হোম > বিশ্ব > ইউরোপ

কিলার রোবটদের রণক্ষেত্র হয়ে উঠছে ইউক্রেন

আজকের পত্রিকা ডেস্ক­

রণক্ষেত্র দাপিয়ে বেড়াচ্ছে অস্ত্রসজ্জিত রোবট। ছবি: টেনকোর

কল্পবিজ্ঞান বা সায়েন্স ফিকশন মুভির সেই দৃশ্যগুলো এখন ইউক্রেনের রণক্ষেত্রে বাস্তব হয়ে উঠছে। যেখানে একসময় রক্ত-মাংসের সৈনিকেরা পরিখায় লড়াই করত, সেখানে এখন দাপিয়ে বেড়াচ্ছে অত্যাধুনিক সশস্ত্র রোবট। রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযানের পর থেকে ইউক্রেন যুদ্ধ এখন একটি উচ্চ প্রযুক্তির সংঘাতে পরিণত হয়েছে। আকাশ ও সমুদ্রের পর এবার স্থলেও শুরু হয়েছে ‘কিলার রোবট’-এর আধিপত্য।

যুদ্ধের শুরুতে ড্রোন এবং মানববিহীন নৌযান (ইউএসভি) দিয়ে রাশিয়ার নৌবহরকে নাস্তানাবুদ করার পর ইউক্রেন এখন ব্যাপকভাবে ‘আনক্রুড গ্রাউন্ড ভেহিকল’ (ইউজিভি) বা স্থল রোবট মোতায়েন শুরু করেছে। ইউক্রেনীয় সামরিক ভাষায় একে বলা হচ্ছে ‘গ্রাউন্ড রোবট সিস্টেম’।

ইউক্রেনীয় সেনাবাহিনীর কে-২ ব্রিগেডের ইউজিভি ব্যাটালিয়নের কমান্ডার ওলেক্সান্ডার আফানাসিয়েভ বলেন, ‘রোবট যুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে।’

উল্লেখ্য, এটিই বিশ্বের প্রথম ইউজিভি ব্যাটালিয়ন। এই রোবটগুলো কালাশনিকভ মেশিনগান দিয়ে সজ্জিত এবং এমন সব দুর্গম এলাকায় অনায়াসেই প্রবেশ করছে যেখানে একজন পদাতিক সৈন্যের জীবন চরম ঝুঁকিপূর্ণ।

যুদ্ধক্ষেত্রে রোবটের সাফল্য

প্রতিবেদনে জানা গেছে, এই ঘাতক রোবটগুলো ইতিমধ্যে রুশ হামলা প্রতিহত করতে এবং এমনকি শত্রুপক্ষকে বন্দী করতেও সফল হয়েছে। কিছু ক্ষেত্রে মানুষের উপস্থিতি ছাড়াই দুই দেশের রোবটগুলোর মধ্যে সরাসরি সংঘর্ষের ঘটনাও ঘটেছে। ইউক্রেনের ৩৩তম ডিটাসড মেকানাইজড ব্রিগেডের ডেপুটি কমান্ডার ‘আফগান’ দাবি করেছেন, একটি মেশিনগান সজ্জিত ইউজিভি একা একটি রুশ সাঁজোয়া যানকে অ্যামবুশ করেছে এবং সপ্তাহব্যাপী একটি অবস্থান রক্ষা করেছে।

নৈতিকতা বনাম প্রযুক্তি

অত্যাধুনিক এই রোবটগুলো আংশিকভাবে স্বয়ংক্রিয় (Autonomous)। এগুলো নিজে থেকেই চলাফেরা করতে এবং শত্রু শনাক্ত করতে পারে। তবে যুদ্ধের নৈতিকতা এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের কথা মাথায় রেখে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত মানুষের হাতেই রাখা হয়েছে। ‘আফগান’-এর মতে, ‘রোবট ভুল মানুষকে শনাক্ত করতে পারে বা বেসামরিক নাগরিকদের ওপর হামলা করতে পারে, তাই গুলি চালানোর চূড়ান্ত সিদ্ধান্তটি একজন মানব অপারেটর ইন্টারনেটের মাধ্যমে নিরাপদ দূরত্ব থেকে গ্রহণ করেন।’

মানবশক্তির অভাব মেটাবে মেশিন

ইউক্রেন বর্তমানে মারাত্মক সৈন্য সংকটে ভুগছে। যুদ্ধের এই পর্যায়ে অভিজ্ঞ সৈন্য হারানো কিয়েভের জন্য বড় ক্ষতি। মেজর আফানাসিয়েভ বলেন, ‘ইউক্রেন রোবট হারানোর ঝুঁকি নিতে পারে, কিন্তু যুদ্ধ-প্রস্তুত সৈন্য হারানোর সামর্থ্য আমাদের নেই।’ এই বাস্তবতায় রোবটগুলো এখন রসদ সরবরাহ, আহত ব্যক্তিদের সরিয়ে নেওয়া ছাড়াও মাইন স্থাপন এবং সরাসরি সম্মুখ সমরে অংশ নিচ্ছে।

ইউক্রেনের সাবেক সেনাপ্রধান এবং বর্তমানে যুক্তরাজ্যে নিযুক্ত রাষ্ট্রদূত ভ্যালেরি জালুঝনি জানান, ভবিষ্যতে যুদ্ধ আরও যান্ত্রিক হয়ে উঠবে। তিনি লন্ডনের চ্যাথাম হাউসে এক বক্তৃতায় বলেন, ‘অদূর ভবিষ্যতে আমরা দেখব শত শত সস্তা ও বুদ্ধিমান রোবট এবং ড্রোন জল, স্থল ও আকাশ থেকে একসঙ্গে আক্রমণ করছে।’

রাশিয়ার পাল্টা প্রস্তুতি

পিছিয়ে নেই রাশিয়াও। তারা ‘কুরিয়ার’ (Kuryer) নামক এক প্রকার কমব্যাট ইউজিভি তৈরি করেছে, যা টানা ৫ ঘণ্টা চলতে পারে এবং এতে ফ্লেম-থ্রোয়ার ও ভারী মেশিনগান যুক্ত থাকে। এ ছাড়া ইউক্রেনীয় অবস্থানে বিস্ফোরণ ঘটাতে তারা ‘লিয়াগুশকা’ বা ‘ব্যাঙ’ নামক কামিকাজে রোবট ব্যবহার করছে।

ইউক্রেনীয় ইউজিভি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘টেনকোর’ জানিয়েছে, ২০২৫ সালে তারা ২ হাজার ইউজিভি তৈরি করেছে এবং ২০২৬ সালের মধ্যে এই চাহিদা ৪০ হাজারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিষ্ঠানের পরিচালক মাকসিম ভাসিলচেঙ্কো বিশ্বাস করেন, ভবিষ্যতে রোবটরা মানুষের রূপ ধারণ করে সরাসরি যুদ্ধে নামবে।

ইরানের ড্রোন মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা দেবে ইউক্রেন: জেলেনস্কি

বিপুল অর্থ ও সোনার বার জব্দ, হাঙ্গেরি থেকে বহিষ্কার ইউক্রেনের ৭ ব্যাংককর্মী

ইরানের হামলার পর ব্রিটিশ ঘাঁটি হটানোর দাবিতে সাইপ্রাসে বিক্ষোভ

ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে সংকট সমাধানে ট্রাম্পকে স্টারমারের পরামর্শ

তৃতীয় বিশ্বযুদ্ধ, পুতিনের পতন—২০২৬ নিয়ে আর কী বলেছিলেন বাবা ভাঙ্গা

সাইপ্রাস রক্ষায় নৌবহর পাঠাচ্ছে ইউরোপের দেশগুলো

ক্ষেপণাস্ত্রহীন অবস্থায় টানা ৩ সপ্তাহ লড়েছে ইউক্রেনের এফ–১৬ যুদ্ধবিমান

যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না স্পেন—উপ-প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ

রাশিয়ার তেল আসা বন্ধ, পাইপলাইন পরিদর্শন করতে দিতে ইউক্রেনকে ইইউর চাপ