প্রশান্ত মহাসাগরে ভেসে থাকা অবস্থায় এক ক্রুজ জাহাজের পিয়ানোবাদককে জীবিত উদ্ধার করেছেন দুই জেলে। গত শুক্রবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলের অদূরে ক্যাটালিনা দ্বীপের কাছে সাগরে ভাসমান অবস্থায় ওই পিয়ানোবাদককে দেখতে পান জেলেরা। ধারণা করা হচ্ছে, জাহাজ থেকে পড়ে যাওয়ার পর প্রায় ৯ ঘণ্টা পানিতে ছিলেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) বিবিসির যুক্তরাষ্ট্রবিষয়ক সংবাদ সহযোগী সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তি রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ লাইনের কর্মী। তাঁর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। কোস্টগার্ড জানিয়েছে, তাঁকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। কীভাবে তিনি জাহাজ থেকে পানিতে পড়েছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।
উদ্ধারকারী দুই জেলে গ্রান্ট গ্যারেট ও শন নর্টন জানান, তাঁরা ক্যাটালিনা দ্বীপের কাছাকাছি মাছ ধরছিলেন। এ সময় পানিতে একজন মানুষকে হাত-পা নাড়তে দেখে দ্রুত নৌকা থামিয়ে তাঁকে উদ্ধারের উদ্যোগ নেন। গ্যারেট বলেন, প্রথমে তাঁরা বুঝতে পারেন, পানিতে একজন মানুষ রয়েছেন। এরপর মাছ ধরার সরঞ্জাম গুটিয়ে তাঁকে উদ্ধারে এগিয়ে যান।
নর্টন জানান, উদ্ধারের পর ওই ব্যক্তি তাঁকে শুধু বলেছিলেন, ‘ধন্যবাদ। আমার মনে হয়েছিল, আমি মারা যাব।’
ওই ব্যক্তি তাঁদের জানান, তিনি ১৪ ডেকবিশিষ্ট ‘ওভেশন অব দ্য সিজ’ ক্রুজ জাহাজের পিয়ানোবাদক। নিউপোর্ট বিচের লাইফগার্ড কর্মকর্তাদের ধারণা, রাত আড়াইটার দিকে তিনি জাহাজ থেকে সাগরে পড়ে যান। উদ্ধারের সময় জাহাজটি থেকে তাঁর দূরত্ব ছিল প্রায় ১৫ থেকে ২০ মাইল (২৪ থেকে ৩২ কিলোমিটার)।
নর্টনের মতে, সমুদ্রের অস্বাভাবিক উষ্ণ পানিই ওই ব্যক্তির বেঁচে থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি জানান, বর্তমানে প্রশান্ত মহাসাগরে পানির তাপমাত্রা প্রায় ৭৬ ডিগ্রি ফারেনহাইট (২৪ ডিগ্রি সেলসিয়াস)। অন্য কোনো বছরে এমন পরিস্থিতিতে তাঁর বেঁচে থাকা কঠিন হতো।
বিজ্ঞানীদের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রশান্ত মহাসাগরে বর্তমানে এল নিনোর প্রভাব রেকর্ড মাত্রায় শক্তিশালী। সমুদ্রের পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।
রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ওই কর্মীকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। তাঁর ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানিয়ে এ বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।