চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। অগ্নিকাণ্ডের পরপরই উদ্ধার তৎপরতা জোরদার ও আহত ব্যক্তিদের চিকিৎসার পাশাপাশি ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় সময় দুপুর ১২টা ৪ মিনিটে জিনজিয়াং শহরের চেনদাই টাউনশিপের জিয়াংতোউ গ্রামে অবস্থিত হুইতেং জুতার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ছুয়ানচৌ শহরের ফায়ার সার্ভিসের ১৮৩ জন উদ্ধারকর্মী ও ৩৫টি অগ্নিনির্বাপণ যান ঘটনাস্থলে পাঠানো হয়। পরে বিকেলের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কারখানাটি থেকে আগুন ও ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। ভবনের ছাদে আটকা কয়েকজন কর্মী সাহায্যের জন্য সংকেত দিচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা উদ্ধার অভিযানে একটি হেলিকপ্টারও অংশ নিতে দেখেছেন।
জিনজিয়াং শহরের চেনদাই চীনের অন্যতম বৃহৎ জুতা উৎপাদনকেন্দ্র। এখানকার কারখানাগুলো বছরে ১০০ কোটি জোড়ার বেশি জুতা উৎপাদন করে। বিশ্বের প্রতি পাঁচ জোড়া অ্যাথলেটিক জুতার মধ্যে প্রায় এক জোড়া উৎপাদিত হয় জিনজিয়াংয়ে।