হোম > বিশ্ব > ভারত

অজিত পাওয়ারের মৃত্যু: দুর্ঘটনা কিনা সন্দেহ কংগ্রেস-শিবসেনার, নিশানায় বিজেপি

আজকের পত্রিকা ডেস্ক­

২০২৩ সালের সেপ্টেম্বরেও একবার ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজটি। ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) সভাপতি অজিত পাওয়ারের মৃত্যু নিয়ে বারবার প্রশ্ন উঠছে। বিরোধী দলের নেতারা এই দুর্ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ষড়যন্ত্রের অভিযোগ করেছেন।

গত বুধবার পুনে জেলার বারামতিতে এক বিমান দুর্ঘটনায় মারা যান ৬৬ বছর বয়সী অজিত পাওয়ার। তাঁর মৃত্যু এনসিপির অভ্যন্তরে এক শূন্যতা তৈরি করেছে এবং মহারাষ্ট্রের রাজনীতিতে অনিশ্চয়তার জন্ম দিয়েছে। বিশেষ করে যখন এনসিপির দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সম্ভাব্য পুনর্মিলন নিয়ে আলোচনা নতুন করে গতি পেতে শুরু করেছিল।

অজিত পাওয়ারের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন শিবসেনা (ইউবিটি) রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। তিনি বলেন, ‘অজিত পাওয়ারের দুর্ঘটনা নিয়ে প্রশ্ন তোলা উচিত। এই প্রশ্নগুলো তাঁর নিজের দলের ভেতর থেকেও উঠছে। এর মধ্যে কোনো রহস্যের গন্ধ আছে। পর্দার আড়ালে নিশ্চিত কিছু একটা ঘটেছে।’

সঞ্জয় রাউত আরও বলেন, ‘অজিত পাওয়ার তাঁর পুরোনো ঘরে (মূল এনসিপি) ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু বিজেপি তখন বলেছিল তাদের কাছে সেচ কেলেঙ্কারির ফাইল আছে। এরপরই এমন এক রহস্যময় দুর্ঘটনা ঘটল। কয়েক দিন আগেই অজিত পাওয়ার বলেছিলেন, বিজেপি নেতাদের বিরুদ্ধে তাঁর কাছে কিছু ফাইল রয়েছে। এরপরই দুর্ঘটনাটি। প্রথম দিন থেকেই আমার মনে সন্দেহ ছিল। তখনই বিষয়টি আমার মাথায় গেঁথে গিয়েছিল। এর অর্থ, অজিত পাওয়ার এনডিএ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই লোকগুলো সন্দেহজনক। আমি সংসদে এই বিষয়টি উত্থাপন করব।’

অন্যদিকে অজিত পাওয়ারের মৃত্যুর পর এনসিপির অভ্যন্তরে রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে আলোচনার দ্রুততা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার।

তিনি বলেন, ‘অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যু একটি ষড়যন্ত্র হতে পারে। এটি একটা চক্রান্ত। এর তদন্ত হওয়া উচিত। এনসিপির দুই পক্ষ এক হওয়া ঠেকাতে কোথাও একটি ষড়যন্ত্র করা হয়েছিল, আর সে কারণেই উপ-মুখ্যমন্ত্রীর পদটি এত তড়িঘড়ি পূরণ করা হয়েছে। রাজনীতি খুব নোংরা হয়ে গেছে। সুনীল তটকরে এবং প্রফুল্ল প্যাটেলই অজিত দাদাকে এনডিএ-তে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছিলেন কারণ তাঁরা রাতে শান্তিতে ঘুমাতে চেয়েছিলেন।’

বিজেপির বিরুদ্ধে রাউতের অভিযোগ উড়িয়ে দেন দলটির নেতা উজ্জ্বল নিকম। তিনি বলেন, ‘এসব অভিযোগ সবই ভিত্তিহীন। এটি অত্যন্ত লজ্জাজনক যে একজন প্রয়াত ব্যক্তিকে নিয়ে তাঁরা এমন হীন রাজনীতি করছেন। আমরা সবাই জানি এটি একটি দুর্ঘটনা ছিল। এটি নিছক একটি দুর্ঘটনা। আমি মনে করি না এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে।’

উল্লেখ্য, গত বুধবার সকালে বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুর মাত্র তিন দিন পর গত শনিবার সন্ধ্যায় তাঁর স্ত্রী সুনেত্রা পাওয়ারকে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করানো হয়।

৯ বছরের প্রেম, বিয়ের দুই মাস পরই স্বামীকে হত্যা

ভারতের বাজেট: সস্তা হচ্ছে ক্যানসারের ওষুধ, দাম বাড়ছে কফি-মদ-সিগারেটের

বাজেটে কেন ইরানের চাবাহার বন্দরের জন্য বরাদ্দ রাখল না ভারত

বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ ৭৪ শতাংশ বাড়াল ভারত

যৌন অপরাধী এপস্টেইনের নথিতে মোদির নাম, ভারত বলছে—ভিত্তিহীন ও অবমাননাকর

৭৫ বছরের প্রথা ভেঙে বাজেটে পরিবর্তন আনছেন ভারতের অর্থমন্ত্রী

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা

গান্ধী বেঁচে থাকলে মুসলিম তাড়ানোর পক্ষেই থাকতেন, দাবি আসামের মুখ্যমন্ত্রীর

ঋতুকালীন স্বাস্থ্য সুরক্ষা নারীর ‘মৌলিক অধিকার’—ভারতে ঐতিহাসিক রায়

নেতার মৃত্যুর পর মহারাষ্ট্রে একীভূত হচ্ছে এনসিপির দুই অংশ