হোম > ইসলাম

কোরআনে বর্ণিত মহানবী (সা.)-এর ২৩টি গুণবাচক নাম

ইসলাম ডেস্ক

পবিত্র কোরআনে আখিরি নবী মুহাম্মদ (সা.)-এর মূল নাম এবং বিভিন্ন গুণবাচক বৈশিষ্ট্যের নাম পৃথকভাবে উল্লেখ করা হয়েছে। কোরআনে সর্বমোট দুটি মূল নাম এবং তাঁর ২৩টি বিশেষ গুণবাচক নামের স্পষ্ট বর্ণনা পাওয়া যায়।

পবিত্র কোরআনে বর্ণিত মূল নাম

কোরআন মাজিদে নবীজি (সা.)-এর মূল নাম হিসেবে দুটি নাম এসেছে—‘মুহাম্মদ’ ও ‘আহমদ’।

মুহাম্মদ: মহান আল্লাহ ইরশাদ করেন, ‘মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন; বরং তিনি আল্লাহর রাসুল ও শেষ নবী।’ (সুরা আহজাব: ৪০)

আহমদ: ঈসা (আ.)-এর মুখে সুসংবাদের সূত্রে আল্লাহ বলেন, ‘ঈসা (আ.) বলেন—নিশ্চয়ই আমি তোমাদের সুসংবাদ দিচ্ছি আমার পরবর্তী এমন একজন রাসুলের, যার নাম হবে আহমদ।’ (সুরা সাফ: ৬)

পবিত্র কোরআনে বর্ণিত ২৩টি গুণবাচক নাম

কোরআনের বিভিন্ন আয়াতে রাসুলুল্লাহ (সা.)-এর সুমহান ব্যক্তিত্ব ও মর্যাদার বহিঃপ্রকাশ হিসেবে ২৪টি গুণবাচক নাম এসেছে:

  • ১. শাহিদ (شَاهِد) : সাক্ষ্যদাতা। (সুরা আহজাব: ৪৫)
  • ২. মুবাশশির (مُبَشِّر) : সুসংবাদদাতা। (সুরা আহজাব: ৪৫)
  • ৩. নাজির (نَذِيْر) : সতর্ককারী। (সুরা আহজাব: ৪৫)
  • ৪. দায়ি ইলাল্লাহ (دَاعِيًا إِلَى اللَّهِ) : আল্লাহর দিকে আহ্বানকারী। (সুরা আহজাব: ৪৬)
  • ৫. সিরাজুম মুনিরা (سِرَاجًا مُنِيرًا) : প্রজ্জ্বল প্রদীপ বা বাতি। (সুরা আহজাব: ৪৬)
  • ৬. মুজাক্কির (مُذَكِّر) : যিনি আল্লাহর কথা স্মরণ করিয়ে দেন। (সুরা গাশিয়া: ২১)
  • ৭. রাসুল (رَسُول) : বার্তাবাহক। (সুরা আহজাব: ৪৬)
  • ৮. রাউফুর রহিম (رَؤُوفٌ رَحِيمٌ) : পরম স্নেহশীল ও দয়াশীল। (সুরা তাওবা: ১২৮)
  • ৯. রাহমাতুল লিল আলামিন (رَحْمَةً لِلْعَالَمِينَ) : বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ। (সুরা আম্বিয়া: ১০৭)
  • ১০. মুজ্জাম্মিল (مُزَّمِّل) : চাদরাবৃত। (সুরা মুজ্জাম্মিল: ১)
  • ১১. মুদ্দাসসির (مُدَّثِّر) : বস্ত্রাবৃত। (সুরা মুদ্দাসসির: ১)
  • ১২. নবী (نَبِيّ) : ঐশী বার্তাবাহক। (সুরা আনফাল: ৬৪)
  • ১৩. রাসুলুল্লাহ (رَسُولُ اللَّهِ) : আল্লাহর প্রেরিত বার্তা বাহক। (সুরা আহজাব: ৪০)
  • ১৪. খাতামুন নাবিয়্যিন (خَاتَمَ النَّبِيِّينَ) : সর্বশেষ ও চূড়ান্ত নবী। (সুরা আহজাব: ৪০)
  • ১৫. হাদি (هَادِي) : সত্যের পথপ্রদর্শক। (সুরা আশ-শুরা: ৫২)
  • ১৬. মাসুম (مَعْصُوْم) : পাপ-পঙ্কিলতামুক্ত ও সংরক্ষিত। (সুরা মায়িদা: ৬৭)
  • ১৭. আন-নাবিয়্যুল উম্মি (النَّبِيَّ الأُمِّيَّ) : নিরক্ষর নবী। (সুরা আরাফ: ১৫৮)
  • ১৮. সাহিবু খুলুকিন আজিম (خُلُقٍ عَظِيمٍ) : মহান ও উত্তম চরিত্রের অধিকারী। (সুরা কলম: ৪)
  • ১৯. নুর (نُور) : হেদায়াতের জ্যোতি বা আলো। (সুরা মায়িদা: ১৫)
  • ২০. কায়িমুন আলাল হাক (عَلَى الْحَقِّ الْمُبِينِ) : সত্যের ওপর প্রতিষ্ঠিত। (সুরা নামল: ৭৯)
  • ২১. কারিম (كَرِيم) : সম্মানিত ও সুমহান। (সুরা দুখান: ৪৯)
  • ২২. মুবিন (مُبِين) : সুস্পষ্ট বর্ণনাকারী। (সুরা হিজর: ৮৯)
  • ২৩. শাহীদ (شَهِيد) : উম্মতের ওপর অনুকরণীয় সাক্ষী। (সুরা হজ: ৭৮)

পবিত্র কোরআনে রূপক ও গুণবাচক বিভিন্ন উপাধির মাধ্যমে রাসুলুল্লাহ (সা.)-এর সুউচ্চ মাকাম ও ব্যক্তিত্বকে তুলে ধরা হয়েছে।