হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার হামলায় ইউক্রেনে ৮ জনের মৃত্যু, ১০ লাখের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন

আজকের পত্রিকা ডেস্ক­

ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলায় ১০ লাখের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ছবি: সংগৃহীত

ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলায় অন্তত আটজন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। এ ছাড়া ১০ লাখের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। শুক্রবার ইউক্রেনের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

শুক্রবার দেশটির নয়টি অঞ্চলে হামলা চালানো হয়। পূর্বাঞ্চলীয় খারকিভ শহরের তিনটি জেলায় হামলায় ৭১ বছর বয়সী এক নারী ও ৫৮ বছর বয়সী এক পুরুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন। খারকিভের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ এ তথ্য জানিয়েছেন।

দোনেৎস্ক অঞ্চলের সম্মুখসারির শহর ক্রামাতোরস্কে দুইজন নিহত হয়েছেন। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলেও প্রাণ হারিয়েছেন আরও দুইজন।

পোল্যান্ডের সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় ভোলিন অঞ্চলে খাদ্য প্রক্রিয়াজাতকরণের একটি স্থাপনায় ড্রোন হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন বলে ওই অঞ্চলের গভর্নর রোমান রোমানিউক জানিয়েছেন।

ড্রোন হামলায় কোভেল শহরের একটি শুল্ক টার্মিনালেও আঘাত হানা হয়। এতে সেখানে প্রায় ১০টি ট্রাকে আগুন ধরে যায়। কিয়েভ থেকে পোল্যান্ডে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের পাশে অবস্থিত এই শহর।

রিভনে অঞ্চলে ড্রোন হামলায় একটি বড় শপিং সেন্টার ও অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দর কোভাল।

এ ছাড়া সম্মুখসারির কাছাকাছি অবস্থিত সুমি শহরের একটি শপিং সেন্টারেও হামলা হয়েছে।

শুক্রবারের হামলায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়া ১০ লাখের বেশি মানুষের বিদ্যুৎ সরবরাহ মেরামতকারী দলগুলো পুনরায় চালু করেছে বলে ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, ভোলিন অঞ্চলে প্রায় ৩ লাখ ৭০ হাজার পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। এর মধ্যে অন্তত এক লাখ পরিবারের বিদ্যুৎ সরবরাহ আবার চালু করা হয়েছে। অন্যদিকে আঞ্চলিক রাজধানী লুৎস্কে বিদ্যুৎবিভ্রাট অন্তত ২৪ ঘণ্টা স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন শহরটির মেয়র আন্দ্রি রাজুমোভস্কি।

এ ছাড়া রিভনে অঞ্চলেরও বড় একটি অংশ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শুক্রবার রাশিয়ার সামরিক বাহিনীর প্রধান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় বিমান হামলার অভিযান অব্যাহত রাখতে প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম ও সক্ষমতা বরাদ্দ করা হয়েছে।

এদিকে শুক্রবার জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেনে বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী, গত মাসে ইউক্রেনে অন্তত ৩২৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২ হাজার ১০৫ জন আহত হয়েছেন। ২০২৫ সালের সেপ্টেম্বরের তুলনায় এ সংখ্যা ৮৫ শতাংশ বেশি।

জাতিসংঘের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইউক্রেনে ২ হাজার ৫৭০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১৫ হাজার ২১১ জন আহত হয়েছেন। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা প্রায় ৬০ শতাংশ বেশি। ২০২৪ সালের একই সময়ের তুলনায় তা দ্বিগুণেরও বেশি।

ইউক্রেনে জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশনের প্রধান ড্যানিয়েল বেল বলেন, ‘অক্টোবরের প্রথম দুই সপ্তাহ কয়েক বছরের মধ্যে বেসামরিক মানুষের জন্য সবচেয়ে প্রাণঘাতী সময়গুলোর অন্যতম ছিল।’

ইউক্রেনে স্টারলিংকের ইন্টারনেট সীমিত করার নির্দেশ আসে হোয়াইট হাউস থেকে

যুক্তরাজ্যে ইরান-সংশ্লিষ্ট হত্যার ষড়যন্ত্র, নরওয়ের কিশোরের ২০ বছরের সাজা

বিপজ্জনক দিকে মোড় নিয়েছে আলবেনিয়ার ছাত্র আন্দোলন

যুক্তরাজ্যে কোকেন সেবনের পর অচেতন, দুবাইয়ের রাজবধূ কে এই মাহরাহ

কবুতরের সঙ্গে অভিনয়ে রাজি না হওয়ায় টাইসনের বিরুদ্ধে ১৫ লাখ পাউন্ডের মামলা

ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগে নারাজ প্রধানমন্ত্রী

ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে জেলেনস্কির, রুশ তেল শোধনাগারে আবারও হামলার ঘোষণা

রাতভর রাশিয়ার হামলায় কিয়েভে ৩ জনের মৃত্যু, ৬ লাখ মানুষ বিদ্যুৎহীন

গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় জাপানি সাংবাদিক গ্রেপ্তার

ইসরায়েলের কথায় সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স