ইরান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রসিকিউটরদের দাবি করা সুইডিশ অপরাধী চক্রের হয়ে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে নরওয়ের এক কিশোরকে যুক্তরাজ্যে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
জোহানেস নাটল্যান্ড নামের ওই তরুণের বর্তমান বয়স ১৯ বছর। ২০২৫ সালের মার্চে ইংল্যান্ডের উত্তরাঞ্চলীয় শহর হাডার্সফিল্ডের একটি হোটেলকক্ষ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, গুলিসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার লন্ডনের উলউইচ ক্রাউন কোর্টে তাঁকে এই সাজা দেওয়া হয়। মামলাটির পুনর্বিচারে গত জুলাইয়ে তিনি হত্যার ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত হন।
নাটল্যান্ড একটি সেমি-অটোমেটিক পিস্তল, একটি রিভলবার ও গুলি রাখার অভিযোগ স্বীকার করলেও হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি ছিল, পরিকল্পনাটি বাস্তবায়নের কোনো ইচ্ছা তাঁর ছিল না।
যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, অনলাইনে নাটল্যান্ডকে নিয়োগ করা হয়েছিল। এ কাজের জন্য তাঁকে ২৫ হাজার ইউরো দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও জানানো হয়।
প্রসিকিউটরদের দাবি, সুইডেনভিত্তিক সংগঠিত অপরাধী গোষ্ঠী ‘ফক্সট্রট নেটওয়ার্ক’ ইরান সরকারের হয়ে সহিংস কর্মকাণ্ড পরিচালনায় ব্যবহৃত হয়। ইউরোপে ইহুদি ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে গোষ্ঠীটিকে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার আওতায় এনেছে।
মেট্রোপলিটন পুলিশের কমান্ডার হেলেন ফ্লানাগান বলেন, ফক্সট্রট নেটওয়ার্কের কেউ নাটল্যান্ডকে এই কাজের দায়িত্ব দিয়েছিল বলে স্পষ্ট ইঙ্গিত রয়েছে। তবে এই নির্দিষ্ট হত্যাকাণ্ডের পরিকল্পনায় কাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, তা কখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় ইরানের সঙ্গে সরাসরি কোনো যোগসূত্রের প্রমাণও পাওয়া যায়নি বলে তিনি জানান।
আদালতের রায় অনুযায়ী, নাটল্যান্ডকে ২০ বছরের আটকাদেশ দেওয়া হয়েছে। সাজার দুই-তৃতীয়াংশ, অর্থাৎ ১৩ বছর চার মাস পূর্ণ করার আগে তাঁকে মুক্তির বিষয়টি বিবেচনা করা হবে না।
সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অনলাইনে নিয়োগের মাধ্যমে তরুণদের গুরুতর অপরাধে জড়িয়ে পড়ার একাধিক ঘটনা সামনে এসেছে। নাটল্যান্ডের মামলাটিও সেই প্রবণতার একটি উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।