হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত’ ইরান, আছে যুক্তরাষ্ট্রকে ‘চমকে দেওয়ার সক্ষমতা’

আজকের পত্রিকা ডেস্ক­

কামাল খাজরাজি ও আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত

ইরানের কৌশলগত পররাষ্ট্র সম্পর্ক পরিষদের প্রধান বলেছেন, যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে তারা কূটনীতির ভাষা বোঝে না এবং তেহরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রকে চমকিত করে দেওয়ার মতো বা অভিভূত করে দেওয়ার মতো সক্ষমতা ইরানের ভান্ডারে আছে। খবর প্রেস টিভির

সিএনএনকে এক সাক্ষাৎকারে ইরানের কৌশলগত পররাষ্ট্র সম্পর্ক পরিষদের প্রধান কামাল খাররাজি বলেন, ‘আমি আর কূটনীতির কোনো সুযোগ দেখছি না। কারণ, (মার্কিন প্রেসিডেন্ট) ডোনাল্ড ট্রাম্প অন্যদের প্রতারিত করেন এবং নিজের প্রতিশ্রুতি রক্ষা করেন না। আমরা দুই দফা আলোচনায় এর অভিজ্ঞতা পেয়েছি। যখন আমরা আলোচনা করছিলাম, তখনই তারা আমাদের ওপর হামলা চালিয়েছে।’

তবে তিনি উল্লেখ করেন, অর্থনৈতিক চাপ এমন পর্যায়ে বৃদ্ধি পেতে পারে, যা অন্য দেশগুলোকে ইরানবিরোধী মার্কিন-ইসরায়েলি আগ্রাসন বন্ধের গ্যারান্টি দিতে পদক্ষেপ নিতে বাধ্য করবে। খাররাজি বলেন, ‘পারস্য উপসাগরীয় আরব দেশ এবং অন্য দেশগুলোকে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করতে হবে।’

এই যুদ্ধ মুদ্রাস্ফীতি এবং জ্বালানি সংকটের মাধ্যমে অন্যদের ওপর প্রচুর অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘যদি এটি চলতে থাকে, তবে এই চাপ আরও বাড়বে এবং এর ফলে অন্যদের হস্তক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।’

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান হামলা শুরু করে। এর মাত্র আট মাস আগে তারা দেশটিতে উসকানিমূলক আক্রমণ চালিয়েছিল। ২৮ ফেব্রুয়ারির হামলায় ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি নিহত হন।

এমন এক সময়ে এই আগ্রাসন চালানো হয়, যখন তেহরান এবং ওয়াশিংটন ওমানের রাজধানী মাসকাট এবং সুইজারল্যান্ডের জেনেভায় তিন দফা পরোক্ষ আলোচনা শেষ করেছিল এবং অস্ট্রিয়ার ভিয়েনায় প্রযুক্তিগত আলোচনা শুরু করার পরিকল্পনা করছিল।

ইরান এই হামলার দ্রুত প্রতিশোধ নিতে শুরু করে এবং ইসরায়েল-অধিকৃত অঞ্চলের পাশাপাশি আঞ্চলিক দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরানবিরোধী চলমান মার্কিন-ইসরায়েলি আগ্রাসন থেকে উদ্ভূত অর্থনৈতিক সমীকরণ পরিবর্তনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের বিদ্বেষপূর্ণ ষড়যন্ত্রের জবাব দিতে দেশ পুরোপুরি প্রস্তুত।

সোমবার এক্স অ্যাকাউন্টে শেয়ার করা এক পোস্টে আরাগচি উল্লেখ করেন, মার্কিন সামরিক অভিযান—যাকে তিনি ‘এপিক ফিউরি’র পরিবর্তে ‘এপিক মিসটেক’ বা ‘মহাকাব্যিক ভুল’ বলে অভিহিত করেন—ইতিমধ্যে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যের দামকে অসহনীয় পর্যায়ে নিয়ে গেছে।

তিনি আভাস দেন, যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়ে ইরানকে চমকে দেওয়ার কথা ভাবছে। বিস্তারিত ব্যাখ্যা না করেই মন্ত্রী উল্লেখ করেন, যুদ্ধের ফলে সৃষ্ট অর্থনৈতিক ধাক্কা এবং জ্বালানি মূল্যের ওপর এর প্রভাব নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র এই ধরনের পদক্ষেপের চেষ্টা করতে পারে।

আরাগচি তাঁর পোস্টে বলেন, ‘অপারেশন এপিক মিসটেকের ৯ দিনের মাথায় তেলের দাম দ্বিগুণ হয়েছে এবং সব পণ্যের দাম আকাশচুম্বী। আমরা জানি, যুক্তরাষ্ট্র একটি বিশাল মুদ্রাস্ফীতির ধাক্কা সামাল দেওয়ার আশায় আমাদের তেল ও পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ইরান পুরোপুরি প্রস্তুত।’ তিনি আরও যোগ করেন, ‘এবং আমাদের কাছেও অনেক চমক জমা আছে।’

মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে ইরানের ব্যাপক প্রতিক্রিয়ার মধ্যে পারস্য উপসাগরের তেলসমৃদ্ধ দেশগুলোতে থাকা মার্কিন সামরিক সম্পদ লক্ষ্য করে চালানো অভিযানও অন্তর্ভুক্ত ছিল। এর ফলে তেল এবং প্রাকৃতিক গ্যাসের মূল্যে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে, যা আন্তর্জাতিক বাজারে আতঙ্কের সৃষ্টি করেছে।

ইরান ইঙ্গিত দিয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি ইরানের জ্বালানি উৎপাদন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার সিদ্ধান্ত নেয়, তবে এই দাম বৃদ্ধি অব্যাহত থাকতে পারে এবং ঐতিহাসিক পর্যায়ে পৌঁছাতে পারে। এর প্রতিক্রিয়ায় ইরানও ওই অঞ্চলের সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে আঘাত হানবে। বাজার বিশ্লেষকদের মতে, এই ধরনের পরিস্থিতিতে তেলের দাম প্রতি ব্যারেলে ২০০ ডলার ছাড়িয়ে রেকর্ড পর্যায়ে পৌঁছে যেতে পারে।

নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হওয়ার দাবি ইরানের, ‘গুজব’ বলে উড়িয়ে দিচ্ছে ইসরায়েল

মধ্যপ্রাচ্যে সংঘাত: কোন দেশে কত মানুষের প্রাণ ঝরল

যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় তৎপর চীন ও রাশিয়া, ইরানের সঙ্গে যোগাযোগ

লেবানন সীমান্তে হামলায় কলিজা ছিন্নভিন্ন হয়ে গেছে ইসরায়েলি মন্ত্রীর ছেলের

ইরান যুদ্ধ থেকে ‘প্রস্থানের পথ’ খুঁজছে ইসরায়েল

প্রবল আক্রমণের মুখেও ইরানে আগ্রাসনের পক্ষে অধিকাংশ ইসরায়েলি

ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানকে সতর্ক করলেন এরদোয়ান

অর্থনৈতিক চাপে ফেলে যুক্তরাষ্ট্রকে পিছু হটতে বাধ্য করব: ইরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ফ্রান্স

ইরান যুদ্ধের ১০ দিনে মধ্যপ্রাচ্যে নিহত অন্তত ১৮০০