হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘কিংমেকার’ হতে চান মামদানি, যে কৌশলে এগোচ্ছেন

আজকের পত্রিকা ডেস্ক­

জোহরান মামদানি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার সাংবিধানিক যোগ্যতা নেই নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির। উগান্ডায় জন্মগ্রহণ করায় মার্কিন সংবিধান অনুযায়ী তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তবে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ডেমোক্রেটিক পার্টির রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান তিনি। নিজে প্রার্থী হওয়ার সুযোগ না থাকলেও প্রগতিশীল রাজনীতির প্রভাবশালী ‘কিংমেকার’ হয়ে ওঠার চেষ্টা করছেন মামদানি।

এ লক্ষ্যে শ্রমিক সংগঠনগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে ব্যক্তিগত বৈঠক করছেন নিউইয়র্কের এই মেয়র। ২০২৮ সালের নির্বাচনে শ্রমিকপন্থী কিংবা বামঘেঁষা একজন প্রার্থীকে সামনে আনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরছেন তিনি। আলোচনার বিষয়ে অবগত চার ব্যক্তি মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে এ তথ্য জানিয়েছেন।

মামদানির যুক্তি, মধ্যবর্তী নির্বাচনে প্রগতিশীলদের অর্জিত রাজনৈতিক গতি নষ্ট করার সুযোগ নেই। বরং এই সাফল্যকে কাজে লাগিয়ে ২০২৮ সালের নির্বাচনের আগেই বামপন্থী রাজনৈতিক শক্তিগুলোকে সংগঠিত করতে হবে।

তবে তাঁর এই তৎপরতার পেছনে একটি বড় অনিশ্চয়তাও কাজ করছে। মামদানির ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী ও নিউইয়র্কের কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-করতেজ (এওসি) ২০২৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, তা নিয়ে নিশ্চিত নন তিনি নিজেই। ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে মামদানি এ অনিশ্চয়তার কথা স্বীকার করেছেন বলে সূত্রগুলো জানিয়েছে।

ওকাসিও-করতেজ নির্বাচনে না দাঁড়ালে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক মনোনয়ন লড়াইয়ের সমীকরণ বদলে যেতে পারে। একই সঙ্গে দলটির প্রগতিশীল ও বিদ্রোহী বামপন্থী অংশ একজন শক্তিশালী প্রার্থী ছাড়াই প্রতিযোগিতায় পড়তে পারে।

এ পরিস্থিতিতে মামদানি প্রগতিশীল নেতাদের মধ্যে আগাম সমন্বয় গড়ে তুলতে চাইছেন। তাঁর পরিকল্পনার একটি অংশ হলো, কোনো মধ্যপন্থী প্রার্থী ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন দৌড়ে এগিয়ে গেলে এবং তাঁকে প্রগতিশীলরা গ্রহণ করতে না পারলে বামপন্থী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করা।

মামদানির সঙ্গে কথা বলা এক সূত্র অ্যাক্সিওসকে বলেন, ‘কোনো মধ্যপন্থী প্রার্থী যখন স্পষ্টভাবে এগিয়ে যেতে শুরু করবেন, তখন প্রগতিশীল রাজনৈতিক পরিমণ্ডল যেন দ্রুত, কৌশলগতভাবে এবং কার্যকর উপায়ে সংগঠিত হতে পারে, সেটিই চান মামদানি।’

এ ক্ষেত্রে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের উদাহরণ সামনে আনছেন মামদানির সহযোগীরা। সে সময় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা জো বাইডেনের পক্ষে ডেমোক্র্যাটদের সমর্থন একীভূত করতে ভূমিকা রেখেছিলেন বলে মনে করা হয়। এর ফলে বার্নি স্যান্ডার্সের বিরুদ্ধে বাইডেনের অবস্থান শক্তিশালী হয়েছিল। মামদানির পরিকল্পনাতেও একই ধরনের রাজনৈতিক সমন্বয়ের ইঙ্গিত রয়েছে।

শ্রমিক সংগঠন ঘিরে তৎপরতা

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে মামদানির উদ্যোগের অন্যতম কেন্দ্রবিন্দু যুক্তরাষ্ট্রের শ্রমিক আন্দোলন। গত মাসে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব পেইন্টার্স অ্যান্ড অ্যালায়েড ট্রেডসের (আইইউপিএটি) সভাপতি জিমি উইলিয়ামস জুনিয়রকে গ্রেসি ম্যানশনে আমন্ত্রণ জানান তিনি।

বৈঠকে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে উইলিয়ামস কাকে পছন্দ করেন এবং তাঁর শ্রমিক সংগঠন কীভাবে নির্বাচনে প্রার্থীকে আনুষ্ঠানিক সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয়, তা জানতে চান মামদানি। এমনকি উইলিয়ামস নিজে কখনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ভেবেছেন কি না, সেটিও জানতে চান তিনি।

মামদানির এই যোগাযোগ শুধু উইলিয়ামসের মধ্যেই সীমাবদ্ধ নয়। সম্প্রতি অ্যাসোসিয়েশন অব ফ্লাইট অ্যাটেনডেন্টস-সিডব্লিউএর সভাপতি সারা নেলসনের সঙ্গেও ২০২৮ সালের নির্বাচন ও অন্যান্য বিষয় নিয়ে বৈঠক করেছেন তিনি। পাশাপাশি ইউনাইটেড অটো ওয়ার্কার্সের (ইউএডব্লিউ) সভাপতি শন ফেইনের সঙ্গে শিগগিরই বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে তাঁর।

উইলিয়ামস, নেলসন ও ফেইনকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রগতিশীল শ্রমিকনেতাদের অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। ফলে তাঁদের সঙ্গে মামদানির যোগাযোগকে ২০২৮ সালের নির্বাচনে শ্রমিক সংগঠনগুলোর সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক প্রভাব কাজে লাগানোর প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

উইলিয়ামস অ্যাক্সিওসকে বলেছেন, নির্বাচনের বিভিন্ন স্তরে শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রার্থী হওয়ার বিষয়টিকে তিনি ‘সম্পূর্ণভাবে সমর্থন’ করেন। তিনি বলেন, ‘আমরা একজন আয়রনওয়ার্কারকে কংগ্রেসে পাঠিয়েছি। আমরা আইইউপিএটির একজন সদস্যকে সিনেটে পাঠিয়েছি।’

মধ্যবর্তী নির্বাচনে শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ডেমোক্র্যাটদের বিজয়ের প্রসঙ্গ টেনে তিনি এ মন্তব্য করেন। তবে নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো আগ্রহ তাঁর নেই। এদিকে মামদানি, ফেইন ও নেলসনের মুখপাত্ররা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

করতেজের সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা

ওকাসিও-করতেজের রাজনৈতিক ভবিষ্যৎ এখন প্রগতিশীল শিবিরের অন্যতম আলোচ্য বিষয়। অনেকের ধারণা, তিনি ২০২৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনের পরিবর্তে সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার দিকেই বেশি ঝুঁকছেন। যদিও এওসি জানিয়েছেন, দুটি সম্ভাবনাই তিনি বিবেচনা করছেন। তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের একাংশ আশা করছেন, মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে প্রগতিশীলদের সাফল্য তাঁকে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করবে।

তবে গত সপ্তাহের দেশজুড়ে অনুষ্ঠিত নির্বাচনে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভোটারদের অবস্থানের মধ্য দিয়ে ডেমোক্রেটিক পার্টির মধ্যপন্থী ও বামপন্থী—উভয় ধারার প্রার্থীরাই জয় পেয়েছেন। ফলে মধ্যবর্তী নির্বাচনের ফলাফল ২০২৮ সালে বামপন্থী প্রার্থীর পক্ষে মধ্যপন্থীদের তুলনায় বেশি শক্তিশালী যুক্তি তৈরি করেছে, এমনটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

গত মাসে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানিকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি ওকাসিও-করতেজকে প্রেসিডেন্ট নির্বাচনে দেখতে চান? জবাবে তিনি বলেন, ‘আমি চাই, এওসি যা করতে চান, তিনি সেটাই করুন।’ একই সঙ্গে তাঁকে ‘অনুপ্রেরণার উৎস’ বলে উল্লেখ করেন মামদানি।

বিকল্প প্রার্থী খুঁজছে প্রগতিশীলরা

এওসির সিদ্ধান্ত অনিশ্চিত থাকায় প্রগতিশীলদের একটি অংশ বিকল্প প্রার্থী খুঁজতে শুরু করেছে। কেউ কেউ আশা করছেন, মিশিগানের নবনির্বাচিত সিনেটর আবদুল এল-সাইয়েদ ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি বিবেচনা করবেন। অন্যদিকে ক্যালিফোর্নিয়ার কংগ্রেস সদস্য রো খান্নার পক্ষে অবস্থান নিচ্ছেন অনেকে। ধারণা করা হচ্ছে, খান্নাও নির্বাচনে প্রার্থী হতে পারেন।

উদারপন্থী সাময়িকী দ্য নেশনের সভাপতি ভাস্কর সুনকারাও প্রগতিশীলদের প্রার্থী নির্বাচন নিয়ে অবস্থান তুলে ধরেছেন। ২০২০ সালের নির্বাচনে তিনি বার্নি স্যান্ডার্সের সমর্থক হিসেবে কাজ করেছিলেন। গত গ্রীষ্মে এক মতামতধর্মী নিবন্ধে তিনি ওকাসিও-করতেজকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আহ্বান জানান। তবে সাম্প্রতিক সময়ে তিনি শ্রমিক আন্দোলন থেকে একজন প্রার্থী বেছে নেওয়ার ধারণাকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

সুনকারা অ্যাক্সিওসকে বলেন, ‘শ্রমজীবী ভোটাররা যখন নিজেদের এই লড়াইয়ের অংশ হিসেবে দেখতে পান, তখনই কেবল প্রগতিশীল চিন্তাধারা নির্বাচনে জয়ী হয়। আর প্রেসিডেন্ট পদে কোনো পেশাদার রাজনীতিকের পরিবর্তে একজন প্রকৃত শ্রমিককে প্রার্থী করার চেয়ে শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করার ভালো উপায় আর নেই।’

শ্রমিকনেতাদের মধ্যে শন ফেইন ধনকুবেরদের বিরুদ্ধে কঠোর বক্তব্যের জন্য পরিচিত। সারা নেলসন যোগ দিয়েছিলেন স্যান্ডার্সের ‘ফাইটিং অলিগার্কি’ সফরে। অন্যদিকে জিমি উইলিয়ামস ২০২৫ সালে লিখেছিলেন, ‘গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানো প্রথম দিককার শ্রমিক সংগঠনগুলোর মধ্যে আমার সংগঠন ছিল, এ জন্য আমি গর্বিত।’

ফেইনকে ঘিরেও প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আলোচনা রয়েছে। তাঁর নেতৃত্বাধীন ইউনাইটেড অটো ওয়ার্কার্সের সমর্থন মিশিগানের নবনির্বাচিত সিনেটর এল-সাইয়েদের নির্বাচনী বিজয়ে সহায়তা করেছিল। কিছু বামপন্থী অধিকারকর্মী ও রাজনৈতিক সংগঠক ফেইনকে ২০২৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি বিবেচনা করতে উৎসাহিত করেছেন। তবে গত মাসে ডেট্রয়েট নিউজকে তিনি জানিয়েছেন, নির্বাচনে অংশ নেওয়ার ‘কোনো পরিকল্পনা’ তাঁর নেই।

সব মিলিয়ে ২০২৮ সালের নির্বাচনে মামদানির লক্ষ্য শুধু একজন প্রার্থীকে সমর্থন করা নয়; বরং প্রগতিশীল রাজনীতির জন্য একটি সমন্বিত রাজনৈতিক শক্তি গড়ে তোলা। ওকাসিও-করতেজের সিদ্ধান্ত, শ্রমিক সংগঠনগুলোর অবস্থান এবং ডেমোক্রেটিক পার্টির মধ্যপন্থী ও বামপন্থী অংশের প্রতিযোগিতা শেষ পর্যন্ত তাঁর এই পরিকল্পনার সাফল্য নির্ধারণ করবে। নিজে প্রেসিডেন্ট হতে না পারলেও ২০২৮ সালের নির্বাচনে কে প্রার্থী হবেন এবং প্রগতিশীলরা কার পক্ষে ঐক্যবদ্ধ হবেন, সেই সিদ্ধান্তে প্রভাব বিস্তার করতে পারলে মামদানি সত্যিই হয়ে উঠতে পারেন মার্কিন রাজনীতির একজন গুরুত্বপূর্ণ কিংমেকার।

মার্কিন যুদ্ধমন্ত্রী হেগসেথকে সরাতে উঠেপড়ে লেগেছে ডেমোক্র্যাটরা

ইরানের সঙ্গে ফের যুদ্ধের সম্ভাবনা খুবই কম, তবে আমরা প্রস্তুত: ট্রাম্প

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে প্রেম, স্বীকার করে বলছেন—‘স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকিনি’

মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি: লড়াইয়ের প্রস্তুতি ট্রাম্পের

স্টিফেন মিলারের চিফ অব স্টাফ হওয়ার নেপথ্যে তাঁর স্ত্রী কেটি

প্রতি রাজনৈতিক পোস্টে ৫০০০ ডলার নেন লরা লুমার, ট্রাম্প-ঘনিষ্ঠতা যাঁর ঈর্ষণীয়

ইরানের সঙ্গে সম্পর্ক: কানাডার ৮ মানি এক্সচেঞ্জের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

নির্বাচনে বিপর্যয়ের পর চিফ অব স্টাফকে সরালেন ট্রাম্প

‘কর্ণাটকের জামাই’ আবদুল এল-সাইয়েদের জয়ে উচ্ছ্বসিত ভারতীয় স্বজনেরা

৫৪৮ আসামির মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর