ব্রিটেনের সাবেক সম্রাজ্ঞী রানি দ্বিতীয় এলিজাবেথের শৈশবে লেখা একটি চিঠি নিলামে উঠতে যাচ্ছে। হাতে লেখা এক পৃষ্ঠার এই চিঠিটির সম্ভাব্য দাম ধরা হয়েছে প্রায় ৪ হাজার পাউন্ড পর্যন্ত।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিবিসি জানিয়েছে, চিঠিটি লেখা হয়েছিল সেই সময়ের প্রিন্সেস এলিজাবেথের হাতে, যখন তাঁর বয়স ছিল আনুমানিক ১০ থেকে ১২ বছরের মধ্যে। নিলামকারীদের তথ্য অনুযায়ী, ১৯৩৬ থেকে ১৯৪০ সালের কোনো এক সময় তিনি কর্নওয়ালের প্রা স্যান্ডসে অবস্থানকালে চিঠিটি লেখেন। এটি পাঠানো হয়েছিল উইন্ডসরের রয়্যাল লজের প্রধান গৃহপরিচারিকা বিট্রিস স্টিলম্যানের কাছে।
চিঠির বিশেষত্ব হলো এর সরলতা ও শিশুসুলভ আবেগ। এক পৃষ্ঠার নোটটিতে কুকুর, ঘোড়া ও ছোট শিশুদের আঁকা ছবি রয়েছে। সেখানে ছোট্ট এলিজাবেথ জানতে চেয়েছেন, ‘পাখিরা ভালো আছে তো? আর গোল্ডফিশগুলো কি মারা গেছে?’ এ ছাড়া তিনি যে প্রিমরোজ ফুল তুলেছিলেন, তা রয়্যাল লজের কর্মীদের মধ্যে ভাগ করে দেওয়ার অনুরোধও করেন।
চিঠিটি বিক্রি করছে যুক্তরাজ্যভিত্তিক ‘হ্যানসন্স’ নিলাম সংস্থা। প্রতিষ্ঠানটির প্রতিনিধি জাস্টিন ম্যাথিউস জানিয়েছেন, তাঁর ২৭ বছরের আন্তর্জাতিক নিলাম জীবনে এত সুন্দর কিছু তিনি আগে দেখেননি। তাঁর ভাষায়, এটি অত্যন্ত ব্যতিক্রমধর্মী ও হৃদয়ছোঁয়া একটি দলিল।
আগামী ২৭ ফেব্রুয়ারি পেনশার্স্টে চিঠিটি নিলামে তোলা হবে। জানা গেছে, স্টিলম্যানের কাছে রাজপরিবারের সদস্যদের আরও কয়েকটি চিঠি সংরক্ষিত ছিল। এর মধ্যে প্রিন্সেস মার্গারেটের একটি চিঠিও রয়েছে, যেখানে তিনি নিজের সাঁতারের পোশাক দেখভাল করার অনুরোধ করেছিলেন।
১৯৪০ সালে এক বিমান হামলায় স্টিলম্যানের ভগ্নিপতি জন ডিকার নিহত হলে, কুইন মাদার তাঁর বিধবা বোন ও দুই কন্যাকে রয়্যাল লজে আমন্ত্রণ জানিয়েছিলেন, যাতে তারা রাজকন্যাদের সঙ্গে খেলতে পারে। বহু বছর পর, ২০২৪ সালে স্টিলম্যানের আত্মীয় উইলিয়াম ওয়েস্টাকট তাঁর মায়ের মৃত্যুর পর বিছানার নিচে রাখা একটি স্যুটকেস থেকে এই চিঠিগুলো খুঁজে পান।
ওয়েস্টাকট বলেন, তাঁরা জানতেন চিঠিগুলো আছে। কিন্তু সেগুলো হাতে নিয়ে পড়ার অভিজ্ঞতা ছিল অসাধারণ মুহূর্ত। তাঁর খালা রেনে রাজপরিবারের সঙ্গে দেখা করার স্মৃতি স্নেহভরে স্মরণ করতেন এবং রয়্যাল লজের বাগানে বড় একটি খেলাঘরে রাজকন্যাদের সঙ্গে খেলার কথা বলতেন।