হোম > বিশ্ব > এশিয়া

টানা ১০ম বছরের মতো নিম্নমুখী জাপানের জন্মহার

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

টানা ১০ম বছরের মতো কমেছে জাপানের জন্মহার। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত সরকারি নথিতে দেখা যায়, ২০২৫ সালে দেশটির জনসংখ্যা শূন্য দশমিক ৪৭ শতাংশ হ্রাস পেয়েছে। ওই পরিসংখ্যানে জাপান ও জাপানের বাইরে বসবাসরত নাগরিক এবং দেশটিতে থাকা বিদেশিদের জন্মের তথ্য গণনা করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, চলতি মাসে জাপানের জনসংখ্যা ১২ কোটি ২৮ লাখ ৬০ হাজার। গত এক বছরে জনসংখ্যা প্রায় ৫ লাখ ৮০ হাজার কমেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত বছর জাপানে মোট ৭ লাখ ৫ হাজার ৮০৯টি শিশু জন্মগ্রহণ করেছে, যা ২০২৪ সালের তুলনায় ২ দশমিক ১ শতাংশ কম। এদিকে, ওই একই সময়ে বিবাহের সংখ্যা ১ দশমিক ১ শতাংশ বৃদ্ধি ও বিচ্ছেদের ঘটনা ৩ দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়েছে। গত বছর ৫ লাখ ৬ হাজার ৬৫৬টি যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এর বিপরীতে বিচ্ছেদের ঘটনা আছে ১ লাখ ৮২ হাজার ৯৬৯টি। ২০২৫ সালে দেশটিতে মৃত্যুবরণ করেছেন ১৬ লাখ ৫ হাজার ৬৫৪ জন, যা আগের বছরের তুলনায় শূন্য দশমিক ৮ শতাংশ কম।

জাপান বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ। অথচ দেশটি সবচেয়ে কম জন্মহারের সমস্যায় ভুগছে। ফলে জাপানে বয়স্ক জনসংখ্যার আকার একদিকে যেমন বড় হচ্ছে, অন্যদিকে কমছে কর্মক্ষম মানুষের সংখ্যা। ফলে করদাতার সংখ্যা হ্রাস পাচ্ছে। অথচ সামাজিক নিরাপত্তা খাতে সরকারে খরচ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। গত বছরের তথ্য অনুযায়ী, জাপানে শতবর্ষী বা তদূর্ধ্ব মানুষের সংখ্যা প্রায় লাখখানেক, যাদের প্রায় ৯০ শতাংশই নারী।

বিগত একাধিক সরকারপ্রধান জনসংখ্যার ধারা ঊর্ধ্বমুখী করার চেষ্টা করেও খুব একটা সফল হননি। গত সপ্তাহে পার্লামেন্টের এক ভাষণে বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, জন্মহার হ্রাস পাওয়া এক জরুরি অবস্থা সৃষ্টি করেছে। জনসংখ্যা এভাবে কমতে থাকলে দেশের জীবনীশক্তি হ্রাস পাবে।

সংকট সমাধানে বিভিন্ন পদ্ধতি যাচাই-বাছাই করা হচ্ছে। রাজধানী টোকিওতে স্থানীয় সরকার এক ডেটিং অ্যাপ চালু করেছে। সেখানে বিবাহে আগ্রহীরা আবেদন করতে পারেন। এ ছাড়া, শ্রম সংকট কমাতে অভিবাসন বৃদ্ধির উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন অনেকে। তবে জাপানে ইদানীং রাষ্ট্রীয় স্বার্থকে সবচেয়ে অগ্রাধিকার দিয়ে ‘জাপান ফার্স্ট’ মতবাদ জোরালো হচ্ছে। তাকাইচির নেতৃত্বাধীন সরকারও তাই কঠোর অভিবাসন নীতি প্রয়োগের অঙ্গীকার করেছে।

এভারেস্টে নিখোঁজ নেপালি শেরপাকে ৬ দিন পর জীবিত উদ্ধার, বাড়িতে চলছিল অন্ত্যেষ্টিক্রিয়া

এল নিনো: এশিয়াজুড়ে কৃষি সংকটের আশঙ্কা, বাড়ছে খাদ্য সরবরাহ ও মূল্যস্ফীতির উদ্বেগ

রাখাইনের শেষ ৩ টাউনশিপও দখলের পথে আরাকান আর্মি, সিতওয়ে-কিয়াউকফিউয়ে তীব্র যুদ্ধ

নতুন প্ল্যান্ট পরিদর্শনে কিম, ‘জ্যামিতিক হারে’ বাড়বে উ. কোরিয়ার পারমাণবিক অস্ত্র

অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত নরওয়ের রাজকুমারী থেকে দূরে থাকার নির্দেশ এক ব্যক্তিকে

এশিয়ার শীর্ষ ধনীর তালিকায় আম্বানিকে পেছনে ফেললেন টিকটক বিলিয়নিয়ার

কমার্শিয়াল ফ্লাইটে ৬৬ বছরের মধ্যে প্রথম নারী পাইলট পেল থাই এয়ারওয়েজ

অন্ধকার পেরিয়ে একদিন বাড়ি ফিরব—এভারেস্টজয়ী প্রথম আফগান নারী

আমাদের ভূখণ্ড ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না: মিয়ানমার

মস্কো–কাবুল সামরিক সহযোগিতা চুক্তি সই, ভারত–পাকিস্তানের ওপর এর প্রভাব কী