হোম > ইসলাম

ইসলামে বৃহস্পতিবারের গুরুত্ব ও নবীজির আমল

ইসলাম ডেস্ক 

পবিত্র কোরআন। ছবি: সংগৃহীত

সপ্তাহের গুরুত্বপূর্ণ একটি দিন হলো বৃহস্পতিবার। জুমার দিনের পূর্ববর্তী দিন হওয়ায় এর রয়েছে বিশেষ মর্যাদা। এ দিনে রোজা রাখা, নেক আমল করা ও ইবাদত করার ফজিলত অপরিসীম। হাদিসের বর্ণনা অনুসারে, আল্লাহর কাছে দিনটির রয়েছে বিশেষ কদর।

জান্নাতের দরজা উন্মুক্ত হয়

আবু হুরাইরা (রা.) বর্ণনা করেন, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘প্রতি সোম ও বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয়, যারা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে না। তবে সে ব্যক্তিকে ক্ষমা করা হয় না, যার ভাই ও তার মধ্যে শত্রুতা বিদ্যমান। এরপর তিনবার বলা হয়—এ দুজনকে আপস-মীমাংসা করার জন্য অবকাশ দাও।’ (সহিহ মুসলিম)

এ হাদিস থেকে বোঝা যায়, ইবাদতের পাশাপাশি মানুষের পারস্পরিক সম্পর্ক ভালো রাখা কতটা জরুরি। ক্ষমা লাভের এ সুযোগ পেতে হলে আমাদের অন্তরে কোনো মুসলিম ভাইয়ের প্রতি হিংসা বা বিদ্বেষ থাকা উচিত নয়।

নবীজির প্রিয় আমল

উম্মুল মুমিনিন হজরত আয়েশা (রা.) বর্ণনা করেন, ‘রাসুলুল্লাহ (সা.) সোম ও বৃহস্পতিবার রোজা রাখার বিষয়টি প্রাধান্য দিতেন।’ (সুনানে ইবনে মাজাহ)।

রাসুল (সা.) এ দুটি দিনে রোজা রাখতে পছন্দ করতেন, কারণ, এ দিনে বান্দার আমল আল্লাহর সামনে পেশ করা হয়। তিনি বলেন, ‘সোম ও বৃহস্পতিবার দিন দুটি এমন—যে দিন দুটিতে বান্দার আমল মহান আল্লাহর সামনে হাজির করা হয়। আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহর সামনে পেশ করা হোক—এটাই পছন্দ করি।’ (সুনানে তিরমিজি)

রোজার অফুরন্ত সওয়াব

বৃহস্পতিবারের রোজা শুধু একটি সুন্নত পালনই নয়, এর রয়েছে অফুরন্ত সওয়াব। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা রোজার মর্যাদা সম্পর্কে বলেন, ‘মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা এর ব্যতিক্রম। রোজা শুধু আমার জন্য, আমিই এর প্রতিদান দেব।’ (সহিহ মুসলিম)

অন্য হাদিসে নবী করিম (সা.) বলেন, ‘যে আল্লাহর সন্তুষ্টির জন্য এক দিন রোজা রাখবে, আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে ১০০ বছরের দূরত্বে সরিয়ে রাখবেন।’

এ পবিত্র দিনটি নেক আমল ও আল্লাহর সান্নিধ্য লাভের এক উপযুক্ত সময়। আসুন, আমরা বৃহস্পতিবারের এ ফজিলত উপলব্ধি করে দিনটি ভালোভাবে অতিবাহিত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের প্রতি সপ্তাহের বৃহস্পতিবার রোজা রাখা ও নেক আমল করার তৌফিক দান করুন।

২০২৬ সালের ঈদুল আজহা কবে, যা জানা গেল

১৮ এপ্রিলের পরও বিশেষ ব্যবস্থায় যাঁদের জন্য রয়েছে ওমরাহর সুযোগ

যেভাবে তাসবিহ পাঠ করতেন নবীজি (সা.)

আজকের নামাজের সময়সূচি: ০১ এপ্রিল ২০২৬

৩০ দিন ধরে বন্ধ মসজিদুল আকসা, ৮ দেশের নিন্দা

স্বামীর বিপদে সাহস জোগানো আদর্শ স্ত্রী খাদিজা (রা.)

হজের আন্তর্জাতিক ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

চুপ থাকার ৫ উপকারিতা ও ফজিলত

আজকের নামাজের সময়সূচি: ৩১ মার্চ ২০২৬

কাবার গিলাফ কাটার চেষ্টা: তুর্কি নারী আটক