হোম > বিশ্ব > ভারত

উত্তরাখন্ডে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ৬ জনই নিহত

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: এনডিটিভি

ভারতের উত্তরাখন্ডের চামোলি জেলায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে বদ্রিনাথ থেকে যাত্রী নিয়ে ফেরার পথে জোশীমঠ উপত্যকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

স্থানীয় কর্মকর্তারা জানান, আজ বেলা ২টা ২০ মিনিটের দিকে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পাওয়ার পর উদ্ধার অভিযান শুরু হয়। এর এক ঘণ্টার বেশি সময় আগে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। পরে উদ্ধারকারী দল হেলিকপ্টারটির ছয় আরোহীর মরদেহ উদ্ধার করে।

নিহত পাঁচ যাত্রীর সবাই ভারতের কর্ণাটকের বাসিন্দা। তাঁদের মধ্যে একজন বেঙ্গালুরু পুলিশের ক্রাইম ব্র্যাঞ্চের পরিদর্শক ছিলেন। অন্য যাত্রীদের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

হেলিকপ্টারটির পাইলট হিমাংশু দিল্লির বাসিন্দা। তিনি বেসরকারি প্রতিষ্ঠান ট্রান্স ভারত অ্যাভিয়েশনের মালিকানাধীন হেলিকপ্টারটি পরিচালনা করছিলেন।

দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনার সময় ওই অঞ্চলে ভারী বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আবহাওয়া ছিল। কয়েকটি এলাকায় তুষারপাতের খবরও পাওয়া গেছে। উত্তরাখন্ড সিভিল অ্যাভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটির (ইউসিএডিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা প্রতীক জৈন জানান, আবহাওয়া অনুকূল থাকার পরই হেলিকপ্টারটিকে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়েছিল।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, বেলা দেড়টার দিকে জোশীমঠ উপত্যকার ওপর দিয়ে যাওয়ার সময় হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একই সময়ে এর ট্র্যাকিং সিস্টেম থেকেও আর কোনো সংকেত পাওয়া যাচ্ছিল না।

দুর্ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রান্স ভারত অ্যাভিয়েশনের পুরো বহর সাময়িকভাবে উড্ডয়ন থেকে বিরত রাখা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নিখোঁজ হেলিকপ্টারটির সন্ধানে দুটি অতিরিক্ত হেলিকপ্টার ও ড্রোন মোতায়েন করা হয়। ভারতীয় সেনাবাহিনী, চামোলি জেলা প্রশাসন ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন।

এর আগে উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করে জানিয়েছিলেন, জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও এসডিআরএফ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। ধামি পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন এবং গুরুতর আহত ব্যক্তিদের দ্রুত উন্নত চিকিৎসাকেন্দ্রে পাঠানোর জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন। তবে পরে হেলিকপ্টারে থাকা ছয়জনের সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়।

চলতি মাসে উত্তরাখন্ডে চারধাম যাত্রার সময় আরও দুটি হেলিকপ্টার জরুরি অবতরণ করেছিল। এর মধ্যে একটি খারাপ আবহাওয়ার কারণে রুদ্রপ্রয়াগে জরুরি অবতরণ করে ও অন্য একটি হেলিকপ্টার কারিগরি সমস্যার কারণে তেহরিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। এর মধ্যেই বদ্রিনাথ থেকে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জনের প্রাণহানির ঘটনা ঘটল।

উল্লেখ্য, গত এক দশকে উত্তরাখন্ডে অন্তত ১২টি পৃথক হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এর মধ্যে পাঁচটি ছিল বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ও সাতটি ছিল প্রাণহানিহীন। প্রাণহানিহীন ঘটনাগুলোর মধ্যে জরুরি অবতরণের সময় আহত হওয়ার ও যান্ত্রিক ত্রুটির কারণে বাধ্যতামূলক অবতরণের ঘটনা রয়েছে। এ ছাড়া মাটিতে সংঘটিত প্রাণঘাতী দুর্ঘটনাও এই পরিসংখ্যানের অন্তর্ভুক্ত। এর আগে, গত বছরের জুনে উত্তরাখন্ডের কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশীর উদ্দেশে যাত্রা করা একটি হেলিকপ্টার বনাঞ্চলে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় সাতজন নিহত হন।

উত্তরাখন্ডে পাইলটসহ ৬ যাত্রী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

পুনের যৌনপল্লি থেকে ৬ ‘বাংলাদেশি নারী’ উদ্ধার

‘গোমাতার গায়ে হাত তুললে আমার চেয়ে খারাপ আর কেউই হবে না’—হুঁশিয়ারি শুভেন্দুর

গরু জবাইয়ের অপরাধে তিন মুসলিমের যাবজ্জীবন, রায়ে মনুস্মৃতি–বেদের উদ্ধৃতি দিল গুজরাটের আদালত

ভুটানে হিমবাহ হ্রদ ভেঙে বন্যার শঙ্কা পশ্চিমবঙ্গ-আসামে, ঝুঁকিতে বাংলাদেশেও

‘রেজিম চেঞ্জ’ চেষ্টায় জড়িতদের সরকারি চাকরি দেবে না যোগী সরকার

মাতারবাড়ী হয়ে ‘সেভেন সিস্টার্সে’র সঙ্গে সংযোগ জোরদার করতে চায় জাপান, যা বলল ভারত

দিল্লিতে পাকিস্তানকে আমন্ত্রণ জানাল ভারত

কলকাতায় এবার সেই কিশোরীর বাবা-মামা ও ভাইকে খালি গায়ে ঘোরাল পুলিশ

প্রাণঘাতী সংঘর্ষের ছয় বছর পরও ভারত-চীন সীমান্তে উত্তেজনা