হোম > বিশ্ব > ভারত

মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিনন্দন

আজকের পত্রিকা ডেস্ক­

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ শুক্রবার ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন তাদের অফিশিয়াল ফেসবুক পেজে ভারতের রাষ্ট্রপতির পাঠানো শুভেচ্ছা বার্তাটি প্রকাশ করে।

অভিনন্দন বার্তায় ভারতের রাষ্ট্রপতি বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি নিশ্চিত যে, আপনার রাজনৈতিক নেতৃত্বের দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের সেবায় একটি সফল মেয়াদের সূচনা করবে।’

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ককে ‘অনন্য’ উল্লেখ করে দ্রৌপদী মুর্মু বলেন, যৌথ আত্মত্যাগের ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন ও বন্ধুত্বের উষ্ণ সম্পর্কের ওপর ভিত্তি করে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে উঠেছে। সম্প্রতি জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুব উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষাসহ নানা খাতে এ সম্পর্ক ক্রমাগত সম্প্রসারিত হয়েছে।

বার্তার শেষাংশে দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। সে সঙ্গে নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, সাফল্য এবং বাংলাদেশের জনগণের উত্তরোত্তর সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন ভারতের রাষ্ট্রপতি।

উল্লেখ্য, আজ বঙ্গভবনে শপথ নেওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার নিয়েছেন প্রবীণ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর।