হোম > বিশ্ব > ইউরোপ

শিশু যৌন নির্যাতনের উপকরণ রাখার অভিযোগে মেগান মার্কেলের বাবা গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

মেগান মার্কেল (বায়ে) ও তাঁর বাবা থমাস মার্কেল সিনিয়র। ছবি: সংগৃহীত

ব্রিটিশ রাজপরিবারের পুত্রবধূ ডাচেস অব সাসেক্স মেগান মার্কেলের বাবা থমাস মার্কেল সিনিয়রকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। শিশু যৌন নির্যাতনসংক্রান্ত আপত্তিকর ছবি ও ভিডিও সংরক্ষণের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’।

প্রতিবেদন অনুযায়ী, আজ শুক্রবার (৬ নভেম্বর) ফ্লোরিডার লেকল্যান্ডে অবস্থিত মারাভিদা সিনিয়র লিভিং কেয়ার হোম থেকে ৮২ বছর বয়সী থমাস মার্কেলকে গ্রেপ্তার করা হয়। তবে এই বিষয়ে এফবিআই ও সংশ্লিষ্ট কেয়ার হোমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। মেগান মার্কেলের প্রতিনিধিও বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি।

এর আগে থমাস মার্কেলের বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি রাখা এবং শিশু যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। তাঁর ছেলে ও মেগানের সৎভাই থমাস মার্কেল জুনিয়র দাবি করেন, ফিলিপাইনে বাবার বাড়িতে তিনি শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত বিপুল পরিমাণ ছবি ও ভিডিও খুঁজে পেয়েছিলেন। এরপর তিনি বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান।

ফিলিপিনো কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ৩ নভেম্বর সেবু সিটিতে থমাসের বাড়িতে তল্লাশি চালিয়ে কম্পিউটার, মোবাইল ফোন ও বিভিন্ন সংরক্ষণযন্ত্র থেকে এই ধরনের ছবি উদ্ধারের অভিযোগ ওঠে।

এ ঘটনায় থমাস মার্কেল জুনিয়রকেও ফিলিপাইনের কর্তৃপক্ষ ‘পারসন অব ইন্টারেস্ট’ হিসেবে চিহ্নিত করেছে বলে জানা গেছে। এ ছাড়া মেক্সিকোর রোসারিতো বিচে থমাসের সাবেক একটি স্টোরেজ ইউনিটেও অভিযান চালানো হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইতিপূর্বে থমাস মার্কেল ‘মেইল অন সানডে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাপ্তবয়স্ক নারীদের সঙ্গে অর্থের বিনিময়ে যৌন সম্পর্কের কথা স্বীকার করলেও অপ্রাপ্তবয়স্ক কারও সঙ্গে যৌন সম্পর্ক কিংবা শিশু যৌন নির্যাতনসংক্রান্ত ছবি রাখার অভিযোগ অস্বীকার করেছিলেন।

গত ২৩ অক্টোবর এক বিবৃতিতে মেগান মার্কেল বলেন, তাঁর বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তাঁকে গভীরভাবে বিচলিত করেছে। তিনি জানান, এসব অভিযোগ তদন্তের বিষয়ে তাঁকে আশ্বস্ত করা হয়েছিল। মেগান বলেন, ‘যেসব শিশু ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে, আমার চিন্তা এখন তাদের নিয়ে।’

২০১৮ সালে প্রিন্স হ্যারির সঙ্গে বিয়ের আগে থেকেই বাবার সঙ্গে মেগানের সম্পর্ক বিচ্ছিন্ন। নিজের সন্তানদের সঙ্গে বাবার যোগাযোগ না রাখার সিদ্ধান্তের পেছনে শিশুদের সুরক্ষার বিষয়টি কাজ করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি। মেগান ও হ্যারির দুই সন্তান প্রিন্স আর্চি ও প্রিন্সেস লিলিবেট।

মেগানের এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, অভিযোগগুলো প্রকাশ্যে আসার ঘটনায় মেগান মানসিকভাবে বিপর্যস্ত। তবে যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটিত হবে বলে আশা করছেন মেগান ও তাঁর পরিবার।

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল—মামলা করলেন এক মালিক

ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় জামাতার পর স্ত্রীকেও নামিয়েছেন ট্রাম্প, শিগগির চুক্তির আশা

ধর্ষণ ও যৌন নিপীড়নে দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড—সাজা ঘোষণা ৯ নভেম্বর

ইউরোপজুড়ে অন্তত ২৫ যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি

হাতে ছাতা আর কালো পোশাকে পোপের বাড়ি গেলেন বব ডিলান

ইউক্রেনে রুশ হামলায় নিহত বেড়ে ৪০, মস্কো-কিয়েভ আলোচনা ১০ নভেম্বর

স্পেনে ট্রেন দুর্ঘটনা: ৬৯ প্রাণহানির ছয় দিন পর পরিবহনমন্ত্রীর পদত্যাগ

ইউরোপে সাতটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি

সাইবার হামলায় অকেজো ইউরোপের সাত দেশের সুপারমার্কেট ফ্রিজ

হ্যাকারের দখলে ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপ, পারমাণবিক হামলার ভুয়া বার্তা