হোম > বিশ্ব > ভারত

যন্তর মন্তরের ‘সিজন ২’ শিগগির শুরু হবে—ফের আন্দোলনের ইঙ্গিত ককরোচপ্রধানের

আজকের পত্রিকা ডেস্ক­

সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ছবি: পিটিআই

দিল্লির যন্তর মন্তরে ফের আন্দোলন শুরু করার ইঙ্গিত দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে একে ‘যন্তর মন্তর সিজন ২’ হিসেবে উল্লেখ করেছেন। আজ বুধবার দিল্লির নারাইনায় দলটির স্বেচ্ছাসেবকদের একটি বৈঠক শেষ মুহূর্তে বাতিল হওয়ার পর তিনি এ ঘোষণা দেন। তাঁর অভিযোগ, ক্ষমতাসীন বিজেপির ‘চাপের’ কারণে হলের মালিক বুকিং বাতিল করেছেন।

দীপকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে জানতে চাইছেন, যন্তর মন্তরের আন্দোলনের দ্বিতীয় ধাপ কবে শুরু হবে। তাঁদের উদ্দেশে তিনি বলেন, ‘সিজন ২ অব যন্তর মন্তর’ খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে।

দীপকের দাবি, বুধবার স্বেচ্ছাসেবকদের বৈঠকের জন্য একটি হল বুক করা হয়েছিল। কিন্তু আয়োজকেরা সেখানে পৌঁছানোর পর তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। হল মালিকদের ওপর বৈঠক করতে না দেওয়ার জন্য ‘ওপর থেকে চাপ’ ছিল বলে তাঁদের জানানো হয়।

তিনি বলেন, দিল্লির ওই এলাকায় আরও কয়েকটি ভেন্যুতে বৈঠকের আয়োজনের চেষ্টা করেও একই ধরনের সমস্যার মুখে পড়তে হয়েছে। দলীয় কর্মসূচির জন্য জায়গা দিলে তাঁদের ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

দীপকে বলেন, শেষ পর্যন্ত যে ভেন্যুটি পাওয়া গিয়েছিল, সেটিও অনুষ্ঠানের দিন সকালে চাপের মুখে পড়ে। সিজেপির বৈঠক করতে দিলে মালিকদের পরিণতি খারাপ হবে—এমন হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

তবে তাঁর অভিযোগের বিষয়ে বিজেপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

‘দেশের তরুণদের ভয় পাচ্ছে বিজেপি’

অভিজিৎ দীপকে এসব ঘটনার জন্য সরাসরি বিজেপিকে দায়ী করেন। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ সিজেপিকে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়া থেকে বিরত রাখতে পারবে না।

দীপকের দাবি, বিজেপির কর্মকাণ্ড ও বক্তব্য থেকেই বোঝা যায়, তারা দেশের তরুণদের ভয় পাচ্ছে। হুমকি বা চাপ প্রয়োগ করে সিজেপিকে ভয় দেখানো যাবে না বলেও তিনি মন্তব্য করেন।

দেশজুড়ে ‘লিসেনিং ট্যুর’

এদিকে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, দলের পরবর্তী পর্যায়ের কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে। এর অংশ হিসেবে দেশজুড়ে ‘লিসেনিং ট্যুর’ বা জনগণের কথা শোনার কর্মসূচি নেওয়া হচ্ছে।

তিনি বলেন, এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মতামত ও সমস্যার কথা শোনা হবে। স্বাধীনতা দিবস থেকে শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে একটি প্রচারাভিযান চালানোর পরিকল্পনাও রয়েছে। তাঁর মতে, এটিই সিজেপির ‘সিজন ২’।

যন্তর মন্তরে ৩৬ দিনের আন্দোলন

এর আগে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দিল্লির যন্তর মন্তরে টানা ৩৬ দিন আন্দোলন করেছিল সিজেপি। এতে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থী, তরুণ স্বেচ্ছাসেবক ও বিরোধী দলের নেতারা অংশ নেন।

২৮ জুন আন্দোলনে যোগ দিয়েছিলেন পরিবেশ ও অধিকারকর্মী সোনম ওয়াংচুক। তিনি অনশন শুরু করার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সফদরজং হাসপাতালে নেওয়া হয়।

আন্দোলন চলাকালে গত ২০ জুলাই বিক্ষোভকারীরা সংসদ ভবনের দিকে পদযাত্রা করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরবর্তীতে সরকারের সঙ্গে আলোচনা এবং প্রধান দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাসের পর ২৫ জুলাই আন্দোলনটি স্থগিত করা হয়। এই আন্দোলনের পরপরই সিজেপি তাদের জাতীয় কমিটি ঘোষণা করে, যেখানে অভিজিৎ দীপককে দলের জাতীয় আহ্বায়ক মনোনীত করা হয়।