সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবের রাজধানী রিয়াদসহ বিভিন্ন এলাকায় হুতি বিদ্রোহীদের হামলা এবং ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিশেষ অভিযান শুরুর পরিপ্রেক্ষিতে এ সতর্কতা জারি করা হয়েছে।
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা জানায়, সৌদি আরবে মার্কিন দূতাবাস এক সতর্কবার্তায় বলেছে, ইরান ও দেশটির সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবে মার্কিন স্বার্থ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এই অবস্থায় নাগরিকদের সৌদি আরব ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে দূতাবাস।
মার্কিন দূতাবাস নাগরিকদের ইয়েমেন ভ্রমণও এড়ানোর আহ্বান জানিয়েছে। সতর্কবার্তায় দূতাবাস বলেছে, ইয়েমেনে ‘সন্ত্রাসবাদ’ সংশ্লিষ্ট ঝুঁকি রয়েছে।