হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নির্বাচনের আগেই ইরানে হামলায় নেতানিয়াহুর পরিকল্পনায় সেনাপ্রধানের বাধা, ‘নজিরবিহীন বিরোধ’

আজকের পত্রিকা ডেস্ক­

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: এএফপি

ইরানকে ঘিরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সেনাপ্রধান ইয়াল জামিরের মধ্যে ‘নজিরবিহীন সংঘাত’ তৈরি হয়েছে। আগামী মঙ্গলবারের জাতীয় নির্বাচনের ঠিক আগে ইরানকে কেন্দ্র করে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্বের উদ্যোগ ঘিরেই এই সংঘাত তৈরি হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম চ্যানেল–১২। খবর টাইমস অব ইসরায়েলের।

প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত সামরিক পদক্ষেপ কার্যকর করতে আপত্তি জানাচ্ছেন জামির। এমনকি, এই পদক্ষেপের আইনি অনুমোদন রয়েছে কি না, তা নিশ্চিত করতে তিনি নেতানিয়াহুর কাছে স্বাক্ষরিত লিখিত নথিও চেয়েছেন। চ্যানেল–১২ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এই বিরোধ চরমে পৌঁছেছে। তবে ইসরায়েলের সামরিক সেন্সরশিপের বিধিনিষেধ মেনেই প্রতিবেদনটি সম্প্রচার করা হচ্ছে।

চ্যানেল–১২ এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক রাজনৈতিক সূত্রগুলি এই খবর অস্বীকার করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই বিরোধের মূল বিষয় ‘ইরান পরিস্থিতি।’ জামির এবং সামরিক বাহিনীর শীর্ষ কর্তাদের আশঙ্কা, রাজনৈতিক নেতৃত্ব নির্বাচনের ঠিক আগে ইরানকে ঘিরে এমন পরিস্থিতি তৈরি করতে পারে, যার ফলে ভুল হিসাব-নিকাশের কারণে ইসরায়েল বড় ধরনের সংকটে জড়িয়ে পড়বে।

এক সামরিক সূত্রের বক্তব্য উদ্ধৃত করে চ্যানেল–১২ জানিয়েছে, ‘এটি এমন একটি পদক্ষেপের সঙ্গে সম্পর্কিত, যা ইরানের সঙ্গে সংঘাত বাড়িয়ে দিতে পারে। এমন একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ সময়ে এই পদক্ষেপ পরিস্থিতি ভুলভাবে বিচার করার ঝুঁকি তৈরি করছে।’

প্রতিবেদনে বিষয়টি সম্পর্কে অবগত একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বক্তব্যও তুলে ধরা হয়েছে। তাঁদের দাবি, রাজনৈতিক নেতৃত্ব নিজেদের রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য ‘ইরান ইস্যুকে কাজে লাগানোর’ চেষ্টা করতে পারে বলে সামরিক নেতৃত্বের মধ্যে উদ্বেগ রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নেতানিয়াহু ও জামিরের মধ্যে বিরোধ এবং তাঁদের সম্পর্কের অবনতির বিষয়টি আজ পালমাখিম বিমানঘাঁটিতে অনুষ্ঠিত একটি বৈঠকেও স্পষ্ট হয়ে ওঠে। ওই বৈঠকে উপস্থিত ব্যক্তিদের মধ্যে পরিবেশ ছিল ‘অত্যন্ত তিক্ত।’ চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিনে জামির রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে একটি নির্দিষ্ট নির্দেশ পেয়েছেন। তবে নির্দেশটি ঠিক কী বিষয়ে, তা প্রকাশ করা হয়নি।

এই নির্দেশ পাওয়ার পর সেটি কার্যকর করার আগে জামির একটি গুরুত্বপূর্ণ বৈঠকের অনুরোধ জানান। পাশাপাশি, প্রস্তাবিত পদক্ষেপের বিষয়ে নেতানিয়াহুর কাছ থেকে আইনি অনুমোদনসংক্রান্ত ‘স্বাক্ষরিত লিখিত নথি’ও চান তিনি। এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার বক্তব্য উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, ‘সাম্প্রতিক দিনগুলিতে জামির যে ভূমিকা পালন করেছেন, ইতিহাস তা ভুলবে না।’

এর আগে বৃহস্পতিবার চ্যানেল–১৩ জানিয়েছিল, সম্প্রতি এক ব্যক্তিগত বৈঠকে জামির বলেছেন, নির্বাচনের আগে ইরানে হামলা চালানোর কোনও সামরিক প্রয়োজনীয়তা তিনি এই মুহূর্তে দেখছেন না। জামিরের বক্তব্য উদ্ধৃত করে চ্যানেল–১৩ জানিয়েছে, ‘নির্বাচনের আগে ইরানে হামলা চালানোর প্রয়োজন রয়েছে, এমন কোনও ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি না। তবে ইরানে হামলা চালানো প্রয়োজন বলে যদি আমরা সিদ্ধান্তে পৌঁছাই, তা হলে আমরা সেই পদক্ষেপ নেব।’

নেতানিয়াহুর বিরুদ্ধে তাঁর সমালোচকদের অভিযোগ, ২৭ অক্টোবরের নির্বাচনকে প্রভাবিত করা কিংবা নির্বাচন পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যে তিনি ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করার চেষ্টা করছেন। তবে নেতানিয়াহু এই অভিযোগ অস্বীকার করেছেন।

এর মধ্যেই আজ সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আজ ইরানে হামলা চালাবে না। নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি একটি ছবি পোস্ট করার কয়েক ঘণ্টা পর ট্রাম্প এই মন্তব্য করেন। ছবিটিতে তেল আবিবের ওপর একটি পারমাণবিক বোমার বিস্ফোরণ দেখানো হয়েছিল। পাশাপাশি, নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছিলেন, তিনি পুনর্নির্বাচিত না হলে ইসরায়েল দ্বিতীয় হলোকাস্টের মুখে পড়তে পারে। হলোকাস্ট বলতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির হাতে ইউরোপের ইহুদিদের পরিকল্পিত গণহত্যাকে বোঝানো হয়।

এদিকে, হোয়াইট হাউসের কর্মকর্তারা উদ্বিগ্ন বলে খবর পাওয়া গেছে, নেতানিয়াহুর ওই পোস্ট ইরানের কর্মকর্তাদের পরিস্থিতি সম্পর্কে ভুল ধারণা দিতে পারে। এর ফলে ইরান কোনও হামলা চালিয়ে বসতে পারে এবং ইরানকে ঘিরে চলমান যুদ্ধে আরও বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়তে পারে।

গাজার এতিম ৭১ হাজার শিশুর মধ্যে ৩ হাজারের নেই কেউই, স্বামীহারা ৬৪ হাজার নারী

রিয়াদ বিমানবন্দর চালুর ঘোষণা দিতেই সৌদি আরবে হুতিদের হামলা

পার্লামেন্ট নির্বাচনের ৩ দিন আগে ব্যাপক বিক্ষোভের মুখে নেতানিয়াহু, উত্তাল তেল আবিব

মার্কিন কর্মকর্তাদের হত্যার গোপন মিশনের ‘চূড়ান্ত পর্যায়ে’ ইরান, সতর্ক ওয়াশিংটন

অবরুদ্ধ পশ্চিম তীরে অভিযান দখলদার ইসরায়েলি বাহিনীর, হেবরনে ২২০০ জনকে উচ্ছেদ

সৌদি আরবের ৩ বিমানবন্দর, কয়েকটি তেল স্থাপনায় হামলার দাবি হুতিদের

ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদির বিরুদ্ধে হুতিদের নতুন অস্ত্র

অবরুদ্ধের পর এবার হেবরনে ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল

জর্ডানে গির্জায় বন্দুকধারীর গুলিতে নিহত ৭

‘সুস্থ’ হয়েও কেন জনসমক্ষে আসতে পারছেন না মোজতবা, ব্যাখ্যা দিলেন ইরানি কূটনীতিক