মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুমহান জীবন ও আদর্শ স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে দেশব্যাপী ‘নবিজি’ বই বিতরণ কার্যক্রম শুরু করেছে ইতিহাস, ঐতিহ্য ও তামাদ্দুনভিত্তিক প্ল্যাটফর্ম ‘রাবতা’।
নবীজি (সা.)-এর সিরাতের ওপর লিখিত সংক্ষিপ্ত ও সহজবোধ্য বই ‘নবিজি’ সম্পূর্ণ বিনা মূল্যে দেশের এক লাখ শিক্ষার্থীর হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এ কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি। কর্মসূচির অংশ হিসেবে রাবতার প্রতিনিধি দল সরাসরি দেশের বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন।
রাবতার পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন হাজার শিক্ষার্থীর হাতে ‘নবিজি’ বইটি তুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি প্রান্তের স্কুল-কলেজে এই বিতরণ কার্যক্রম প্রসারিত করা হবে।
উদ্যোক্তারা আশা প্রকাশ করে জানান, তরুণ প্রজন্মের কাছে রাসুলুল্লাহ (সা.)-এর জীবন, উন্নত চরিত্র ও মানবীয় আদর্শ পৌঁছে দেওয়ার মাধ্যমে তাদের মাঝে ইসলামের প্রকৃত ইতিহাস ও ঐতিহ্যের প্রতি ইতিবাচক আগ্রহ গড়ে উঠবে।
উল্লেখ্য, ইতিহাস, ঐতিহ্য ও তামাদ্দুনকে ধারণ করে রাবতা শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও পাঠাভ্যাস বৃদ্ধির পাশাপাশি তরুণ সমাজের মাঝে সিরাতচর্চা ছড়িয়ে দিতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।