মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। দেশটির পোর্ট ডিকসনে একটি বাড়িতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নেগরি সেম্বিলান রাজ্যের পুলিশপ্রধান আলজাফনি আহমাদের বরাতে সংবাদমাধ্যমটি এ তথ্য জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা বলেন, গতকাল সোমবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে তামান লিঙ্গি এলাকার একটি বাড়িতে মারামারির ঘটনা ঘটেছে—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লিঙ্গি থানার একটি দল দ্রুত সেখানে গিয়ে ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে।
পরে তদন্তের একপর্যায়ে পুলিশ সুয়া মাঙ্গিস এলাকার একটি বাগান থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। একপর্যায়ে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।
আলজাফনি আহমাদ বলেন, নিহত তিন বাংলাদেশির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করা হয়। পরে তাঁকে চিকিৎসার জন্য রেমবাউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনায় জড়িত সবাই সহকর্মী ছিলেন এবং একই বাসায় বসবাস করতেন। পুলিশের ধারণা, একাধিক স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে থাকতে পারে। পুরো ঘটনার ধারাবাহিকতা ও সংঘর্ষের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড পাওয়া যায়নি। তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন জানাতে আজ মঙ্গলবার পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে।
পুলিশপ্রধান আলজাফনি আহমাদ বলেন, ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করা হচ্ছে।