হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে আরও ভূমি দখল করছে ইসরায়েল

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: এএফপি

লেবাননের দক্ষিণাঞ্চলে কথিত ইয়েলো লাইন দিয়ে বাফার জোন বানিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। এখন দখল করা এলাকা আরও বাড়ানোর পাঁয়তারা চলছে। গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে বাফার জোনের বাইরে আরও সাত শহরের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দেয় আইডিএফ।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আইডিএফের এক মুখপাত্র অভিযোগ করেছেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে। তাই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে ইসরায়েল। এ জন্য বিজ্ঞপ্তিতে থাকা এলাকা থেকে উত্তর ও পশ্চিম দিকে সরে যেতে আদেশ দেওয়া হচ্ছে সবাইকে।

এদিকে, বিজ্ঞপ্তি দেওয়ার কয়েক ঘণ্টা পর ওই সব এলাকায় ইসরায়েল হামলা শুরু করে বলে অভিযোগ উঠেছে। লেবাননি বার্তা সংস্থা এনএনএর বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, সাত শহরের একটি কেফার তিবনিতে বিমান হামলা হয়েছে। এতে হতাহতের খবর পাওয়া গেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যৌথ হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। একপর্যায়ে ইরানের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা করে বসে ইরানের মদদপুষ্ট হিজবুল্লাহ। প্রতিক্রিয়ায় লেবাননে হিজবুল্লাহকে দমনের কথা বলে সামরিক অভিযান শুরু করে আইডিএফ। ৮ এপ্রিল থেকে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চললেও লেবাননে হামলা থামেনি। ১৭ এপ্রিল ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এর দুদিন পরই ইসরায়েল-লেবানন সীমান্ত থেকে লেবাননের প্রায় ১০ কিলোমিটার ভেতরের এলাকায় বাফার জোন প্রতিষ্ঠা করে ইসরায়েল। এর সীমানা নির্ধারণে ঘোষণা করা হয় কথিত এক ইয়েলো লাইন। বিশেষজ্ঞরা বলছেন, গাজায় যেভাবে ইয়েলো লাইনের কথা বলে কার্যত সেনাবাহিনী দিয়ে দখল করা হচ্ছে, সেই একই প্রক্রিয়ায় লেবাননেও এলাকা দখলের ছক কষছে ইসরায়েল।

প্রসঙ্গত, বাফার জোন বলতে সেই এলাকা বোঝায়, যা সুনির্দিষ্ট কোনো দেশের অধীনে নয় এবং যা দুই বিবদমান পক্ষের মধ্যে অবস্থান করবে।

নতুন হামলার যুক্তি হিসেবে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনেছে ইসরায়েল। সিএনএনের খবরে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়তাহু গতকাল দাবি করেছেন, হিজবুল্লাহ যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তাই লেবাননে ‘বলপ্রয়োগ করে অভিযান চালাচ্ছে’ আইডিএফ। আগের দিন তিনি দাবি করেছিলেন, ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন হামলা চালিয়েছিল হিজবুল্লাহ। এর প্রতিক্রিয়ায় আইডিএফকে শক্তি প্রয়োগের আদেশ দিয়েছেন। আইডিএফ দাবি করেছিল, তাদের গভীর রাতের অভিযানে হিজবুল্লাহর একাধিক অবকাঠামো ধ্বংস করা হয়েছে।

এদিকে, গতকাল হিজবুল্লাহ দাবি করে, লেবাননে মোতায়েন একাধিক ইসরায়েলি সেনার ওপর তারা হামলা করেছে। এমনকি ওই সেনাদের উদ্ধারে আসা দলও তাদের হামলার শিকার হয়েছে।

মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে শত্রুতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে, যদিও উভয় পক্ষ একে অপরের ওপর গুলি চালানো অব্যাহত রেখেছে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য পরস্পরকে দোষারোপ করছে। ২ মার্চ হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সর্বশেষ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় প্রায় ২ হাজার ৫০০ জন নিহত হয়েছে।

লেবাননের ভঙ্গুর যুদ্ধবিরতি ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছে। কারণ, মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি আরও তিন সপ্তাহের জন্য বর্ধিত হওয়া সত্ত্বেও ইসরায়েল ও হিজবুল্লাহ একে অপরের ওপর হামলা বাড়িয়েছে।

এর আগে গতকাল রোববার হিজবুল্লাহ জানায়, যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করার পর তারা দক্ষিণ লেবাননের তাইবেহতে একটি উড়ন্ত গ্লাইডার দিয়ে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়েছে। হিজবুল্লাহ বলেছে, এই হামলায় ‘নিশ্চিতভাবে আঘাত হানা হয়েছে’। পরে ইসরায়েল দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করে।

গাজায় আশার আলো জাগাতে একসঙ্গে ৩০০ জুটির বিয়ে

মধ্যপ্রাচ্যে ইরানি হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি প্রকাশিত তথ্যের চেয়ে অনেক বেশি

প্রবল পরাক্রমে লেবাননে হামলার নির্দেশ নেতানিয়াহুর

ওমান সফর শেষে ফের পাকিস্তানে আসবেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধের অবসান হয়, পাকিস্তানের কাছে এমন প্রস্তাবই দেওয়া হয়েছে: আরাঘচি

দাবি ও আপত্তির বিষয়ে পাকিস্তানকে জানিয়েছে ইরান, হবে না সরাসরি আলোচনা

ইরানে এখন সিদ্ধান্ত নিচ্ছে কে

ফিলিস্তিনে নির্বাচন নাকি দায়সারা আনুষ্ঠানিকতা

ইসরায়েলি হামলার মধ্যেই ফিলিস্তিনে চলছে স্থানীয় সরকার নির্বাচন

পাকিস্তানে আরাঘচি, যুক্তরাষ্ট্রের মুখোমুখি না হয়েই করবেন শান্তি আলোচনা