হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইরানে আপাতত নতুন হামলার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ইরানে আপাতত নতুন করে হামলার কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রয়োজন হলে সামরিক পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে সংঘাত আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প—এমন জল্পনার মধ্যেই গতকাল মঙ্গলবার ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান অচলাবস্থায় যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত যা চেয়েছে, তার সবই অর্জন করছে বলে মনে হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলতি সপ্তাহের শেষ দিকে ইরানে হামলার জোরালো ইঙ্গিত দিয়েছেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘আমি প্রস্তুত, আমরাও প্রস্তুত। প্রয়োজন হলে আমরা পুরোপুরি প্রস্তুত অবস্থায় রয়েছি। তবে এর কোনো প্রয়োজন নাও হতে পারে।’

মঙ্গলবার যুক্তরাষ্ট্রজুড়ে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে ট্রাম্পের এই বক্তব্য আসে। মূল্যস্ফীতি এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্তের পর জ্বালানির মূল্যবৃদ্ধি এবারের নির্বাচনে ভোটারদের প্রধান উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।

এর আগে সোমবার হরমুজ প্রণালির কেশম দ্বীপে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে এসব হামলা চালানো হয়েছে। ট্রাম্প দাবি করেন, মধ্যবর্তী নির্বাচনের পর জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে কমে আসবে। তাঁর ভাষ্য, যুদ্ধের আগের তুলনায় বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে বেশি তেল পরিবাহিত হচ্ছে। পারস্য উপসাগর থেকে অপরিশোধিত তেল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে তেল চলাচল বাড়ার পাশাপাশি ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ তেহরানের অর্থনীতিকে কার্যকরভাবে চাপে ফেলেছে।

ট্রাম্প বলেন, ‘এটি একটি চমৎকার পরিস্থিতি।’

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রকৃত অর্থে যুদ্ধে জড়ায়নি বলেও দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, বি-২ বোমারু বিমান দিয়ে হামলা চালিয়ে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছে। এরপর ‘এপিক ফিউরি’সহ আরও হামলা চালানো হয়েছে। তবে তাঁর মতে, দীর্ঘ সময় ধরে, ছয় মাস বা তারও বেশি সময় ধরে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রকৃত অর্থে কোনো যুদ্ধ হয়নি।

তিনি বলেন, ‘আমি এটিকে ইউক্রেনের যুদ্ধ কিংবা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো যুদ্ধ হিসেবে বিবেচনা করি না।’

ইরানে সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা আগাম প্রকাশ করবেন না বলে জানান ট্রাম্প। তবে ইরানের কাছে থাকা প্রায় এক হাজার পাউন্ড সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের ভবিষ্যৎ নিয়ে তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চলছে বলে জানান তিনি। এই ইউরেনিয়ামের মজুতকে ট্রাম্প ‘নিউক্লিয়ার ডাস্ট’ বা ‘পারমাণবিক ধূলিকণা’ বলে অভিহিত করেন।

ট্রাম্প বলেন, ওই ইউরেনিয়াম শত শত টন পাথরের নিচে চাপা পড়ে থাকলেও সেখানে এর উপস্থিতি নিয়ে তিনি সন্তুষ্ট নন। বিষয়টি ইরানের সঙ্গে আলোচনার অন্যতম ইস্যু। এ নিয়ে আলোচনা চলছে এবং শেষ পর্যন্ত কী হয়, তা দেখা যাবে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় অগ্রগতির সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। গত কয়েক দিনে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ১০ ডলারের বেশি কমে প্রায় ১০৪ ডলারে নেমে এসেছে। তবে মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পেট্রলের গড় দাম দেশটির ইতিহাসে যেকোনো প্রশাসনের আমলের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

সাক্ষাৎকারে ট্রাম্পের বক্তব্যে ইরান ইস্যুতে তুলনামূলক সংযত অবস্থান দেখা গেছে। তবে দেশটির সঙ্গে সংঘাতের বিষয়ে প্রশ্নের উত্তর দিলেও তিনি বেশি গুরুত্ব দিয়েছেন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের সম্ভাব্য বিজয় নিয়ে। এতে ইঙ্গিত মিলেছে, অন্তত সাময়িকভাবে যুক্তরাষ্ট্রের সামরিক প্রধান হিসেবে দায়িত্ব পালনের চেয়ে নির্বাচনী রাজনীতিতেই তাঁর মনোযোগ বেশি।

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: কংগ্রেসের দুই কক্ষেই নিয়ন্ত্রণ হারাল ক্ষমতাসীনেরা

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: প্রথম মুসলিম সিনেটর হলেন আবদুল এল-সাইয়েদ

জলে গেল ৪৭৪ মিলিয়ন ডলার, রিপাবলিকানদের হারে মাস্কের মুখে কুলুপ

ব্যালটে আমার নাম না থাকার কারণেই রিপাবলিকানরা হারছে: ‘মি. ভেটো’ ট্রাম্প

রিপাবলিকানদের একাধিক ঘাঁটি ধসিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

মার্কিন সিনেটের ৩৫ আসনের নির্বাচনে ১৫টিতেই জয়ী ডেমোক্র্যাটরা, এগিয়ে ৩ টিতে

ট্রাম্পের দুর্গে ডেমোক্র্যাটদের হানা

ইসরায়েলপন্থী সিনেটরের আসনে ৩ দশক পর জিতল ডেমোক্র্যাটরা

বিলিয়নিয়ারকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন তিনি

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: হাউস ও সিনেট উভয় কক্ষেই হারের পথে ট্রাম্পের দল