হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি হত্যাযজ্ঞের সমালোচনা নেই, হামাসকে ‘বর্বর জানোয়ার’ আখ্যা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

আজকের পত্রিকা ডেস্ক­

ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: এএফপি

ইসরায়েল সফরে গিয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে ‘বর্বর জানোয়ার’ আখ্যা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশগুলোকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। তবে, তিনি গাজায় ইসরায়েলি বর্বরতা নিয়ে একটি শব্দও ব্যয় করেননি।

মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, গতকাল সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে রুবিও বলেন, বিভিন্ন দেশের স্বীকৃতির ঘোষণা ‘আসলে প্রতীকী মাত্র’ এবং এতে হামাস আরও উৎসাহিত হচ্ছে। তিনি দাবি করেন, এসব পদক্ষেপে শান্তি প্রতিষ্ঠার কোনো অগ্রগতি হয় না।

রুবিও অভিযোগ করেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার বা পদক্ষেপ শান্তির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তিনি বলেন, ‘এগুলোর কোনো প্রভাব নেই ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথে, বরং এতে হামাস আরও উৎসাহিত হয়।’

এর আগে, ২০২৪ সালের মে মাসে ইসরায়েলের গাজায় গণহত্যার মধ্যে নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ড ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। জাতিসংঘে ইতিমধ্যে ১৪৬টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এদিকে যুক্তরাজ্য ও ফ্রান্স জানিয়েছে, তারা ইসরায়েলের কর্মকাণ্ডের জবাবে সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।

নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে রুবিও আবারও যুক্তরাষ্ট্রের ‘অটল সমর্থনের’ আশ্বাস দেন ইসরায়েলকে। একই সঙ্গে তিনি হামাসকে আখ্যা দেন ‘বর্বর জানোয়ার’ হিসেবে। রুবিও বলেন, ‘গাজার মানুষ একটি সুন্দর ভবিষ্যৎ পাওয়ার অধিকার রাখে। তবে সেই ভবিষ্যৎ শুরু হবে কেবল তখনই, যখন হামাসকে ধ্বংস করা হবে।’

সফরে রুবিও কাতারে ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, হামলায় হতাহত হলেও যুক্তরাষ্ট্র কাতারের গঠনমূলক ভূমিকার প্রত্যাশা করে যাচ্ছে। অন্যদিকে নেতানিয়াহু দোহায় হামলার পক্ষে যুক্তি দিয়ে বলেন, সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় দেওয়া যায় না। তিনি ৯ / ১১-পরবর্তী যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের সঙ্গে ইসরায়েলের হামলার তুলনা করেন।

গত ৯ সেপ্টেম্বর দোহায় হামলায় ছয়জন নিহত হন। তাঁদের মধ্যে ছিলেন হামাস নেতা খালিল আল-হাইয়ার ছেলে, একজন দপ্তর সহকারী ও কাতারের এক নিরাপত্তাকর্মী। তবে হামাসের কোনো শীর্ষ নেতা হতাহত হননি।

এ ঘটনায় কাতারের পাশে দাঁড়িয়েছে উপসাগরীয় ও বৈশ্বিক শক্তিগুলো। সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদও জরুরি বৈঠকের ডাক দিয়েছে। কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি ইসরায়েলের এই হামলাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ বলে উল্লেখ করেছেন।

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর জ্বালানি সরবরাহ ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছে ইরান

সরকার নয়, খামেনির প্রতি আনুগত্য প্রকাশ ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর

বাহরাইনে মার্কিন ড্রোন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

মার্কিন হামলার জবাবে জর্ডান-কুয়েত ও বাহরাইনে হামলা ইরানের

যুক্তরাষ্ট্রের এফ–৩৫ পেতে রাশিয়ার এস–৪০০ বেচে দিচ্ছে তুরস্ক, সম্ভাব্য ক্রেতা কারা

খামেনি হত্যার প্রতিশোধ: ইরানি পত্রিকার তালিকায় ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ নেতা

ইরানের হরমুজকে পাশ কাটাতে ইরাক-সিরিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন চাল

হরমুজে জাহাজে হামলা: ১০ ভারতীয় নাবিক উদ্ধার, নিখোঁজ ১

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন

ফিলিস্তিনে ইসরায়েলি সেটলারদের বন্দুকের মুখে আটক মার্কিন কংগ্রেসম্যান