ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে নামাজ অন্যতম প্রধান ইবাদত। নামাজ শুরু হয় ‘তাকবিরে তাহরিমা’ বা আল্লাহু আকবার বলার মাধ্যমে, আর শেষ হয় ‘সালাম’ ফেরানোর মাধ্যমে। সালাম ফেরানোর মধ্য দিয়েই একজন নামাজি ব্যক্তি নামাজ সম্পন্ন করেন। শরিয়তের পরিভাষায় এই সালাম ফেরানো ওয়াজিব।
নামাজ সম্পন্ন করার সুন্নাহসম্মত পদ্ধতি হলো, ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ’ বলে প্রথমে ডান দিকে এবং তারপর বাম দিকে সালাম ফেরানো। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আল্লাহর রাসুল (সা.) ডান ও বাম উভয় দিকে সালাম ফেরাতেন এবং উভয় দিকেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতেন।’ (জামে তিরমিজি: ২৯৫)
নামাজের সালামের সময় শব্দগুলো অতিরিক্ত দীর্ঘ বা ‘মদ’ (টেনে) না করে স্বাভাবিকভাবে উচ্চারণ করতে হবে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত রয়েছে, তিনি বলেছেন, সালাম ‘হাজফ’ করা সুন্নত। বিখ্যাত হাদিসবিশারদ ইবনে মোবারক (রহ.) এই ‘হাজফ’-এর ব্যাখ্যায় বলেন—‘হাজফ’ অর্থ হলো, সালামের শব্দকে বেশি ‘মদ’ না করা, অর্থাৎ টেনে দীর্ঘ না করা। (জামে তিরমিজি: ২৯৭)
সালাম শুরু ও শেষ করার সঠিক পদ্ধতি: সালাম ফেরানোর সময় শরীর বা বসার ভঙ্গি সোজা থাকবে এবং মাথা ঘোরানোর ক্ষেত্রে একটি নির্দিষ্ট ধারাবাহিকতা রক্ষা করতে হয়। সালাম ফেরানোর সঠিক নিয়ম হলো, নামাজি ব্যক্তির চেহারা যখন কেবলার দিকে সোজা থাকবে, ঠিক তখনই সে সালামের প্রথম শব্দ বলা শুরু করবে। এরপর ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ’ বলতে বলতে নিজের চেহারা কেবলার দিক থেকে ডান দিকে ফেরাবে। অনুরূপভাবে, দ্বিতীয় সালামের সময়ও চেহারা সোজা কেবলার দিকে থাকা অবস্থায় বাক্য শুরু করবে এবং বলতে বলতে চেহারা বাম দিকে ফেরাবে।
এই পদ্ধতির সপক্ষে ইসলামের বিখ্যাত মনিষী ও ফকিহগণ স্পষ্ট মত দিয়েছেন। বিখ্যাত হাদিসবিশারদ ইমাম নববি (রহ.) তাঁর বিখ্যাত ‘আল-মাজমু’ গ্রন্থে লিখেছেন—‘কেবলার দিকে চেহারা থাকা অবস্থায় সালাম শুরু করবে এবং চেহারা ঘোরানো অবস্থায় সালাম সম্পন্ন করতে থাকবে। যেন চেহারা ঘোরানো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সালামের বাক্য বলাও শেষ হয়ে যায়।’ (আলমাজমু শরহুল মুহাজ্জাব: ৩/৪৫৮)