হোম > বিশ্ব > ভারত

ভোটার তালিকা থেকে বাদ পড়ে ভারত ছাড়তে হচ্ছে মুসলমানদের

আজকের পত্রিকা ডেস্ক­

রয়টার্সের সঙ্গে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন সাহিদা ফকির। ছবি: রয়টার্স

ভারতে সংশোধিত ভোটার তালিকা (এসআইআর) থেকে নাম বাদ পড়ার পর মুসলমান সম্প্রদায়ের অনেককেই আটক, জিজ্ঞাসাবাদ ও দেশ ছাড়ার মতো পরিস্থিতিতে পড়তে হচ্ছে। তাঁদের কারও কারও পরিবারের সদস্যদের নাম ভোটার তালিকায় থাকলেও তাঁরা নিজেরা তালিকা থেকে বাদ পড়েছেন।

মুম্বাইয়ের বাসিন্দা ৩৮ বছর বয়সী সাহিদা ফকির এমনই একজন ভুক্তভোগী। গত ১৯ জুলাই বাড়ি থেকে সবজি কিনতে বের হওয়ার সময় ছেলেকে বলেছিলেন, কয়েক মিনিটের মধ্যেই ফিরে আসবেন। কিন্তু তিন মাসের বেশি সময় পেরিয়ে গেলেও তিনি আর পরিবারের কাছে ফিরতে পারেননি। বর্তমানে তিনি বাংলাদেশের সাতক্ষীরার একটি গ্রামে অবস্থান করছেন। স্বামী ও দুই ছেলের কেউই তাঁর সঙ্গে নেই। তারা আছে ভারতে।

বার্তা সংস্থা রয়টার্সকে সাহিদা বলেন, সাদাপোশাকের কয়েকজন কর্মকর্তা তাঁকে আটক করেন। তাঁর মুঠোফোন নিয়ে নেন। ফোনটিতে পরিচয়পত্রের কপি ছিল বলে জানান তিনি। কিন্তু তারপরও তাঁকে সীমান্তের এপারে বাংলাদেশে পাঠানো হয়। আদালতের নথি অনুযায়ী, ওই কর্মকর্তারা মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সদস্য ছিলেন। তবে সাহিদার বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি মুম্বাই পুলিশ।

বর্তমানে বাংলাদেশের সাতক্ষীরা জেলায় আছেন সাহিদা। তিনি রয়টার্সকে বলেন, ‘পেছন থেকে কেউ একজন আমার হাত ধরে টেনে গাড়িতে উঠতে বলেছিল।’

রয়টার্স এমন ১০টি পরিবারের সদস্যদের সাক্ষাৎকার নিয়েছে। এসব পরিবারের কেউ আটক হয়েছেন, কাউকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, আবার কাউকে নাগরিকত্ব নিয়ে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে। মজার ব্যাপার এদের সবারই ভারতীয় পরিচয়পত্র বা পারিবারিক নথি ছিল। তাঁদের বাবা-মা, ভাইবোনসহ পরিবারের অন্য সদস্যদের নামও ভোটার তালিকায় রয়েছে।

সাহিদা ফকিরের স্বামী জুম্মান ফকির ও তাঁর ছেলে আছেন ভারতের পশ্চিমবঙ্গে। ছবি: রয়টার্স

রয়টার্স বলছে, এ ধরনের ঘটনাগুলো দেখে বোঝা যায় ভারতের ভোটার তালিকা সংশোধন কার্যক্রমের মাধ্যমে কীভাবে অবৈধ অভিবাসী শনাক্ত ও মুসলমানদের দেশত্যাগে বাধ্য করা হচ্ছে। আবার ভারতীয় আইনেই আছে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লেই কেউ বিদেশি নাগরিক হয়ে যান না।

ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ভোটার তালিকা সংশোধন কার্যক্রমে দেশজুড়ে ১৩ কোটি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। আর এই তালিকা দেশটির সংখ্যালঘু জনগোষ্ঠী মুসলমানদের ওপর তুলনামূলক বেশি প্রভাব ফেলেছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকে মুসলমানদের বিরুদ্ধে বৈষম্য ও বঞ্চনামূলক নীতি বেড়েছে।

দেশটিতে ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভও হয়েছে। অভিযোগ উঠেছে, বিজেপি নিজেদের সুবিধামতো ভোটার তালিকা বদলানোর চেষ্টা করছে। তবে বৈধ নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে দলটি।

পশ্চিমবঙ্গে এই কার্যক্রম সবচেয়ে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। চলতি বছরের শুরুর দিকে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে প্রায় ৯০ লাখ নাম বাদ দেওয়া হয়। কলকাতাভিত্তিক সবর ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, যাচাই-বাছাইয়ে বাদ পড়া ২৭ লাখ নামের মধ্যে প্রায় ৭০ শতাংশই মুসলমানদের। অথচ রাজ্যের মোট জনসংখ্যার ২৭ শতাংশ মুসলমান।

ওই নির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে বিজেপি। সবর ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সাবির আহমেদ বলেন, ‘আগের সরকারের বিষয়ে জনগণের অসন্তোষের বিষয়টি অস্বীকার করা যায় না। তবে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল নির্ধারণে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনা বড় ভূমিকা রেখেছে।’

গত ৫ নভেম্বর হরিয়ানায় এক নির্বাচনী সমাবেশে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোটার তালিকা সংশোধন ও অবৈধ অভিবাসী বিতাড়নের বিষয় দুটিকে একসূত্রে গাঁথেন। তারপর বিষয়টি আরও স্পষ্ট হয়। তিনি বলেছিলেন, ‘অনুপ্রবেশকারীদের শনাক্ত করা, ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া এবং এরপর একজন একজন করে খুঁজে বের করে দেশ থেকে বিতাড়িত করাই বিজেপির অঙ্গীকার।’

তবে এ বিষয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও নির্বাচন কমিশন রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি।

পশ্চিমবঙ্গে বাংলাভাষী মুসলমানদের বিরুদ্ধে চলমান এ ধরনের কর্মকাণ্ডকে কেন্দ্র করে উত্তেজনাও বেড়েছে। ১৯৪৭ সালে ভারত ভাগের সময় ব্রিটিশদের আঁকা সীমান্তে বাংলা দুই ভাগে বিভক্ত হয়। দেশভাগের সময় এবং ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় লাখ লাখ মানুষ সীমান্ত পেরিয়ে ভাবতে আশ্রয় নেন। ফলে বহু পরিবার ও সম্প্রদায়ের সদস্য দুই দেশের ভূখণ্ডে ছড়িয়ে পড়েন।

সাহিদা ফকির জানান, রাত ১টার দিকে তাঁকে সীমান্তের একটি (অরক্ষিত ও বেড়াবিহীন) অংশ দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। কাদায় মাখামাখি অবস্থায় তিনি কয়েক ঘণ্টা হাঁটার পর এক কৃষকের দেখা পান। ওই কৃষক তাঁকে কান্নারত অবস্থায় পেয়ে আশ্রয় দেন।

মুম্বাই পুলিশ আদালতে জানিয়েছে, আসাম সীমান্তে তাঁকে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়েছিল এবং পরে নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে বাংলাদেশে পাঠানো হয়। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয় এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি।

আদালতের নথি অনুযায়ী, ওই দিন সাহিদাসহ ১৪৯ জনকে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করে সীমান্তের এপারে ঠেলে পাঠানো হয়।

সাহিদা বলেন, ‘আমি এক মুহূর্তের জন্যও ভাবিনি যে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। আমার বাড়ি, দাদা-দাদি এবং পরিবারের সবাই ভারতে।’

এখন তাঁর স্বামী জুম্মান ফকির আদালতে স্ত্রীর পক্ষে লড়ছেন। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ পড়া লাখো মানুষের আবেদনের পাশাপাশি সাহিদার বিষয়টিও আদালতে উঠেছে।

আগস্টে সাহিদার পরিবারের পক্ষ থেকে ভারতের সুপ্রিম কোর্টে একটি আবেদন করা হয়। এতে বলা হয়, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া দিয়ে নাগরিকত্ব নির্ধারণ করা যায় না। নির্বাহী বিভাগের যাচাই না করা দাবির ভিত্তিতে তাঁকে দেশ থেকে সরিয়ে দেওয়াও আইনসম্মত নয়।

রয়টার্সের পর্যালোচনা করা পারিবারিক নথিতে দেখা যায়, ১৯৫২ সালে ভারতের প্রথম জাতীয় নির্বাচন থেকেই সাহিদার বাবা-মা ও দাদা-দাদির নাম পশ্চিমবঙ্গের স্বরূপনগরের ভোটার তালিকায় ছিল। ২০০২-০৩ সালের তালিকাতেও তাঁদের নাম পাওয়া যায়। সাহিদার পরিচয়পত্র অনুযায়ী, ২০০৮ সালেও পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় তাঁর নাম ছিল।

তবে মুম্বাইয়ের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস কলকাতা হাইকোর্টকে জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় সাহিদা বাংলাদেশের একটি জন্মসনদ জমা দিয়েছিলেন। পাশাপাশি ভারতীয় নাগরিকত্ব প্রমাণের মতো ‘বৈধ বা বিশ্বাসযোগ্য নথি’ তিনি দেখাতে পারেননি।

সাহিদা এ দাবি অস্বীকার করেছেন। তিনি জানান, কর্মকর্তারা মুঠোফোন নিয়ে নেওয়ায় সেখানে থাকা নথির কপি দেখানোর সুযোগ পাননি।

কলকাতা হাইকোর্টে করা আরেকটি আবেদনে নাসিরুদ্দিন শেখ ও আরও চারজন অভিযোগ করেছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর তাঁদের আটক করা হয়েছিল। অথচ নাম বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁদের আপিল তখনো বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল।

নাসিরুদ্দিন বলেন, ছত্তিশগড়ে বাড়ি থেকে কয়েক শ কিলোমিটার দূরে কাজ করার সময় পুলিশ তাঁকে এবং আরও ২২ জনকে আটক করে। এরপর সংশোধিত ভোটার তালিকায় নাম পাওয়া যাওয়ায় ১৪ দিন পর তাঁদের ১৯ জনকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তালিকায় নাম না থাকায় নাসিরুদ্দিনসহ চারজনকে ৩২ দিন আটক থাকতে হয়।

নাসিরুদ্দিন বলেন, ‘একজন পুলিশ সদস্য আমাকে বলেছিলেন—ভোটার তালিকায় আপনার নাম নেই। আপনি বাংলাদেশি।’

আদালতে শুনানির আগের রাতে অন্যদের সঙ্গে তাঁকেও ছেড়ে দেওয়া হয়। নাসিরুদ্দিন জানান, আটককেন্দ্রে ৬০ জনের বেশি মানুষের থাকার মতো একটি বড় কক্ষ ছিল। সেখানে আটক ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা ও বায়োমেট্রিক নিবন্ধন করা হয়। তিনি বলেন, ‘সব দিক থেকেই এটি ছিল একটি কারাগার। আমরা বাইরে যেতে পারতাম না।’

কলকাতা হাইকোর্টে পুলিশ ও রাজ্য সরকারের আইনজীবীরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে স্থায়ী কোনো আটককেন্দ্র নেই।

তবে মুর্শিদাবাদে সন্দেহভাজন বিদেশি অভিবাসীদের জন্য একটি অস্থায়ী কেন্দ্রে রয়টার্সের সাংবাদিকেরা ভেতরে কাপড় শুকাতে দেওয়া এবং জানালা দিয়ে লোকজনকে তাকিয়ে থাকতে দেখেছেন। কঠোর নিরাপত্তাবেষ্টিত ওই স্থানে একটি অ্যাম্বুলেন্স ও পুলিশের একটি বাসও ছিল।

আটককেন্দ্রটির পাশেই বাড়ি মৌসুমি রায়ের। তিনি রয়টার্সকে বলেন, দুই মাস আগে থেকে সেখানে অনেককে আনা হচ্ছিল। তাঁদের পরিবারের সদস্যদের বাইরে কান্নাকাটি করতেও দেখেছেন।

মানবাধিকারকর্মী কিরীটী রায় বলেন, ‘ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিরুদ্ধে লাখ লাখ মামলা রয়েছে। মানুষ ন্যায়বিচারের অপেক্ষায় আছে। তবে ট্রাইব্যুনালগুলো ধীর গতিতে কাজ করছে। এর মধ্যে যা ঘটছে, তাতে আমরা হতাশ।’