হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র বর্ষণ: হাইফায় নিহত ২, তেল আবিবে ব্যাপক ক্ষয়ক্ষতি

আজকের পত্রিকা ডেস্ক­

ইসরায়েলের গুরুত্বপূর্ণ দুটি শহরে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। ছবি: মাগেন ডেভিড আদম

ইসরায়েলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া গেছে। গতকাল রোববারের এই হামলায় উত্তরাঞ্চলীয় শহর হাইফায় একটি আবাসিক ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছে এবং এখনো দুজন নিখোঁজ রয়েছে।

অন্যদিকে, তেল আবিবসহ মধ্যাঞ্চলের অন্তত ১৫টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ইন্টারসেপ্টর ধ্বংসাবশেষ আছড়ে পড়ার খবর নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যমগুলো।

জর্ডানের আম্মান থেকে আল জাজিরার সাংবাদিকেরা জানিয়েছেন, হাইফা শহরে ইরানের ছোড়া একটি ভারী ক্ষেপণাস্ত্র সরাসরি একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আঘাত হানে। এতে ভবনটির অর্ধেক অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। উদ্ধারকারী দলগুলো সারা রাত ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের সন্ধানে তল্লাশি চালিয়ে দুজনের মৃতদেহ উদ্ধার করেছে। এখনো ওই একই পরিবারের আরও দুই সদস্য নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনটির বাকি অংশ অত্যন্ত নড়বড়ে অবস্থায় থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। হাইফা শহরটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এটি প্রায়ই ইরান ও লেবাননের হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে পরিণত হয়। উদ্ধারকাজ চলাকালীনও নতুন করে ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি করা হয়েছিল, যা পরে তুলে নেওয়া হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের প্রতিবেদন অনুযায়ী, মধ্যাঞ্চলীয় শহর পেতাহ তিকভায় ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের আঘাতে ৩৪ বছর বয়সী এক নারী গুরুতর আহত হয়েছেন। তেল আবিব এবং এর আশপাশের গাশ দান ও বেনি ব্রাক এলাকায় অন্তত ১৫টি স্থানে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার চিহ্ন পাওয়া গেছে। তেল আবিবের একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার ভিডিও ফুটেজও প্রকাশ করেছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিরশেবার কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প ও রাসায়নিক পার্কেও ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইসরায়েলি কর্তৃপক্ষের শঙ্কা, যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিলে এই ধরনের পেট্রোকেমিক্যাল ও রাসায়নিক প্ল্যান্টগুলো প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে, যা বড় ধরনের পরিবেশগত ও মানবিক বিপর্যয় ডেকে আনবে।

ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২-এর খবর অনুযায়ী, শুধু হাইফা শহরেই অন্তত ১০টি স্থানে ক্ষেপণাস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বেশ কিছু রাস্তায় আগুন ধরে যাওয়া এবং যানবাহন ভস্মীভূত হওয়ার চিত্র দেখা গেছে। আজ সোমবার ভোরেও ইরান থেকে তিনটি পৃথক দফায় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে শনাক্ত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। যদিও অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে, তবুও কিছু ক্ষেপণাস্ত্র জনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানতে সক্ষম হয়েছে।

‘শান্তি মিশন’ নিয়ে চীন যাচ্ছেন তাইওয়ানের বিরোধীদলীয় নেত্রী

রাতভর ফোনালাপ, পারস্য উপসাগরে শান্তির বার্তা

মার্কিন–ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দাপ্রধান নিহত

চীনকে নিয়ে হরমুজ নিয়ন্ত্রণ করবে ইরান! ভারতের জন্য বিপদ

হরমুজ খুলবে ইরান, টোল থেকে পুষিয়ে নেবে যুদ্ধের ক্ষতি

রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান: ইরানে সিআইএ ও স্পেশাল ফোর্সের ‘মিশন ইমপসিবল’

ইসরায়েলে আঘাতে সক্ষম ১০০০ ক্ষেপণাস্ত্র অবশিষ্ট ইরানের, হিজবুল্লাহর ১০ হাজার রকেট

ভূমধ্যসাগরে ফের নৌকাডুবি: বাংলাদেশিসহ উদ্ধার ৩২, নিখোঁজ অন্তত ৭০, ২ মরদেহ উদ্ধার

আজহারীর পর আহমাদুল্লাহর ভিসাও বাতিল করল অস্ট্রেলিয়া

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান