সরকারি চাকরির প্রতিযোগিতা ও প্রথাগত কর্মবাজারের সংকোচনের মধ্যে অনলাইন উদ্যোগ এবং প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে নতুন কর্মসংস্থানের সুযোগ খুঁজছেন লাখো তরুণ। তবে বিনিয়োগের সংকট, লজিস্টিকস ব্যবস্থার দুর্বলতা আর কর্মসংস্থানের অনিশ্চয়তা এই সম্ভাবনার পথে
বড় বাধা।
চাকরির বাজারে প্রবেশের আগেই অনেক তরুণ এখন নিজের ব্যবসা গড়ে তোলার কথা ভাবছেন। কেউ ফেসবুক পেজে পোশাক বিক্রি করছেন, কেউ অ্যাপ তৈরি করে ডেলিভারি কিংবা শিক্ষাসেবা দিচ্ছেন। কেউ যুক্ত হচ্ছেন বড় অনলাইন প্ল্যাটফর্মের ডিজিটাল মার্কেটিং, গ্রাহকসেবা কিংবা পণ্য সরবরাহের কাজে। উচ্চশিক্ষার সনদ হাতে নিয়ে বছরের পর বছর চাকরির অপেক্ষায় থাকার বাস্তবতায় স্টার্টআপ ও ই-কমার্স অনেকের কাছে বিকল্প কর্মক্ষেত্রের পাশাপাশি প্রথম পছন্দ হয়ে উঠছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশে তরুণ বেকারত্বের হার ৭ দশমিক ৩ শতাংশ। সংখ্যার হিসাবে তা প্রায় ১৯ লাখ ৪০ হাজার। এর চেয়ে উদ্বেগজনক তথ্য হলো, শিক্ষা, কর্মসংস্থান কিংবা প্রশিক্ষণ—কোনোটির সঙ্গেই যুক্ত নন, এমন তরুণের সংখ্যা প্রায় ৮২ লাখ ৬০ হাজার, যা মোট তরুণের ১৮ দশমিক ৯ শতাংশ। উচ্চশিক্ষিতদের মধ্যে পরিস্থিতি আরও কঠিন। বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের মধ্যে বেকারত্বের হার ১২ দশমিক ৩ শতাংশ।
এমন পরিস্থিতিতে স্টার্টআপ ও ই-কমার্স খাতকে সম্ভাবনাময় কর্মক্ষেত্র হিসেবে দেখছেন অনেকে। কারণ, এসব উদ্যোগ শুরু করতে বড় পুঁজি কিংবা প্রথাগত দোকানঘরের প্রয়োজন হয় না। অনেক ক্ষেত্রে একটি স্মার্টফোন, ইন্টারনেট সংযোগ ও ডিজিটাল পেমেন্টের সুবিধা থাকলেই ব্যবসা শুরু করা সম্ভব।
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) তথ্য অনুযায়ী, সংগঠনটির সদস্যসংখ্যা এখন প্রায় ৩ হাজার। এর বাইরে ফেসবুকভিত্তিক সক্রিয় উদ্যোক্তার সংখ্যা ২ থেকে আড়াই লাখ—এই হিসাব দিয়েছে সংগঠনটি। ঈদের মতো উৎসবের সময় অনলাইন কেনাকাটা বেড়ে গেলে প্যাকেজিং, ডেলিভারি, কল সেন্টার এবং কনটেন্ট তৈরির কাজে স্থায়ী ও অস্থায়ী কর্মীর চাহিদা বাড়ে।
তবে ই-কমার্স খাতের বাজারের আকার নিয়ে একক কোনো সর্বসম্মত হিসাব নেই। ই-ক্যাব ও সংশ্লিষ্ট গবেষণা সংস্থার বরাতে বাজারের আকার প্রায় ৫ বিলিয়ন ডলার বলে উল্লেখ করা হচ্ছে। অন্যদিকে বাজার গবেষণা প্রতিষ্ঠান ইসিডিবির হিসাবে, ২০২৫ সালে এই বাজারের আকার ছিল প্রায় ৬০৩ কোটি ডলার। প্রবৃদ্ধির হার ২০ থেকে ২৫ শতাংশ। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রক্ষেপণ অনুযায়ী, ২০২৬ সালে বাজারের আকার ১০ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।
হিসাবের এই পার্থক্যের অন্যতম কারণ হলো, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত অনানুষ্ঠানিক ব্যবসার বড় অংশ নিবন্ধিত তথ্যে অন্তর্ভুক্ত হয় না।
বাজার বিশ্লেষণ প্রতিবেদনগুলোতে খাতটির লেনদেন ব্যবস্থায় পরিবর্তনেরও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ক্যাশ অন ডেলিভারির ওপর নির্ভরতা কমিয়ে মোবাইল ওয়ালেট, কিউআর পেমেন্ট ও ফিনটেকভিত্তিক সমাধানের ব্যবহার বাড়ছে। শহরের বাইরেও বাজার সম্প্রসারিত হওয়ায় শেষ পর্যায়ের পণ্য সরবরাহ এবং আঞ্চলিক গুদাম ব্যবস্থার চাহিদা বাড়ছে। ফলে নতুন কর্মসংস্থানের বড় একটি অংশ তৈরি হচ্ছে শুধু অনলাইন প্ল্যাটফর্মে নয়, সরবরাহ ও বিতরণব্যবস্থার মাঠপর্যায়েও।
স্টার্টআপ: সম্ভাবনা আছে, সংকটও কম নয় জাতিসংঘের এসকাপের বাংলাদেশ স্টার্টআপ ইকোসিস্টেম মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী, দেশে বর্তমানে ২ হাজার ৫০০টির বেশি সক্রিয় স্টার্টআপ রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১৫ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, লজিস্টিকস, ফিনটেক, খুচরা বাণিজ্যসহ বিভিন্ন খাতে তরুণ উদ্যোক্তারা নতুন নতুন সেবা নিয়ে আসছেন।
তবে সম্ভাবনার পাশাপাশি অর্থায়নের সংকটও প্রকট। স্টার্টআপ বিনিয়োগের তথ্য অনুযায়ী, ২০২১ সালে দেশের স্টার্টআপগুলো ৪৩ কোটি ৪০ লাখ ডলারের বিনিয়োগ পেয়েছিল। ২০২৪ সালে তা কমে দাঁড়ায় ৪ কোটি ২০ লাখ ডলারে। ২০২৫ সালে বিনিয়োগ বেড়ে ১২ কোটি ৪০ লাখ ডলার হলেও তা এসেছে মাত্র ১২টি চুক্তির মাধ্যমে। এগুলোর মধ্যে একটি চুক্তিতেই বিনিয়োগ এসেছে প্রায় ১১ কোটি ডলার।
অর্থাৎ স্টার্টআপ খাতের বিনিয়োগের বড় অংশ গুটিকয়েক প্রতিষ্ঠানে কেন্দ্রীভূত। নতুন ও ছোট উদ্যোগগুলো এখনো প্রয়োজনীয় পুঁজি সংগ্রহে হিমশিম খাচ্ছে। এর প্রভাব পড়ছে কর্মীদের ওপরও। কয়েকটি পরিচিত স্টার্টআপে মাসের পর মাস বেতন বকেয়া থাকার অভিযোগ উঠেছে। ফলে এ খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হলেও চাকরির নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।
সরকার ও কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি স্টার্টআপ খাতের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। গত বছর বাংলাদেশ ব্যাংক স্টার্টআপের জন্য ৯০০ কোটি টাকার ইক্যুইটি তহবিল ঘোষণা করে। ৬০০ কোটি টাকার প্রাথমিক মূলধন নিয়ে বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানির কার্যক্রম ৩০ এপ্রিল ২০২৬ থেকে শুরু হওয়ার কথা ছিল।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, তহবিল ঘোষণার চেয়ে তা সময়মতো উদ্যোক্তাদের হাতে পৌঁছানোই বড় চ্যালেঞ্জ। জামানতনির্ভর ঋণব্যবস্থা, নিবন্ধন ও করসংক্রান্ত জটিলতা এবং ডিজিটাল পেমেন্ট গেটওয়ের সীমাবদ্ধতা দূর করার দাবি দীর্ঘদিনের।
বিশ্লেষকদের মতে, স্টার্টআপ ও ই-কমার্স খাতকে তরুণদের টেকসই কর্মসংস্থানের ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে তিনটি বিষয়ে জোর দেওয়া প্রয়োজন।
প্রথমত, উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন কিংবা স্বল্প জামানতে অর্থায়নের সুযোগ বাড়াতে হবে; পাশাপাশি স্থানীয় বিনিয়োগকারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
দ্বিতীয়ত, জেলা ও উপজেলা পর্যায়ে লজিস্টিকস অবকাঠামো এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা শক্তিশালী করতে হবে। এতে দেশের প্রত্যন্ত অঞ্চলেও অনলাইন ব্যবসার প্রসার ঘটবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
তৃতীয়ত, ডিজিটাল মার্কেটিং, ডেটা বিশ্লেষণ, গ্রাহকসেবা ও সাপ্লাই চেইন ব্যবস্থাপনার মতো বাজারের চাহিদাভিত্তিক দক্ষতায় তরুণদের
শ্রমিক সুরক্ষা নিশ্চিত করার কাঠামো গড়ে তোলার প্রয়োজন রয়েছে।
সব মিলিয়ে স্টার্টআপ ও ই-কমার্স খাত তরুণদের সামনে কর্মসংস্থানের নতুন দুয়ার খুলেছে। তবে এই খাতের মাধ্যমে কতসংখ্যক তরুণ নিরাপদ ও স্থায়ী কর্মসংস্থানের সুযোগ পাবেন, তা নির্ভর করছে কার্যকর নীতি, পর্যাপ্ত বিনিয়োগ এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের সমন্বিত উদ্যোগের ওপর।
তথ্যসূত্র: বিবিএস, ই-ক্যাব, ইসিডিবি, সিপিডি, জাতিসংঘ এসকাপ, স্টার্টআপ বাংলাদেশ ও লাইটক্যাসল।
লেখক: হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কনজ্যুমার ডিজিটাল বিজনেস, এসিআই