আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ইতিহাসে এই প্রথম কোনো সার্বভৌম রাষ্ট্রকে গণহত্যার অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আইসিজে রায় দিয়েছেন, ২০১৭ সালে মিয়ানমার দেশটিতে বসবাসকারী সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা চালিয়েছে।
আন্তর্জাতিক আইনে গণহত্যা বা জেনোসাইড প্রমাণ করা অত্যন্ত জটিল ও কঠিন কাজ হিসেবে বিবেচিত। চলুন জানার চেষ্টা করি, অত্যন্ত স্পর্শকাতর ও কঠিন এই আইনি প্রক্রিয়া অতিক্রম করে মিয়ানমারের বিরুদ্ধে কীভাবে গণহত্যার অপরাধ প্রমাণিত হলো।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের দ্বারা সংঘটিত হলোকাস্টের ভয়াবহতার পর ১৯৪৮ সালে জাতিসংঘে গণহত্যা কনভেনশন বা জেনোসাইড কনভেনশন গৃহীত হয়। মানবতাবাদী এই আইনের মাধ্যমে গণহত্যার সুনির্দিষ্ট আইনি সংজ্ঞা নির্ধারণ করা হয়।
সংজ্ঞানুযায়ী, কোনো একটি জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশে বা অভিপ্রায়ে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করাই হলো গণহত্যা।
আন্তর্জাতিক আইন অনুযায়ী, নিচের পাঁচটি অপরাধমূলক কাজের অন্তত একটি সংঘটিত হলেই তা গণহত্যার শামিল হয়।
১. কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সদস্যদের হত্যা করা।
২. তাঁদের গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি সাধন করা।
৩. সেই গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার উদ্দেশ্যে স্বাভাবিক জীবনযাত্রার ওপর ধ্বংসাত্মক ও কঠিন শর্ত আরোপ করা।
৪. ওই গোষ্ঠীর জন্ম বা বংশবৃদ্ধি রোধের ব্যবস্থা নেওয়া।
৫. এক গোষ্ঠীর শিশুদের জোরপূর্বক অন্য গোষ্ঠীতে স্থানান্তর করা।
হলোকাস্টের পর আন্তর্জাতিক আদালতে অল্প কিছু ঘটনায় গণহত্যা প্রমাণিত হয়েছে। এর মধ্যে রয়েছে ১৯৭০-এর দশকে কম্বোডিয়ায় খেমাররুজের শাসনামলে চাম ও ভিয়েতনামি সংখ্যালঘুদের গণহত্যা (প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু), ১৯৯৪ সালে রুয়ান্ডায় তুতসিনিধন এবং ১৯৯৫ সালে বসনিয়ার স্রেব্রেনিৎসায় প্রায় আট হাজার মুসলিম পুরুষ ও বালককে হত্যার ঘটনা।
যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের চেয়ে গণহত্যা প্রমাণ করা অনেক বেশি কঠিন। কারণ, এ ক্ষেত্রে প্রধান শর্ত হলো—অপরাধ সংঘটনের পেছনে একটি বিশেষ অভিপ্রায় বা উদ্দেশ্য প্রমাণ করতে হয়।
এই বিশেষ অভিপ্রায় দুই উপায়ে প্রমাণিত হতে পারে। প্রথমত, কোনো সামরিক কর্মকর্তা, শাসক বা সরকারি নির্দেশের সরাসরি নথি, দলিল কিংবা লিখিত বা মৌখিক বক্তব্য থেকে। দ্বিতীয়ত, নির্দিষ্ট কোনো অপরাধমূলক আচরণের ধারাবাহিক প্যাটার্ন বা ধরন বিশ্লেষণ করে স্বতঃসিদ্ধ অনুমানের ভিত্তিতে।
মিয়ানমারের ক্ষেত্রে আদালতকে নিশ্চিত হতে হয়েছে, ভুক্তভোগীরা একটি নির্দিষ্ট জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং সেই পরিচয়ের কারণেই সম্পূর্ণ নিধন করার উদ্দেশ্যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে।
আইসিজে এর আগে দুটি গণহত্যা মামলায় চূড়ান্ত রায় দিয়েছিলেন, যার দুটিই ছিল ১৯৯০-এর দশকে যুগোস্লাভিয়ার পতনের পর বলকান যুদ্ধ-সম্পর্কিত।
২০০৭ সালে আইসিজে রায় দেন, সার্বিয়া সরাসরি স্রেব্রেনিৎসা গণহত্যা ঘটায়নি। তবে সার্বিয়া স্রেব্রেনিৎসায় বসনীয় সার্ব সামরিক বাহিনীর সংঘটিত গণহত্যা প্রতিরোধ এবং অপরাধীদের শাস্তি দিতে ব্যর্থ হয়ে কনভেনশন লঙ্ঘন করেছে। এরপর ২০১৫ সালে আইসিজে রায় দেন, ক্রোয়েশিয়া এলাকায় গণহত্যা সংঘটিত হয়নি।
তবে জাতিসংঘের অন্যান্য বিশেষ ট্রাইব্যুনালে রুয়ান্ডা ও বসনিয়ার ঘটনার জন্য বহু অপরাধীকে গণহত্যার দায়ে দণ্ড দেওয়া হয়েছিল। এ ছাড়া ২০১৮ সালে কম্বোডিয়ার একটি বিশেষ ট্রাইব্যুনাল খেমাররুজের দুই নেতাকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেন।
২০১৭ সালে মিয়ানমার সামরিক বাহিনীর বর্বর দমন-পীড়নের ফলে ৭ লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা মুসলিম প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে বাংলাদেশে পালিয়ে আসে। ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা আদালতে এসে তাঁদের সাক্ষ্যে গণহারে মানুষ হত্যা, দলবদ্ধ ধর্ষণ ও বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ভয়াবহ ঘটনার বিবরণ তুলে ধরেন।
মিয়ানমার আদালতে আত্মপক্ষ সমর্থনের দাবি করেছিল, তাদের সামরিক অভিযান মূলত কোনো একটি সুনির্দিষ্ট জাতি বা রোহিঙ্গাদের ধ্বংস করার উদ্দেশ্যে ছিল না। এটি ছিল শুধুই বিদ্রোহী ও বিদ্রোহীদের আস্তানাকে লক্ষ্য করে চালানো ‘জঙ্গিবিরোধী অভিযান’। কিন্তু আন্তর্জাতিক আদালতের সংগৃহীত প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, স্যাটেলাইট চিত্র, মিয়ানমার বাহিনীর পরিকল্পিত ধারাবাহিক কার্যক্রম ও নির্বিচারে হাজার হাজার মানুষ হত্যার প্যাটার্ন বিশ্লেষণ করে আদালত মিয়ানমারের সেই দাবি খারিজ করে দেন। আদালত নিশ্চিত হন যে, এগুলো বিচ্ছিন্ন সামরিক ঘটনা নয়, বরং সুনির্দিষ্ট অভিপ্রায় নিয়ে চালানো ‘গণহত্যা’।
আইসিজে মিয়ানমারকে অবিলম্বে এসব অপরাধ বন্ধ করা, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়া ও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগে আইসিজেতে মামলা করে। ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, তাদের সামরিক অভিযান কোনো ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে নয়, কেবল হামাস যোদ্ধাদের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে। গাজা মামলার চূড়ান্ত রায়ের জন্য ২০২৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তবে আইনি বিশেষজ্ঞরা মিয়ানমারের মামলায় আইসিজের যুক্তিক্রম পর্যবেক্ষণ করছেন।
আইসিজে মিয়ানমারের ক্ষেত্রে স্পষ্ট করে বলেছেন—হাজার হাজার বেসামরিক মানুষ হত্যা করা, শত শত গ্রাম জ্বালিয়ে দেওয়া ও ব্যাপকভাবে যৌন সহিংসতা চালানো ‘সামরিক অভিযান’ নয়, সরাসরি গণহত্যা।
যেহেতু মিয়ানমার ও ইসরায়েল উভয় দেশই আইনি লড়াইয়ে দাবি করে আসছে যে, তারা সাধারণ জনগোষ্ঠীকে নয়, বিদ্রোহী বা সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে অভিযান চালাচ্ছে, তাই মিয়ানমারের ক্ষেত্রে আদালতের এই অবস্থান গাজার মামলাতেও রাষ্ট্রীয় দায়বদ্ধতা নির্ধারণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশ্বিক আইনি নজির হয়ে থাকবে।
তথ্যসূত্র: রয়টার্স