হোম > বিশ্ব > ভারত

৯২ হাজার টন গ্যাস নিয়ে হরমুজ প্রণালি পার হলো দুই ভারতীয় জাহাজ

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যে শিপিং করপোরেশন অব ইন্ডিয়ার (এসসিআই) দুটি বড় এলপিজি ট্যাংকার আজ সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, শিভালিক এবং নন্দা দেবী নামের ভারতীয় পতাকাবাহী এই জাহাজ দুটি এখন ভারতের গুজরাট উপকূলের পথে রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, জাহাজ দুটি মোট ৯২ হাজার ৭০০ মেট্রিক টন এলপিজি বহন করছে। শিডিউল অনুযায়ী, আগামী ১৬ ও ১৭ মার্চ জাহাজ দুটি গুজরাটের মুন্দ্রা এবং কান্ডালা বন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। এর একদিন আগে ভারতগামী আরও একটি জাহাজ নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছিল।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, এই জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নয়াদিল্লি ও তেহরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক তৎপরতা চলেছে। গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে সংকট শুরু হওয়ার পর থেকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে চার দফা ফোনালাপ করেছেন। এ ছাড়া গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা করেন।

বর্তমানে ভারত হরমুজ প্রণালির দুই পাশে আটকে থাকা আরও দুই ডজনেরও বেশি ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কাজ করছে। ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা জানিয়েছেন, ওমান থেকে আফ্রিকাগামী ‘জগ প্রকাশ’ নামের আরেকটি ভারতীয় ট্যাংকারও হরমুজ প্রণালির পূর্ব দিক থেকে যাত্রা শুরু করেছে।

প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী মোদি চলমান সংঘাত এবং বেসামরিক নাগরিকদের প্রাণহানিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন বলে জানা গেছে। ফোনালাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি উল্লেখ করেন, দেশের মানুষের নিরাপত্তা এবং পণ্য ও জ্বালানির নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করা এখন ভারতের শীর্ষ অগ্রাধিকার।

উল্লেখ্য, বর্তমানে পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক ও অন্যান্য জাহাজে প্রায় ২৩ হাজার ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন।

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। তবে ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর থেকে এই নৌপথে জাহাজ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। ইরানও এর প্রতিশোধ নিতে প্রতিবেশী তেল রপ্তানিকারক দেশগুলোর ওপর পাল্টা হামলা চালাচ্ছে। গত বুধবার সংযুক্ত আরব আমিরাত থেকে গুজরাটের কান্ডালা বন্দরের উদ্দেশে রওনা হওয়া একটি থাই পতাকাবাহী মালবাহী জাহাজ হামলার শিকার হয়।

ইরান যুদ্ধ: ভারতে এলপিজি ও জেট ফুয়েলের দাম বৃদ্ধি

ভোট গণনার আগে উত্তপ্ত পশ্চিমবঙ্গ: মধ্যরাতে ইভিএম কক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়

ঈশ্বরের কাছে প্রার্থনা, ভারত-বাংলাদেশ সম্পর্ক যেন না শোধরায়: আসামের মুখ্যমন্ত্রী

তামিলনাড়ু বিধানসভা নির্বাচন: থালাপতি বিজয়ের দলের চমকের পূর্বাভাস

পশ্চিমবঙ্গে নির্বাচন: বুথফেরত অধিকাংশ জরিপেই এগিয়ে বিজেপি

পশ্চিমবঙ্গে নির্বাচন: দ্বিতীয় দফার ভোট শুরু, একই আসনে লড়ছেন মমতা-শুভেন্দু

ভরপেট বিরিয়ানির পর তরমুজ, একে একে প্রাণ হারাল একই পরিবারের ৪ সদস্য

মুম্বাইয়ে বিরিয়ানি ও তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

এক বছরেও স্বাভাবিক হয়নি পর্যটন খাত