হোম > বিশ্ব > চীন

রাজনৈতিক সম্মেলনের আগে ৯ শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাকে সরাল চীন

আজকের পত্রিকা ডেস্ক­

চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। ছবি: নিক্কেই এশিয়া

আগামী সপ্তাহে চীনে অনুষ্ঠেয় বৃহত্তম বার্ষিক রাজনৈতিক সমাবেশ ‘টু সেশনস’-এর ঠিক আগ মুহূর্তে দেশটির আইনসভা থেকে ১৯ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে নয়জনই সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা। চীনের শীর্ষ আইনসভা ‘ন্যাশনাল পিপলস কংগ্রেস’ (এনপিসি) স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে সম্প্রতি এই ঘোষণা দেওয়া হয়।

যদিও এই গণ-বহিষ্কারের কোনো আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি, তবে বিশ্লেষকেরা মনে করছেন, এটি প্রেসিডেন্ট সি চিনপিংয়ের দুর্নীতিবিরোধী কঠোর অভিযানেরই অংশ। বহিষ্কৃতদের তালিকায় রয়েছেন পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) গ্রাউন্ড ফোর্সের কমান্ডার লি চিয়াওমিং এবং নৌবাহিনীর সাবেক কমান্ডার শেন জিনলং। এ ছাড়া ইনার মঙ্গোলিয়া অঞ্চলের সাবেক পার্টি প্রধান সান শাওচং-সহ বেশ কয়েকজন প্রাদেশিক কর্মকর্তাও এই তালিকায় রয়েছেন।

কয়েক সপ্তাহ আগেই সি চিনপিং তাঁর অন্যতম ঘনিষ্ঠ মিত্র এবং সর্বোচ্চ র‍্যাঙ্কিংয়ের জেনারেল ঝাং ইউক্সিয়াকে পদচ্যুত করেন। ঝাং-এর বিরুদ্ধে ‘শৃঙ্খলা ও আইন লঙ্ঘনের’ গুরুতর অভিযোগ আনা হয়েছিল। চীনে সাধারণত দুর্নীতির সমার্থক হিসেবে এই ধরনের শব্দবন্ধ ব্যবহৃত হয়।

২০১৩ সালে ক্ষমতায় আসার পর থেকেই সি চিনপিং দুর্নীতিকে কমিউনিস্ট পার্টির জন্য ‘সবচেয়ে বড় হুমকি’ হিসেবে চিহ্নিত করেছেন। তাঁর বিখ্যাত ‘টাইগার্স অ্যান্ড ফ্লাইস’ অভিযানের মাধ্যমে তিনি উচ্চপদস্থ এবং নিম্নপদস্থ—উভয় স্তরের দুর্নীতিবাজ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করেছেন। তবে সমালোচকদের মতে, দুর্নীতির বিরুদ্ধে এই লড়াইকে সি অনেক সময় তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে দেওয়ার হাতিয়ার হিসেবেও ব্যবহার করেন।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরেও নয়জন শীর্ষ জেনারেলকে একইভাবে পদচ্যুত করা হয়েছিল। সামরিক বাহিনীর ওপর প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতেই এই ধারাবাহিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

আগামী ৪ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত বেইজিংয়ে অনুষ্ঠিত হবে ‘টু সেশনস’। এই সম্মেলনে ন্যাশনাল পিপলস কংগ্রেস এবং চায়নিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের হাজার হাজার প্রতিনিধি অংশ নেবেন। এই গুরুত্বপূর্ণ সমাবেশেই চীন সরকার তাদের পরবর্তী ‘পঞ্চবার্ষিকী পরিকল্পনা’ এবং বার্ষিক অর্থনৈতিক লক্ষ্যমাত্রা ঘোষণা করতে যাচ্ছে। এমন একটি স্পর্শকাতর সময়ের আগে শীর্ষ কর্মকর্তাদের সরিয়ে দেওয়া চীনের অভ্যন্তরীণ রাজনীতিতে এক বিশেষ তাৎপর্য বহন করে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

শুল্ক বাড়ালে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে চীন

মধ্যপ্রাচ্যের শান্তি-স্থিতিশীলতা রক্ষায় চীনা প্রেসিডেন্টের চার প্রস্তাব

তাইওয়ানের জন্য ১০ প্রণোদনা ঘোষণা চীনের, কী আছে এতে

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইরানকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে চীন

চীনে নতুন জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার কথা বললেন সি

‘শান্তি মিশন’ নিয়ে চীন যাচ্ছেন তাইওয়ানের বিরোধীদলীয় নেত্রী

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর গতিবিধির তথ্য বিক্রি করছে চীনা কোম্পানি

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় পাকিস্তানের প্রস্তাবে চীনের সমর্থন

সাগরতলের মানচিত্র বানাচ্ছে চীন, সাবমেরিন যুদ্ধের প্রস্তুতি

প্রায় ত্রুটিহীন ঘড়ি উদ্ভাবন করেছেন চীনা বিজ্ঞানীরা, ড্রোন যুদ্ধে বড় পরিবর্তনের আভাস