হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

এপস্টেইন ফাইলস: রুশ নারীর সঙ্গে সম্পর্ক স্বীকার করে ক্ষমা চাইলেন বিল গেটস

আজকের পত্রিকা ডেস্ক­

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। ছবি: সংগৃহীত

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সখ্যতা ও বিতর্কিত মেলামেশার অভিযোগে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস শেষপর্যন্ত নিজের ভুলের জন্য অনুশোচনা প্রকাশ করেছেন। সম্প্রতি এপস্টেইন ফাইলস-সংক্রান্ত নতুন নথি ও ছবি প্রকাশিত হওয়ার পর তৈরি হওয়া বিতর্কের মুখে গেটস ফাউন্ডেশনের কর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে ফাউন্ডেশনের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

অভ্যন্তরীণ ওই বৈঠকে বিল গেটস স্বীকার করেন, এপস্টেইন ফাইলের নথিতে উল্লেখ করা হয়েছে, দুই রুশ নারীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। তবে তিনি দাবি করেছেন, ওই নারীদের সঙ্গে তাঁর সম্পর্কের সঙ্গে এপস্টেইনের যৌন নির্যাতনের শিকার ভুক্তভোগীদের কোনো যোগসূত্র নেই।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে প্রকাশিত নথিতে এপস্টেইনের সঙ্গে গেটসের একাধিক বৈঠক এবং কয়েকজন নারীর সঙ্গে তোলা ছবি প্রকাশের পর এই নতুন বিতর্ক শুরু হয়।

এপস্টেইনের সঙ্গে সময় কাটানো ও ফাউন্ডেশনের শীর্ষ কর্মকর্তাদের তাঁর সঙ্গে বৈঠকে যুক্ত করাকে ‘বিরাট ভুল’ হিসেবে আখ্যায়িত করেছেন বিল গেটস। তিনি কর্মীদের বলেন, ‘আমি আমার ভুলের জন্য দুঃখিত এবং আমার এই ভুলের কারণে যাঁরা বিব্রতকর পরিস্থিতির শিকার হয়েছেন, তাঁদের কাছে ক্ষমা চাচ্ছি।’

যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে গেটস কর্মীদের বলেন, ‘আমি বেআইনি কিছু করিনি এবং তেমন কিছু আমার চোখেও পড়েনি। আমি এপস্টেইনের আশপাশে থাকা কোনো ভুক্তভোগী নারীর সঙ্গে কখনো সময় কাটাইনি। আমার এই সম্পর্ক (দুই নারীর সঙ্গে) এপস্টেইনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে কোনোভাবেই জড়িত ছিল না।’

এদিকে এই বিতর্কের জেরেই চলতি মাসে ভারতে অনুষ্ঠিত ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন বিল গেটস। গুগলের সিইও সুন্দর পিচাই, ওপেনএআইয়ের স্যাম অল্টম্যানের সঙ্গে এই সম্মেলনে তাঁর মূল ভাষণ দেওয়ার কথা ছিল। তবে গেটস ফাউন্ডেশন এক বিবৃতিতে জানায়, মূল আয়োজন থেকে যেন নজর সরে না যায় এবং বিতর্ক যেন সম্মেলনকে ছাপিয়ে না যায়, সে জন্যই তিনি এই অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, এর আগে গেটস ফাউন্ডেশন জানিয়েছিল, তারা কখনো জেফরি এপস্টেইনকে কোনো অর্থ দেয়নি বা তাঁকে নিয়োগ দেয়নি।

আরও পড়ুন:

পরমাণু শক্তিধর হতে চাইলে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, সৌদি আরবকে ট্রাম্পের শর্ত

মাস্ক ও বেজোসের মহাকাশ ডেটা সেন্টার পৃথিবীর জন্য ‘বিপর্যয়কর’ হতে পারে: বিশেষজ্ঞদের সতর্কতা

জাহাজে হামলা করলেই ইরানের একটি সেতু বা বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হবে: ট্রাম্প

নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকি দিয়ে প্রশংসা কুড়ানো মামদানি জানালেন, তাঁর সেই ক্ষমতা নেই

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, আরও ৭০ বিলিয়নের আবেদন

নিকারাগুয়ায় আর কোনো নির্বাচন হবে না—প্রেসিডেন্ট ওর্তেগার ঘোষণা

মামদানির বক্তব্য উড়িয়ে ট্রাম্প বললেন, নেতানিয়াহু নিউইয়র্কে এলে গ্রেপ্তার হবেন না

স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো টানাপোড়েন নেই—ট্রাম্পের সাফাই

‘দূষিত বাতাস ছড়ানোয় মাশুল দিতে হবে’, এবার কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের