থাকবে।’

ব্যস! কয়েক সেকেন্ডের মধ্যেই এআই একটি প্রাথমিক কোডবেইস আপনার সামনে হাজির করবে। এরপর শুরু হবে আপনার আসল কাজ। এ ধাপে কোডটি পরীক্ষা করা এবং নতুন নতুন নির্দেশনা দিয়ে সেটিকে নিখুঁত করে তোলা হবে। ঘণ্টার কাজ এখন নেমে এসেছে মিনিটে।

দক্ষ প্রম্পটেই বাজিমাত

অনেকে মনে করেন এআইকে শুধু কিছু বললেই কাজ শেষ। আসলে বিষয়টি মোটেও তেমন নয়। এখানেই প্রয়োজন পড়ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং দক্ষতা। আপনি যত সূক্ষ্ম ও স্পষ্টভাবে সমস্যাটি ব্যাখ্যা করতে পারবেন, ফলাফল ততটাই নিখুঁত হবে। যেমন: আপনি যদি বলেন ‘একটি ওয়েবসাইট বানাও’। তবে ফলাফল হবে সাধারণ। কিন্তু যদি বলেন ‘একটি রেসপনসিভ পোর্টফোলিও ওয়েবসাইট বানাও যেখানে নেভিগেশন বার, প্রজেক্ট সেকশন এবং কনট্যাক্ট ফর্ম থাকবে।’ তবে এআই আপনার মনের মতো কাজ করে দিতে পারবে।

জনপ্রিয় হচ্ছে যেসব প্ল্যাটফর্ম

ভাইব কোডিংয়ের এই জোয়ারে বেশ কিছু প্ল্যাটফর্ম এখন ডেভেলপারদের পছন্দের শীর্ষে। এর মধ্যে রয়েছে: Cursor IDE, Replit, Windsurf IDE ও Lovable। এমনকি আমাদের চিরচেনা Visual Studio বা Android Studio-এর মতো টুলগুলোতেও এখন সরাসরি নির্দেশনা লিখে সফটওয়্যার তৈরির সুবিধা যুক্ত হচ্ছে। এক জায়গা থেকেই কোড লেখা, টেস্ট করা এবং সরাসরি সার্ভারে আপলোড বা ডিপ্লয় করার সুবিধা এই প্ল্যাটফর্মগুলোকে আরও জনপ্রিয় করে তুলছে।

ডেভেলপার থেকে ‘সিস্টেম ডিজাইনার’

এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়ছে কাজের ধরনে। ডেভেলপাররা এখন আর কেবল কোড লেখক নন, তাঁরা হয়ে উঠছেন একেকজন সিস্টেম ডিজাইনার। কোড লেখার যান্ত্রিক সময়টুকু এখন ব্যয় হচ্ছে বড় বড় আইডিয়া, আর্কিটেকচার এবং জটিল সমস্যার সমাধানে। ফলে ডেভেলপারদের এখন কোড মুখস্থ করার চেয়ে আর্কিটেকচার বোঝার মতো গভীর বিষয়গুলোতে বেশি দক্ষ হতে হচ্ছে।

সীমাবদ্ধতা ও মানুষের গুরুত্ব

মুদ্রার উল্টো পিঠও আছে। ভাইব কোডিং মানেই যে সব সমস্যার সমাধান, তা কিন্তু নয়। এআই যে কোড তৈরি করে, তা সব সময় নির্ভুল হয় না। সেই ভুল কোড শনাক্ত করা এবং তা সংশোধন করার জন্য আজও অভিজ্ঞ মানুষের মেধা ও লজিক্যাল থিংকিং অপরিহার্য। এটি প্রমাণ করে, এআই একা কখনোই চাকরির বাজার দখল করতে পারবে না; বরং মানুষের সঙ্গে মিলে এটি কাজকে আরও গতিশীল করবে।

জাপান দক্ষ জনশক্তির জন্য সম্ভাবনাময় কর্মক্ষেত্র

চাকরি শুধু বেতন পাওয়ার জায়গা নয়

সহজ ও তথ্যসমৃদ্ধ কনটেন্ট সরবরাহ করাই লক্ষ্য

এআইয়ের যুগেও কেন আপনি প্রাসঙ্গিক

একটি আদর্শ প্যারাগ্রাফ লিখবেন যেভাবে

কর্মক্ষেত্রে পদোন্নতি পেতে যা জানা জরুরি

বর্জ্যপানি গবেষণা শুধু দেশে নয়, বিশ্বেও প্রাসঙ্গিক

নমুনা ভাইভা: জিআইয়ের স্বীকৃতি পেলে লাভ কী?

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি: বাংলার ৬ প্রত্নস্থল

যে ৭ প্রতিষ্ঠানে এআইয়ের কারণে চাকরি হারাচ্ছে মানুষ