হোম > বিশ্ব

ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর একাধিক হামলায় নিহত ১, আহত বহু

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানি হামলায় ইসরায়েলের বেনি বারাক এলাকায় ক্ষতিগ্রস্ত একটি ভবন। ছবি: সংগৃহীত

ইসরায়েলজুড়ে আক্রমণের তীব্রতা বাড়িয়েছে ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তারা একযোগে উত্তর ইসরায়েল, রাজধানী তেল আবিবসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। এতে অন্তত এক নারী নিহত ও বহু মানুষ আহত হয়েছে। বিভিন্ন এলাকায় সম্পদেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অধিকৃত গালিল অঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলায় ২৭ বছর বয়সী নুরিয়েল দুবিন নামে এক নারী নিহত হন। মাহানাইয়িম জংশনের কাছে রকেট আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করে জরুরি সেবা সংস্থা মাজেন ডেভিড আদম।

একই সময়ে রোশ পিনা এলাকার দিকে প্রায় ৩০টি রকেট ছোড়ে হিজবুল্লাহ। ড্রোন হামলাও চালানো হয়। এতে উত্তরাঞ্চলজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। লেবাননে ইসরায়েলি বিমান হামলার প্রেক্ষাপটে এসব আক্রমণ বাড়ানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার সকালে ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় চারজন আহত হন। বহু ভবন ও সম্পদের ক্ষতি হয়। আগের রাতে ইরানের বিভিন্ন সরকারি স্থাপনায় ইসরায়েলি বিমান হামলার পর এই পাল্টা আক্রমণ চালানো হয়। গত সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উত্তর, দক্ষিণ ও মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে লাখো মানুষ বারবার আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হন। ইসরায়েলের বন্দরনগরী হাইফার একটি উপশহরেও একজন আহত হন।

একই দিনে মধ্য ইসরায়েলে ইরানের একটি ক্লাস্টার বোমা আঘাত হানে। বেনি বারাক শহরে একাধিক বিস্ফোরণে নয়জন আহত হন। তাদের মধ্যে ২৩ বছর বয়সী এক যুবকের অবস্থা মাঝারি গুরুতর। অন্যদের মধ্যে ৬ শিশু ও আশির কোঠায় থাকা এক নারীও রয়েছেন। তারা বিস্ফোরণে আহত হন।

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, তারা ইরানের ইস্পাহানে একটি গুরুত্বপূর্ণ বিস্ফোরক উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের বুশেহর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে বোমা হামলা চালিয়েছে।

অপর দিকে ইসরায়েলের নেগেভ মরুভূমির একটি অননুমোদিত বেদুইন গ্রামেও ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনজন আহত হন। আলসিরা গ্রামে চল্লিশোর্ধ্ব এক ব্যক্তি বিস্ফোরণের আঘাতে মাঝারি মাত্রায় আহত হন। ২৬ বছর বয়সী এক নারী ও দুই মাসের একটি শিশুও সামান্য আহত হয়। পরে ওই ব্যক্তির অবস্থা গুরুতর বলে জানানো হয়। ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ফলে পুরো অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বেসামরিক মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কাও বাড়ছে।

লেবাননের সার্বভৌমত্বে হাত দেওয়া যাবে না—ইসরায়েলকে কানাডা

যুদ্ধ বন্ধের আলোচনা নিয়ে ট্রাম্প ও ইরানের বিপরীত অবস্থান, কে সত্য বলছে

যুদ্ধ বন্ধে ট্রাম্পের ১৫ দফার বিপরীতে ইরানের ৫ কঠিন শর্ত

ইরানের সঙ্গে আলোচনার ডামাডোলের মধ্যেই মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠাচ্ছেন ট্রাম্প

যুদ্ধ শেষ করতে ইরানকে ১৫ দফার পরিকল্পনা দিয়েছেন ট্রাম্প, কী আছে এতে

তৃতীয়বার ট্রাম্পের ‘ধোঁকায় বোকা হতে চায় না’ ইরান

ফিলিপাইনে ১ বছরের জন্য ‘জ্বালানি জরুরি অবস্থা’ জারি

ট্রাম্পকে তেল-গ্যাস সংক্রান্ত ‘বড় উপহার’ দিয়েছে ইরান

বিপাকে পড়ে যুদ্ধ থামানোর পথ খুঁজছেন ট্রাম্প

কঠোর অবস্থানে ইরান, আলোচনায় দিতে পারে কঠিন শর্ত