পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা। সকাল ১০টায় এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ আয়োজিত এবারের বইমেলায় দেশি-বিদেশি ২০৬টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে পবিত্র কোরআনের তাফসির, হাদিস গ্রন্থ, সিরাত, ইসলামি দর্শন, ইতিহাস, গবেষণা, ধর্মীয় সাহিত্য এবং শিশু-কিশোরদের উপযোগী ইসলামি গ্রন্থসহ হরেক রকমের বই পাওয়া যাবে।
দেশের স্বনামধন্য প্রকাশনীগুলোর পাশাপাশি বিভিন্ন ইসলামি প্রকাশনা সংস্থা তাদের নতুন ও উল্লেখযোগ্য বইগুলো মেলায় প্রদর্শন ও বিক্রি করবে। ফলে ইসলামি সাহিত্য ও জ্ঞানচর্চায় আগ্রহী পাঠকেরা একই ছাদের নিচে সব বই সংগ্রহের অনন্য সুযোগ পাবেন।
ইসলামিক ফাউন্ডেশন আশা প্রকাশ করেছে, এ বইমেলার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পাঠাভ্যাস ও নৈতিক মূল্যবোধের প্রসার ঘটবে। বিশেষ করে তরুণ ও নতুন প্রজন্মের মাঝে রাসুল (সা.)-এর কালজয়ী জীবনাদর্শ এবং ইসলামের শান্তি, সাম্য ও মানবিক বার্তা ছড়িয়ে দিতে মেলাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।