গত ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যবর্তী তিন বছরে ইসরায়েল ত্যাগ করেছেন প্রায় ১ হাজার ৪০০ জন চিকিৎসক। এক দশক আগের তুলনায় চিকিৎসকদের এই দেশত্যাগের সংখ্যা প্রায় দ্বিগুণ (৯৪ শতাংশ বৃদ্ধি)। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর (সিবিএস) তথ্যের ওপর ভিত্তি করে গতকাল রোববার এই গবেষণা প্রতিবেদনে প্রকাশিত হয়। এতে দেখা যায়, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে মোট ১ হাজার ৩৬৯ জন চিকিৎসক স্থায়ী বা দীর্ঘমেয়াদে দেশ ছেড়েছেন। অথচ এর এক দশক আগে অর্থাৎ ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে এই সংখ্যা ছিল মাত্র ৭০৫ জন।
গবেষণার বার্ষিক পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, ২০২৩ সালে ৪১৯ জন চিকিৎসক দেশত্যাগ করেন। ২০২৪ সালে ৫৩০ জন চিকিৎসক ইসরায়েল ছাড়েন, যা পর্যালোচিত মেয়াদের মধ্যে সর্বোচ্চ বার্ষিক রেকর্ড। আর ২০২৫ সালে দেশ ছেড়েছেন প্রায় ৪২০ জন চিকিৎসক।
গবেষণায় আরও দেখা গেছে, অভিজ্ঞ চিকিৎসকদের দেশ ছাড়ার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০২৩-২০২৫ মেয়াদে দেশ ছাড়া মোট চিকিৎসকদের মধ্যে ৪৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী জ্যেষ্ঠ চিকিৎসকের হার ছিল প্রায় ২০ শতাংশ। এক দশক আগে অর্থাৎ ২০১৩-২০১৫ সালে এটি ছিল মাত্র ১৪ শতাংশ।
সংখ্যাগত দিক হিসাব করলে, ৪৫ বছর বা তার বেশি বয়সী জ্যেষ্ঠ চিকিৎসকদের দেশ ছাড়ার সংখ্যা ২০১৩-২০১৫ সালের প্রায় ১০০ জন থেকে বেড়ে ২০২৩-২০২৫ সালে ২৭০ জনে পৌঁছেছে, যা প্রায় তিন গুণের কাছাকাছি।
তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সতর্ক করে জানিয়েছেন, জ্যেষ্ঠ ও দক্ষ চিকিৎসকদের দেশত্যাগের ফলে ইসরায়েলের সার্বিক স্বাস্থ্যসেবা খাত মারাত্মক সংকটে পড়তে পারে। কারণ একজন অভিজ্ঞ চিকিৎসকের ঘাটতি পূরণ করা অত্যন্ত সময়সাপেক্ষ ও ব্যয়বহুল বিষয়। গবেষণায় আরও উল্লেখ করা হয়, বিগত তিন বছরে যে সংখ্যক চিকিৎসক দেশ ছেড়েছেন, তা ইসরায়েলের শীর্ষস্থানীয় কয়েকটি বড় হাসপাতালে নিয়োজিত মোট চিকিৎসকের সংখ্যার চেয়েও বেশি।