হোম > বিশ্ব > ইউরোপ

মেলানিয়া, নাকি পোপ—কার মধ্যস্থতায় যুদ্ধ থামল ওলেশকিতে

আজকের পত্রিকা ডেস্ক­

ইউক্রেনের ওলেশকিতে যুদ্ধ থামানোর দাবিতে প্ল্যাকার্ড। ছবি: আল জাজিরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে অধিকৃত ইউক্রেনীয় শহর ওলেশকিতে মানবিক সহায়তা পৌঁছানো ও বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে এই যুদ্ধবিরতির মধ্যস্থতা কে করেছেন, তা নিয়ে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস ও ভ্যাটিকানের বক্তব্যে দেখা দিয়েছে ভিন্নতা। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দাবি, তাঁর উদ্যোগেই সম্ভব হয়েছে এই সমঝোতা। অন্যদিকে ভ্যাটিকানের বক্তব্য, পোপ চতুর্দশ লিওর কূটনৈতিক প্রচেষ্টাও যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) আল জাজিরা জানায়, গত শুক্রবার (২৩ অক্টোবর) এই যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়। এর আওতায় এক হাজারের বেশি বেসামরিক নাগরিককে সহায়তা দেওয়ার পাশাপাশি যাঁরা শহর ছেড়ে যেতে চান, তাঁদের নিরাপদে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসনের শুরুর দিকে দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের ওলেশকি শহরটি দখল করে নিয়েছিল রাশিয়া। এর পর থেকে শহরটি রুশ নিয়ন্ত্রণেই রয়েছে। যুদ্ধের ক্ষয়ক্ষতির পাশাপাশি ২০২৩ সালে কাছাকাছি কাখোভকা বাঁধ ধ্বংসের পর সৃষ্ট বন্যায়ও ক্ষতিগ্রস্ত হয় এই শহর। বর্তমানে সেখানে ১ হাজার ৭০০ থেকে দুই হাজার মানুষ বসবাস করছেন বলে যুক্তরাষ্ট্রের ধারণা। তাঁদের খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর তীব্র সংকট রয়েছে।

হোয়াইট হাউসের বিবৃতিতে মেলানিয়া বলেন, শহরটির পরিস্থিতি ভয়াবহ এবং তা বিপর্যয়ের দ্বারপ্রান্তে। তাঁর ভাষ্যমতে—বিদ্যুৎ-সংকট, স্থলমাইনযুক্ত সড়ক ও নিয়মিত সামরিক হামলার মধ্যে বসবাস করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁর হস্তক্ষেপ ছাড়া মানবিক সহায়তা পৌঁছানো ও বয়স্ক ব্যক্তিদের সরিয়ে নেওয়া সম্ভব হতো না বলেও দাবি করেন তিনি। দুই দেশের বেসামরিক প্রতিনিধিরা বাসিন্দাদের প্রয়োজন নির্ধারণ ও তাঁদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে সমন্বিতভাবে কাজ করবেন বলেও জানান মেলানিয়া।

তবে হোয়াইট হাউসের ঘোষণার পরদিন ভ্যাটিকানের সরকারি সংবাদপত্র লা ওসেরভাতোরে রোমানো জানায়, পোপের উদ্যোগে এই যুদ্ধবিরতির পথ তৈরি হয়েছে। ১৬ অক্টোবর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে ওলেশকির মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান পোপ লিও। খাদ্য ও চিকিৎসাসহায়তা পৌঁছাতে যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি। ১৯ অক্টোবর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেন পোপ। এর আগে সেপ্টেম্বরের শেষ দিকে পোপের বিশেষ দূত কার্ডিনাল মাত্তেও জুপ্পি মস্কো সফরে শহরটির পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

এদিকে ইউক্রেনের মানবাধিকারবিষয়ক সংসদীয় কমিশনার দিমিত্রো লুবিনেৎস যুদ্ধবিরতি সমন্বয়ে মেলানিয়া ও তাঁর দলের অবদানের জন্য প্রকাশ্যে কৃতজ্ঞতা জানান। রাশিয়াও সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছে। ক্রেমলিনের ভাষ্য, এই উদ্যোগ ভবিষ্যতে স্থানীয় পর্যায়ে আরও যুদ্ধবিরতির নজির তৈরি করতে পারে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পোপ লিওর সম্পর্ক আগে থেকেই উত্তেজনাপূর্ণ। ইরান যুদ্ধ নিয়ে পোপের সমালোচনার জবাবে ট্রাম্প তাঁকে দুর্বল ও রাজনীতিমুখী বলে আক্রমণ করেছিলেন।

এই বিরোধের রাজনৈতিক প্রভাবও গুরুত্বপূর্ণ। আগামী সপ্তাহে অনুষ্ঠেয় মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে ক্যাথলিক ভোটারদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে। পিউ রিসার্চ সেন্টারের জরিপ অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে ক্যাথলিকদের মধ্যে তাঁর প্রতি সমর্থনের হার ছিল ৪৭ শতাংশ, যা ২০২৬ সালের অক্টোবরে নেমে এসেছে ৩০ শতাংশে।

এই অবস্থায় ওলেশকির যুদ্ধবিরতি শুধু মানবিক উদ্যোগ নয়, ওয়াশিংটন ও ভ্যাটিকানের কূটনৈতিক প্রভাব এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির জন্যও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তবে যুদ্ধবিরতির কৃতিত্ব নিয়ে দুই পক্ষের ভিন্ন বক্তব্যের মধ্যে কার ভূমিকা কতটা নির্ণায়ক ছিল, তা স্পষ্ট নয়।

হঠাৎ সতর্কতায় যুক্তরাজ্যে পানি, ক্যানজাত খাবার ও রেডিও কিনতে ক্রেতাদের ভিড়

সার্বিয়ায় ১৪ বছরের ‘স্বৈরশাসনের’ পতন: সরকার গঠন ও আমলাতন্ত্র নিয়ে চ্যালেঞ্জের মুখে নেতৃত্বহীন ছাত্ররা

পুতিনের প্রাসাদ ঘিরে ৫০ আকাশ প্রতিরক্ষা ইউনিট, নতুন করে বসানো হয়েছে ১৫টি

সার্বিয়ায় প্রেসিডেন্ট ভুচিচের পতন, নির্বাচনে শিক্ষার্থীদের বিপুল জয়

২০৩০ সালের মধ্যে ব্রিটেনে হামলার সক্ষমতা অর্জন করতে পারে শত্রুরা: প্রতিরক্ষামন্ত্রী

ফ্রান্সে ৪ লাখ মানুষের বিক্ষোভ, বাড়ছে উত্তেজনা–সংঘর্ষ

ফ্রান্সে কড়া নিরাপত্তার মধ্যে লাখো মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার ১০০০

শিল্পীদের মাসিক ভাতা দিচ্ছে আয়ারল্যান্ড সরকার, শিল্পের জন্য কতটা উপকারী

ফের বিক্ষোভের প্রস্তুতি ফ্রান্সে, মাখোঁর পদত্যাগ দাবি

ইউক্রেনীয় সেনার শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান: নিজেই কাটেন নিজের পা, ফেরেন ড্রোনে ঝুলে