হোম > ইসলাম

আজ শেষ হচ্ছে ইসলামি বইমেলা

তাসনিফ আবীদ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ চত্বরে প্রতি বছর মাসব্যাপী ইসলামি বইমেলা অনুষ্ঠিত হয়ে থাকে। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ও পূর্ব চত্বরে আয়োজিত মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামি বইমেলা আজ রোববার (১১ অক্টোবর) শেষ হতে যাচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ১২ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদের উদ্বোধনের মধ্য দিয়ে এই মেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। অন্যবারের তুলনায় এবার মেলা কিছুটা বিলম্বে শুরু হলেও এর জাঁকজমক ও নান্দনিক সাজসজ্জা দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, মেলায় মোট ১৪৪টি স্টল বরাদ্দ দেওয়া হয়, যেখানে দেশি-বিদেশি ১০০টিরও বেশি খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেয়। বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, ভারত, মিসর ও লেবাননের একাধিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এবারের মেলায় তাদের বই প্রদর্শন ও বিক্রি করেছে।

ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এই মেলাকে প্রাণবন্ত রাখতে মূল বইয়ের স্টলের পাশাপাশি ছিল লিটলম্যাগ, লেখক, শিশু ও মহিলা কর্নার। সংবাদ ও তথ্যের আদান-প্রদানের জন্য ছিল ঘোষণা মঞ্চ, তথ্য কেন্দ্র ও মিডিয়া কর্নার।

এ ছাড়া চলতি বছরের আয়োজনে যোগ হয়েছিল বেশ কিছু নতুন আকর্ষণ। জুলাই কর্নার ও শাপলা কর্নারের পাশাপাশি নতুন করে যুক্ত হওয়া ‘সীরাহ এক্সিবিশন’ মেলার সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি নতুন দর্শক ও ধর্মপ্রাণ পাঠকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে।

মেলায় বেচাবিক্রি নিয়ে প্রকাশকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আগত স্টল মালিক ও প্রকাশকদের মতে, ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মেলার প্রচার-প্রচারণায় আরও বেশি জোর দেওয়া প্রয়োজন ছিল। তবে সার্বিক আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করে তাঁরা আশা ব্যক্ত করেন, আগামী বছরের মেলা আরও ব্যাপক প্রচারণা পাবে এবং আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

উল্লেখ্য, মেলাটি প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা এবং ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আজ ১১ অক্টোবরই মেলার পর্দা নামছে; এবার মেলার সময়সীমা আর বাড়ানো হচ্ছে না বলে আয়োজক ও প্রকাশক সূত্রে জানা গেছে।