হোম > ইসলাম

নাতে রাসুল গেয়ে ওমরাহ পুরস্কার পাওয়ার সুযোগ

ইসলাম ডেস্ক 

‘গানের বুলবুল’ শীর্ষক প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য পবিত্র ওমরাহ পালনের সুযোগসহ থাকছে লক্ষাধিক টাকার পুরস্কার। ছবি: সংগৃহীত

শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ ও ইসলামি সংস্কৃতিচর্চায় উৎসাহিত করতে বিশেষ নাতে রাসুল প্রতিযোগিতার আয়োজন করছে সাংস্কৃতিক সংগঠন ‘স্বপ্নসিঁড়ি সাংস্কৃতিক ফোরাম’। ‘গানের বুলবুল’ শীর্ষক এ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য পবিত্র ওমরাহ পালনের সুযোগসহ থাকছে লক্ষাধিক টাকার আকর্ষণীয় পুরস্কার।

সংগঠনটির প্রধান পরিচালক হুমায়ুন কবির শাবিব জানান, ৫ থেকে ১৫ বছর বয়সী যেকোনো শিশু-কিশোর এতে অংশ নিতে পারবে। আগ্রহীদের ‘ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি’ অথবা পছন্দমতো যেকোনো নাতে রাসুল খালি গলায় গেয়ে ভিডিও ধারণ করে পাঠাতে হবে। অডিও কিংবা ভিডিওতে কোনো ধরনের এডিটিং গ্রহণ করা হবে না বলে তিনি জানান।

আগ্রহীদের আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে নির্ধারিত অনলাইন ফরম বা ইমেইলের মাধ্যমে ভিডিও পাঠাতে হবে। ভিডিওর সঙ্গে প্রতিযোগীর নাম, অভিভাবকের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ২০০ টাকা ফি প্রদান করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। একজন প্রতিযোগী একটি মোবাইল নম্বর ব্যবহার করে কেবল একবারই নিবন্ধনের সুযোগ পাবেন।

‘স্বপ্নসিঁড়ি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীর জন্য থাকছে পবিত্র ওমরাহ পালনের সুবর্ণ সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে একটি ডেস্কটপ ও একটি ল্যাপটপ। এ ছাড়া সেরা ১০ বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে বিশেষ স্মারক ও পুরস্কার।

প্রতিযোগিতা-সংক্রান্ত যেকোনো তথ্য ও আপডেট স্বপ্নসিঁড়ির অফিশিয়াল ফেসবুক পেজে পাওয়া যাবে।