হোম > বিশ্ব > ভারত

চিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা

আজকের পত্রিকা ডেস্ক­

পুলিশের বাধার পর কলকাতার পার্ক সার্কাসের কাছে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করে এনসিপি ইন্ডিয়া। ছবি: পিটিআই

বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হিন্দু ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার পার্ক সার্কাসের কাছে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন ও বিজেপি জোটের শরিক দল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)। এ সময় পুলিশি বাধা ডিঙিয়ে এগোতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে কলকাতা পুলিশের ব্যাপক ধস্তাধস্তির ঘটনা ঘটে।

আজ শনিবার কলকাতার বেকবাগান এলাকায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অদূরে পুলিশের স্থাপন করা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারী সন্ন্যাসী ও রাজনৈতিক কর্মীরা। পুলিশ তাঁদের আটকে দিলে সেখানে তীব্র উত্তেজনা তৈরি হয় এবং একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়।

পরবর্তী সময়ে ব্যারিকেড অতিক্রম করতে না পেরে বিক্ষোভকারীরা ডেপুটি হাইকমিশনের সামনের সড়কেই অবস্থান ধর্মঘটে বসেন। সেখানে তাঁরা কারারুদ্ধ চিন্ময় কৃষ্ণ দাসের (চিন্ময় প্রভু) দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবিতে জোরদার স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে উপযুক্ত বিচার ও সঠিক প্রক্রিয়া ছাড়াই এই চিন্ময় প্রভুকে কারাগারে আটকে রাখা হয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া এনসিপিআই-এর এক কর্মী বলেন, ‘কেবল হিন্দু ধর্মগুরু হওয়ার কারণে ইউনূস সরকার ও বর্তমান সরকারের আমলেও চিন্ময় প্রভুকে কারাবন্দী করে রাখা হয়েছে। তিনি কোনো সহিংসতায় যুক্ত ছিলেন না, এমনকি নিজের মায়ের মৃত্যুর পর শেষকৃত্যের জন্য তাঁকে প্যারোলে মুক্তি পেতে হয়েছিল। আমরা তাঁর অবিলম্বে মুক্তি দাবি করছি।’

উল্লেখ্য, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় নিবন্ধিত রাজনৈতিক দল ‘এনসিপিআই’ সম্প্রতি ভারতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের লোকসভার বেশ কয়েকজন বিদ্রোহী সংসদ সদস্য দল ত্যাগ করে এনসিপিআইতে একীভূত হন এবং কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে সমর্থন জানায়।

তথ্যসূত্র: পিটিআই