ভারতের শেয়ারবাজারে বড় ধরনের দরপতনে এক দিনেই ৩ লাখ কোটি রুপির বেশি বাজারমূল্য হারিয়েছে তালিকাভুক্ত কোম্পানিগুলো। আজ সোমবার দিনের শুরুতে ঊর্ধ্বমুখী থাকলেও পরে দ্রুত পতনের মুখে পড়ে দেশটির প্রধান শেয়ারবাজার সূচকগুলো। দিনের সর্বোচ্চ অবস্থান থেকে সেনসেক্স ১ হাজার ৬০০ পয়েন্টের বেশি কমে যায়। অন্যদিকে, নিফটি ৫০ নেমে আসে ২৫ হাজার ৬০০ পয়েন্টের নিচে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে টানা উত্থানের পর বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা, ব্যাংকিং খাতের শেয়ারে বিক্রির চাপ এবং যুক্তরাষ্ট্রের সুদের হার বাড়ার আশঙ্কাসহ কয়েকটি কারণে এই পতন হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে—গত শুক্রবার লেনদেন শেষে বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্সভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত বাজারমূল্য ছিল ৫ কোটি ১৪ লাখ ১৮ হাজার ২৭৫ কোটি রুপি। তবে সোমবার দুপুর ১২টা নাগাদ তা কমে দাঁড়ায় ৫ কোটি ১১ লাখ ১২ হাজার কোটি রুপিতে। এতে বাজারমূল্য কমে যায় ৩ লাখ কোটি রুপিরও বেশি। দুপুর ১২টা ২০ মিনিটে সেনসেক্স ৯৫৫ পয়েন্ট কমে ৮২ হাজার ৯৭২ পয়েন্টে নেমে আসে। একই সময়ে নিফটি ২৮০ পয়েন্ট হারিয়ে দাঁড়ায় ২৫ হাজার ৫১৯ পয়েন্টে।
বাজারের এই পতনের অন্যতম প্রধান কারণ বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়া বা প্রফিট বুকিং। চলতি মাসে ভারতীয় শেয়ারবাজারে উল্লেখযোগ্য উত্থান হয়েছে। প্রধান সূচকগুলো আগের রেকর্ড সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি পৌঁছেছিল। টানা চার সপ্তাহ দরবৃদ্ধির পর অনেক বিনিয়োগকারী আরও উত্থানের অপেক্ষায় না থেকে উচ্চমূল্যে শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন। এতে বাজারে বিক্রির চাপ বেড়ে যায়।
ব্যাংকিং খাতের শেয়ারেও ব্যাপক বিক্রি বাজারের পতনকে ত্বরান্বিত করেছে। এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কানাড়া ব্যাংক ও ব্যাংক অব বরোদার শেয়ারে উল্লেখযোগ্য বিক্রির চাপ দেখা যায়। এর প্রভাবে ব্যাংক নিফটি সূচকও তীব্রভাবে কমে যায়। প্রধান বাজারসূচকগুলোতে আর্থিক খাতের শেয়ারের বড় ধরনের প্রভাব থাকায় ব্যাংকিং খাতের এই দরপতন সামগ্রিক বাজারেও ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে।
এদিকে, যুক্তরাষ্ট্রের সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়েও বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আবারও সুদের হার বাড়াতে পারে, এমন আশঙ্কা বৈশ্বিক বাজারে বিনিয়োগকারীদের মনোভাব দুর্বল করেছে। যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়লে দেশটির সম্পদ বিদেশি বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এতে ভারতের মতো উদীয়মান অর্থনীতির শেয়ারবাজার থেকে বিদেশি বিনিয়োগের অর্থ অন্যত্র চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।
ভারতীয় রুপির দুর্বলতাও বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। মুদ্রার মান কমে গেলে আমদানি ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে। একই সঙ্গে রুপির অবমূল্যায়নের কারণে ভারতীয় সম্পদে বিনিয়োগ ধরে রাখার বিষয়ে বিদেশি বিনিয়োগকারীরা আরও সতর্ক হয়ে উঠতে পারেন।
বাজারের পতনের পেছনে কারিগরি বা টেকনিক্যাল কারণও রয়েছে। বিশ্লেষকদের মতে, নিফটি ৫০ মানসিকভাবে গুরুত্বপূর্ণ ২৬ হাজার পয়েন্টের স্তর অতিক্রম করে শক্ত অবস্থান তৈরি করতে ব্যর্থ হয়েছে। ওই স্তরের কাছাকাছি পৌঁছানোর পর বাজারের ঊর্ধ্বমুখী গতি কমে আসে। পাশাপাশি বিভিন্ন টেকনিক্যাল সূচকে শেয়ার অতিরিক্ত কেনার বা ‘ওভারবট’ পরিস্থিতির ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। এমন পরিস্থিতিতে অনেক ট্রেডার সাম্প্রতিক দরবৃদ্ধির সুযোগ নিয়ে শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেন।
তবে সোমবারের বড় দরপতন সত্ত্বেও বিশ্লেষকদের মতে, ভারতীয় শেয়ারবাজারের সামগ্রিক প্রবণতা এখনো ইতিবাচক রয়েছে। তবে আগামী দিনে বাজারের গতিপ্রকৃতি নির্ধারণে বৈশ্বিক সুদের হারসংক্রান্ত সংকেত, বিদেশি বিনিয়োগ তহবিলের প্রবাহ এবং নিফটি ৫০ আবারও ২৬ হাজার পয়েন্টের ওপরে উঠে ঊর্ধ্বমুখী গতি ফিরে পায় কি না, সেদিকে নজর রাখবেন বিনিয়োগকারীরা।