হোম > বিশ্ব > এশিয়া

আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরিয়ে মধ্যপ্রাচ্যে নিচ্ছে যুক্তরাষ্ট্র—নিশ্চিত করলেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট

আজকের পত্রিকা ডেস্ক­

দক্ষিণ কোরিয়ায় মোতায়েন মার্কিন থাড এয়ার ডিফেন্স সিস্টেম। ছবি: ইয়ুনহাপ

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিউং গতকাল মঙ্গলবার নিশ্চিত করেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্র তাঁর দেশ থেকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে। লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

লি জে-মিউং তাঁর মন্ত্রিসভাকে বলেন, ‘আমাদের দেশের সামরিক প্রয়োজনে ব্যবহৃত কিছু মার্কিন আকাশ প্রতিরক্ষা অস্ত্র প্রত্যাহারের আমরা বিরোধিতা করি, তবে এটিও এক রূঢ় বাস্তবতা যে আমরা আমাদের মতামত সম্পূর্ণরূপে চাপিয়ে দিতে পারি না।’

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর মধ্যপ্রাচ্যকে সুরক্ষিত করতে যুক্তরাষ্ট্র যে পূর্ব এশিয়া থেকে গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরিয়ে নিতে বাধ্য হয়েছে, এই বিবৃতিটি তার প্রথম প্রকাশ্য নিশ্চিতকরণ।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট প্রথম খবর প্রকাশ করে, পেন্টাগন দক্ষিণ কোরিয়া থেকে ‘টার্মিনাল হাই অল্টিচিউড এরিয়া ডিফেন্স’ (থাড) সিস্টেমের অংশবিশেষ মধ্যপ্রাচ্যে সরিয়ে নিচ্ছে।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন গত সপ্তাহে জানিয়েছিলেন, দেশটি থেকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যাটারিগুলো মধ্যপ্রাচ্যে পুনঃস্থাপনের বিষয়ে সিউলের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র।

দক্ষিণ কোরিয়া পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ মিত্র এবং সামরিক অংশীদার। ইরানের বিপরীতে দক্ষিণ কোরিয়ার দীর্ঘদিনের শত্রু উত্তর কোরিয়ার কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের ষষ্ঠ বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং এই দুই দেশের মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিমাণ ইসরায়েল, তুরস্ক বা উপসাগরীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের যেকোনো অর্থনৈতিক সম্পর্কের চেয়ে অনেক বেশি।

এ ছাড়া মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশের সঙ্গে না থাকলেও দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি ‘পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’ রয়েছে। অর্থাৎ এক দেশ আক্রান্ত হলে অন্য দেশ তাকে রক্ষায় এগিয়ে আসবে।

ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মোকাবিলায় রক্ষণাত্মক সক্ষমতা বৃদ্ধির জন্য দক্ষিণ কোরিয়াই একমাত্র দেশ নয়, যেখান থেকে যুক্তরাষ্ট্র সরঞ্জাম সংগ্রহ করতে বাধ্য হয়েছে।

তুরস্ক মঙ্গলবার জানিয়েছে, দুটি ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর তাদের মালাত্যা প্রদেশে একটি অতিরিক্ত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করা হয়েছে। মিডল ইস্ট আই জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রগুলো মালাত্যায় অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ন্যাটো রাডার বেসকে লক্ষ্যবস্তু করার জন্য তুর্কি আকাশসীমা পরীক্ষা করে থাকতে পারে। খবরে বলা হয়েছে, নতুন মোতায়েন করা প্যাট্রিয়ট সিস্টেমগুলো জার্মানির ন্যাটোর রামস্টেইন বেস থেকে সরানো হয়েছে।

দক্ষিণ কোরিয়া থেকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরিয়ে নেওয়ার এই সিদ্ধান্তটি স্পষ্ট করে দেয়, যুক্তরাষ্ট্রের সক্ষমতা কতটা চাপের মুখে রয়েছে। মিডল ইস্ট আই প্রকাশ করেছে, যুক্তরাষ্ট্র তার উপসাগরীয় অংশীদারদের আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টরের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। কিছু উপসাগরীয় বিশ্লেষক মার্কিন সামরিক ঘাঁটির গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। কারণ, তাদের দেশগুলো ইরানের দ্বারা ক্রমাগত আঘাতপ্রাপ্ত হচ্ছে।

বিড়ম্বনার বিষয় হলো, ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘চিরস্থায়ী যুদ্ধ’ শেষ করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল। নীতিনির্ধারণী বিষয়ক আন্ডার সেক্রেটারি অব ওয়ার এলড্রিজ কোলবি মধ্যপ্রাচ্যে নিরাপত্তা প্রতিশ্রুতিগুলো পুনর্মূল্যায়নের পক্ষে কথা বলে পরিচিতি পেয়েছিলেন, যাতে যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ চীনের সঙ্গে প্রতিযোগিতার জন্য আরও ভালো অবস্থানে থাকতে পারে, যাকে ব্যাপকভাবে ওয়াশিংটনের একমাত্র প্রকৃত সমকক্ষ পরাশক্তি হিসেবে বিবেচনা করা হয়।

ইরানি নারী ফুটবলারদের নিয়ে রাজনীতি, অস্ট্রেলিয়ায় শেষ মুহূর্তে এক খেলোয়াড়ের মত পরিবর্তন

ফের বন্ধুত্বের হাত বাড়ানো যায়: হর্ষবর্ধন শ্রিংলা

জ্বালানি আশঙ্কায় থাইল্যান্ডে লিফটে না চড়া ও ঘরে বসে কাজের নির্দেশ

জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মীদের হোম অফিস দিচ্ছে থাইল্যান্ড ও ভিয়েতনাম

নেপালের পার্লামেন্টে তরুণদের জয়জয়কার, ৩৮ শতাংশ এমপির বয়সই ৪০-এর নিচে

নেপালে নির্বাচন: ওলিকে ইতিহাস গড়ে হারালেন বালেন্দ্র, নিরঙ্কুশ জয়ের পথে তাঁর দল

র‌্যাপার থেকে মেয়র, এবার কি নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পথে বালেন শাহ

এশিয়াজুড়ে তীব্র জ্বালানি উদ্বেগ

নেপালের নির্বাচন: জেন-জি আন্দোলনের নেতার হাত ধরে বাজিমাতের পথে ৪ বছর বয়সী দল

নেপালের নির্বাচন: এগিয়ে বালেন শাহর দল, পাত্তা পাচ্ছেন না ওলি