হোম > বিশ্ব > ভারত

‘হিন্দুরা মেঝে থেকে গোমূত্র চেটে খায়’— ইহুদি ধর্মপ্রচারকের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

আজকের পত্রিকা ডেস্ক­

ইহুদি রাব্বি ইয়োসেফ মিজরাহি। ছবি: স্ক্রিনশট

হিন্দুদের ধর্মীয় ঐতিহ্য এবং ভারতীয় চিকিৎসকদের নিয়ে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইজরায়েলি-আমেরিকান অর্থোডক্স (কট্টর) ইহুদি ধর্মপ্রচারক রাব্বি ইয়োসেফ (ইয়োসি) মিজরাহি।

একটি ভিডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর ভারতের নেটিজেনরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সমালোচকেরা তাঁর এই বক্তব্যকে সরাসরি বর্ণবাদ এবং অন্য ধর্মের প্রতি চরম অশ্রদ্ধা প্রদর্শন হিসেবে অভিহিত করেছেন।

ভিডিওতে যা বলেছেন মিজরাহি

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রচারমাধ্যম ‘ডিভাইন ইনফরমেশন’-এর পরিচালক মিজরাহি ওই ভিডিওতে দাবি করেন, তাঁর ফেসবুক পেজে কাজ করা এক ভারতীয় ব্যক্তি ইহুদি ধর্মে ধর্মান্তরিত হতে চেয়েছিলেন। ওই প্রসঙ্গের উল্লেখ করে তিনি হিন্দু ধর্মীয় বিশ্বাস এবং পশুপালনের সংস্কৃতি নিয়ে কটাক্ষ করেন।

ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ভারতীয়রা গরুর পূজা করে এবং মেঝে থেকে গবাদিপশুর মূত্র (গোমূত্র) চেটে খায়। এর পর তিনি যোগ করেন, ‘আর একটা কথা, যারা এসব করে তাদের মধ্যে অনেকে কিন্তু ডাক্তারও।’ বক্তব্যের একপর্যায়ে তিনি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যে ঈশ্বর তাঁকে ভারতীয়দের মতো বানাননি।

এখানেই শেষ নয়, নয়াদিল্লির একজন চিকিৎসকের সঙ্গে কাল্পনিক সাক্ষাৎকার এবং রাস্তায় গরু চলাচলের কারণে যানজট তৈরির বিষয় নিয়েও তিনি উপহাস করেন।

ইসরায়েল ও কূটনৈতিক মহল থেকে তীব্র প্রতিক্রিয়া

মিজরাহির এই মন্তব্যের পর আন্তর্জাতিক মহল ও নাগরিক সমাজের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে।

ইজরায়েলি গবেষক ও লেখক ইয়েশায়া রোজেনম্যান এই বক্তব্যের নিন্দা জানিয়ে বলেছেন, এর ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের ভাবমূর্তির যে ক্ষতি হয়েছে, তা ‘অত্যন্ত উদ্বেগজনক ও ব্যাপক’। রোজেনম্যান আরও অভিযোগ করেন, মিজরাহি এর আগেও বিভিন্ন ধর্মের অনুসারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং ক্যানসার আক্রান্ত রোগীদের নিয়ে বিভিন্ন সময়ে অসম্মানজনক মন্তব্য করেছেন।

এদিকে, ভারতে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত আবদুল্লাহ এম আবু শাওয়েশ সরাসরি মিজরাহির নাম উল্লেখ না করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। তিনি লেখেন, ‘বর্ণবাদীরা আমাদের সবার জন্যই বিপজ্জনক।’

সোশ্যাল মিডিয়ায় সাধারণ ব্যবহারকারীদের পাশাপাশি বিভিন্ন আইনি ও মানবাধিকার সচেতন গোষ্ঠী মিজরাহির বক্তব্যকে বিদ্বেষমূলক আখ্যা দিয়েছে।

মিজরাহির বিতর্কিত অতীত

ইসরায়েলে জন্মগ্রহণকারী ইয়োসেফ মিজরাহি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করে অনলাইনে নিজের ধর্মীয় মতাদর্শ প্রচার করে আসছেন। এটিই তাঁর প্রথম বিতর্কিত বক্তব্য নয়; এর আগেও তাঁর বিভিন্ন বক্তব্য নিয়ে মূলধারার ইহুদি ধর্মীয় নেতাদের মধ্যেই তীব্র ক্ষোভ তৈরি হয়েছিল।

ইসরায়েলি সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইসরায়েল’-এর তথ্য অনুযায়ী, ২০১৫ সালে মিজরাহি দাবি করেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ‘হলোকাস্টে’ ১০ লাখেরও কম ইহুদি মারা গিয়েছিলেন। যদিও ঐতিহাসিকেরা নাৎসি বাহিনীর হাতে প্রায় ৬০ লাখ ইহুদি নিহতের কথা বলেন। ব্যাপক সমালোচনার মুখে পরবর্তীতে ওই বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বাধ্য হন মিজরাহি।

বর্তমানে এই বিতর্কের বিষয়ে মিজরাহি বা তাঁর প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

উত্তরাখন্ডে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ৬ জনই নিহত

উত্তরাখন্ডে পাইলটসহ ৬ যাত্রী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

পুনের যৌনপল্লি থেকে ৬ ‘বাংলাদেশি নারী’ উদ্ধার

‘গোমাতার গায়ে হাত তুললে আমার চেয়ে খারাপ আর কেউই হবে না’—হুঁশিয়ারি শুভেন্দুর

গরু জবাইয়ের অপরাধে তিন মুসলিমের যাবজ্জীবন, রায়ে মনুস্মৃতি–বেদের উদ্ধৃতি দিল গুজরাটের আদালত

ভুটানে হিমবাহ হ্রদ ভেঙে বন্যার শঙ্কা পশ্চিমবঙ্গ-আসামে, ঝুঁকিতে বাংলাদেশেও

‘রেজিম চেঞ্জ’ চেষ্টায় জড়িতদের সরকারি চাকরি দেবে না যোগী সরকার

মাতারবাড়ী হয়ে ‘সেভেন সিস্টার্সে’র সঙ্গে সংযোগ জোরদার করতে চায় জাপান, যা বলল ভারত

দিল্লিতে পাকিস্তানকে আমন্ত্রণ জানাল ভারত

কলকাতায় এবার সেই কিশোরীর বাবা-মামা ও ভাইকে খালি গায়ে ঘোরাল পুলিশ