হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে ফের হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: আইডিএফ

ইসরায়েলের প্রধান তিনটি টেলিভিশন নেটওয়ার্ক একযোগে সংবাদ প্রকাশ করেছে যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ায় ইসরায়েল ইরানে ফের হামলার প্রস্তুতি নিচ্ছে। গতকাল রোববার প্রতিরক্ষা কর্মকর্তারা সমন্বিতভাবে এই তথ্য ফাঁস করেছেন বলে মনে করা হচ্ছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক সপ্তাহ পার হওয়ার আগেই এই প্রস্তুতির খবর এল। এর মাত্র একদিন আগে ইসলামাবাদে স্থায়ীভাবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধের লক্ষ্যে আয়োজিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়।

গতকাল রোববার সকালেই ওয়াইনেট নিউজ সাইট জানিয়েছিল, আইডিএফ চিফ অব স্টাফ লেফট্যানেন্ট জেনারেল ইয়াল জামির সামরিক বাহিনীকে ‘উচ্চ সতর্কতায়’ থাকার নির্দেশ দিয়েছেন এবং ইরানের সঙ্গে পুনরায় লড়াই শুরুর প্রস্তুতি নিতে বলেছেন। এরপর সন্ধ্যায় চ্যানেল ১২ নিউজ কোনো সূত্রের নাম উল্লেখ না করেই জানায়, আইডিএফ কেবল ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধের প্রস্তুতিই নিচ্ছে না, বরং ইসরায়েলের ওপর ইরানের সম্ভাব্য আকস্মিক হামলার মোকাবিলার প্রস্তুতিও নিচ্ছে।

অন্যদিকে, রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান এক ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে জানায়, ‘ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করতে আগ্রহী।’ কারণ হিসেবে বলা হয়েছে, যুদ্ধ ‘খুব দ্রুত শেষ হয়ে গেছে এবং পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইস্যুতে ইরানের ওপর যথেষ্ট চাপ তৈরি করা সম্ভব হয়নি।’

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। সিদ্ধান্ত আসামাত্রই ইরানের জ্বালানি অবকাঠামোতে আঘাত হেনে দেশটির পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে চাপ সৃষ্টি করবে ইসরায়েলি সামরিক বাহিনী। চ্যানেল ১৩-ও একইভাবে জানিয়েছে, আইডিএফ-এর সতর্কতার মাত্রা ‘উল্লেখযোগ্যভাবে’ বাড়ানো হয়েছে। জামির সামরিক বাহিনীকে ‘অবিলম্বে যুদ্ধ শুরুর প্রস্তুতি নিতে এবং কমব্যাট রেডিনেস প্রসিডিউর বা লড়াইয়ের প্রস্তুতি প্রক্রিয়া শুরু করার’ নির্দেশ দিয়েছেন।

আইডিএফ এসব প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে গত সপ্তাহে দক্ষিণ লেবানন সফরের সময় জামির বলেছিলেন, সামরিক বাহিনী ‘যেকোনো মুহূর্তে প্রয়োজনে পূর্ণ শক্তি নিয়ে ইরানে লড়াইয়ে ফিরতে প্রস্তুত।’

এ ছাড়া, মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল রোববার কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, শান্তি আলোচনার অচলাবস্থা ভাঙতে ট্রাম্প ও তাঁর উপদেষ্টারা ইরানে সীমিত সামরিক হামলা পুনরায় শুরু করার পাশাপাশি হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ আরোপের বিষয়টিও খতিয়ে দেখছেন। কর্মকর্তারা দ্য জার্নালকে জানিয়েছেন, ট্রাম্প সম্ভবত পূর্ণাঙ্গ সামরিক অভিযানে পুনরায় যেতে চাইবেন না, কারণ দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রতি তাঁর অনীহা রয়েছে। এতে আরও বলা হয়, ট্রাম্প ইরানের ওপর সাময়িকভাবে অবরোধ আরোপ করতে পারেন এবং মিত্র দেশগুলোকে ওই প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সময় সশস্ত্র পাহারার ব্যবস্থা করতে বাধ্য করার চেষ্টা করতে পারেন।

লেবাননের শিশু তালিন: জন্ম যুদ্ধে, বাবার জানাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার দরজা বন্ধ হয়নি, মধ্যস্থতাকারীদের ফের দৌড়ঝাঁপ

চুক্তি না হলেও আলোচনা ‘বন্ধুত্বপূর্ণ’, অগ্রগতিও দেখছে ইরান-যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে আস্থা নেই, প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে দুনিয়া চষে বেড়াচ্ছে আরবরা

ট্রাম্পের হুমকিতে মাথা নত করবে না ইরান, নাগরিকদের রাজপথ দখলের আহ্বান

হরমুজ নয়, কেবল ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ ঘোষণা, কার্যকর আজ থেকেই

ইসলামাবাদ বৈঠক: আলোচনা হলো, ফলাফল নেই

দক্ষিণ লেবাননে একের পর এক গ্রাম মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইসরায়েল

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে নিহত ৩৩৭৫

ইরান যুদ্ধে ইসরায়েলের ব্যয় ১১৫০ কোটি ডলার